Advertisement
E-Paper

এখনও খোঁজ নেই নানুরের তৃণমূল নেতার, ফাঁড়ি ঘেরাও করে সিবিআই তদন্ত চাইল পরিবার

শুক্রবার রাত থেকে নিখোঁজ সিধাই গ্রামের বাসিন্দা তথা তৃণমূল নেতা বাবুলাল শেখ। তাঁর সন্ধান পাওয়ার দাবিতে রবিবার নানুরের বাসাপাড়া ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান সিধাই গ্রামের বাসিন্দাদের একাংশ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২২ ১৫:৫৩
নিখোঁজ তৃণমূল নেতা বাবুলাল শেখ। তা নিয়ে বাসাপাড়া ফাঁড়িতে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের একাংশের।

নিখোঁজ তৃণমূল নেতা বাবুলাল শেখ। তা নিয়ে বাসাপাড়া ফাঁড়িতে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের একাংশের। — নিজস্ব চিত্র।

বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়েছিলেন বীরভূমের নানুরের বাসাপাড়ার সিধাই গ্রামের তৃণমূল নেতা। শুক্রবার থেকে খোঁজ মিলছে না তাঁর। তাঁকে খুঁজে দেওয়ার দাবিতে এ বার বাসাপাড়ার পুলিশ ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখালেন তাঁর পরিবারের সদস্য এবং গ্রামবাসীদের একাংশ। পরে পুলিশ বুঝিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।

শুক্রবার রাত থেকে নিখোঁজ সিধাই গ্রামের বাসিন্দা তথা তৃণমূল নেতা বাবুলাল শেখ। তাঁকে খুঁজে দেওয়ার দাবিতে রবিবার নানুরের বাসাপাড়া ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান সিধাই গ্রামের বাসিন্দাদের একাংশ। সঙ্গে ছিলেন বাবুলালের পরিবারের সদস্যরাও। প্রায় ৩০ মিনিট ধরে চলে বিক্ষোভ। পরে পুলিশ বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ নিয়ে বাবুলালের দাদা সাবুলাল শেখ বলেন, ‘‘ভাই ৩৬ ঘণ্টা ধরে নিখোঁজ। সে জীবিত না মৃত আমরা জানি না। আমরা চাই পুলিশ ওকে খুঁজে বার করুক। প্রয়োজনে সিবিআই তদন্ত চাই আমরা। সেই জন্য আমরা থানা ঘেরাও করছি। এর পরেও পুলিশ ব্যবস্থা না নিলে আমরা পথ অবরোধ করব। গ্রামের লোকজন এবং পরিবারের সদস্যরা মিলে অবরোধ করব।’’

বিষয়টি নিয়ে বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী বলেন, ‘‘আমরা সবরকম ভাবে চেষ্টা চালাচ্ছি। এই ঘটনার সঙ্গে কী যোগ থাকতে পারে তা খতিয়ে দেখছি। দ্রুত আমরা খোঁজ পেয়ে যাব বলেই আশা করছি।’’

শুক্রবার বিকেল বাসাপাড়া যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন বাবুলাল। তার পর থেকে খোঁজ মিলছে না তাঁর। ওই রাতেই নানুরের বাসাপাড়ার সাঁতরাগ্রামের সাঁকোর কাছে তাঁর মোটরসাইকেল, মোবাইল ফোন এবং চটি পাওয়া যায়। তাঁর মোবাইল ফোন ছিল বন্ধ অবস্থায়।

TMC Missing
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy