জঙ্গলে পাতা কুড়াতে গিয়ে ধর্ষিতা হয়েছিলেন ৬৫ বছরের এক বৃদ্ধা। একা পেয়ে মুখে কাপড় গুঁজে ওই কাণ্ড ঘটিয়েছিল এক যুবক। সেই ঘটনায় অভিযুক্ত যুবক নিশি সর্দারকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনাল বিষ্ণুপুর আদালত। পুলিশ সূত্রের খবর, চলতি বছরের ১৫ মার্চ বিষ্ণুপুর থানার ভালকি গ্রামে ওই ঘটনাটি ঘটে। বৃদ্ধার বাড়ি ওই গ্রামেই। পরের দিন পেটে যন্ত্রণা হওয়ায় চিকিৎসার জন্য বিষ্ণুপুর হাসপাতালে ভর্তি করানো হয় ওই বৃদ্ধাকে। নির্যাতিতার ছেলে ভালকি লাগোয়া চিতরং গ্রামের বাসিন্দা নিশি সর্দারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে পুলিশ নিশিকে ধরে। বৃহস্পতিবার এই মামলাটি বিষ্ণুপুর আদালতে অতিরিক্ত দায়রা বিচারক দুর্গা খৈতানের এজলাসে ওঠে। মামলার সরকারি আইনজীবী গৌতমপ্রতিম সিংহদেব জানান, দোষী প্রমাণিত হওয়ায় বিচারক নিশিকে যাবজ্জীবন কারাবাস ও পাঁচ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন।