মৃত সাবেক ছিটমহলের অস্থায়ী পুনর্বাসন শিবিরের বাসিন্দা ভুট্টু মিয়াঁর (৪০) দেহ বাংলাদেশের থাকা তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হল। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টা নাগাদ চ্যাংরাবান্ধা সীমান্তে ভুট্টু মিয়াঁর দেহ তাঁর স্ত্রী এবং পরিবারের অন্য সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। গত রবিবার কোচবিহার জেলা হাসপাতালে মেখলিগঞ্জের ত্রাণ শিবিরের ওই বাসিন্দার মৃত্যু হয়। এর পর থেকে তাঁর দেহ জেলা হাসপাতালের মর্গে ছিল। তিনি ভারতীয় সাবেক ছিটমহল বসকোটার বাসিন্দা। নভেম্বরে তিনি ত্রাণ শিবিরে আসেন। কিছুদিন ধরে তাঁর শারীরিক ও মানসিক অবসাদজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজেও একবার তাঁর চিকিৎসা করানো হয়েছে। গত ৬ জানুয়ারি ফের অসুস্থ হলে তাঁকে কোচবিহার জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। রবিবার তাঁর মৃত্যু হয়। শিবির সূত্রের খবর, তিনি একাই ওই শিবিরে এসেছেন। তাঁর স্ত্রী ও সন্তান-সহ পরিজনেরা ওপারেই রয়েছেন।