Advertisement
E-Paper

৬০ লক্ষ নাম বিবেচনাধীন, তার মধ্যে ২৪ লক্ষ মুসলিম অধ্যুষিত তিন জেলায়! দুই ২৪ পরগনায় ১০ লক্ষ পার, অন্যত্র কী ছবি?

খসড়া তালিকায় নাম ছিল ৭ কোটি ৮ লক্ষ ১৬ হাজার ৬৩০ জনের। বাদ পড়েছিল ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৯ নাম। ফলে সব মিলিয়ে শনিবার পর্যন্ত বাদের হিসাব দাঁড়িয়েছে ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৩৪
এসআইআর শুনানির লাইনে মানুষ।

এসআইআর শুনানির লাইনে মানুষ।

এসআইআর পর্বের পরে শনিবার বিকালে চূড়ান্ত ভোটার তালিকার আংশিক প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এই তালিকায় নতুন করে ৫ লক্ষ ৪৬ হজার ৫৩ জনের নাম বাদ গিয়েছে। তার পরেও কমিশনের বিবেচনাধীন রয়েছে ৬০ লক্ষের সামান্য বেশি ভোটারের নাম। রাতে কমিশন জেলাভিত্তিক তালিকা প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে এই ৬০ লক্ষের মধ্যে ২৪ লক্ষ নাম রয়েছে তিনটি জেলায়। মুর্শিদাবাদ, মালদহ এবং উত্তর দিনাজপুর। ঘটনাচক্রে এই তিনটি জেলাই সংখ্যালঘু অধ্যুষিত। যে অংশ শাসকদল তৃণমূলের ভোটের অন্যতম ভিত্তি।

কমিশনের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী মুর্শিদাবাদে বিবেচনাধীন রয়েছে ১১ লক্ষ ১ হাজার ১৪৫ জনের নাম। মালদহে সংখ্যাটা ৮ লক্ষ ২৮ হাজার ১২৭। আর উত্তর দিনাজপুরে ৪ লক্ষ ৮০ হাজার ৩৪১। এই তিন জেলায় মোট বিবেচনাধীনের সংখ্যা ২৪ লক্ষ ৯ হাজার ৬১৩। এ ছাড়াও দুই ২৪ পরগনাতেও বিপুল সংখ্যক মানুষের নাম রয়েছে কমিশনের আতশকাচের তলায়। উত্তর ২৪ পরগনায় বিবেচনাধীন রয়েছে ৫ লক্ষ ৯১ হাজার ২৫২ এবং দক্ষিণ ২৪ পরগনায় ৫ লক্ষ ২২ হাজার ৪২। দুই ২৪ পরগনার বিবেচনাধীন ভোটার সংখ্যা ১১ লক্ষ ১৩ হাজার ২৯৪।

অর্থাৎ এই পাঁচটি জেলায় যে পরিমাণ নাম বিবেচনাধীন তালিকায় রয়েছে, তা মোট নামের ৫০ শতাংশের বেশি। যা ভোটের হিসাবের ক্ষেত্রে ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করছেন অনেকে। শাসকদল তৃণমূল শনিবার রাত পর্যন্ত এ নিয়ে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া জানায়নি। ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরও কমিশন প্রদত্ত পরিসংখ্যান বিশ্লেষণের কাজ শুরু করে দিয়েছে। তবে তৃণমূলের অনেকেই একান্ত আলোচনায় জেলাভিত্তিক সংখ্যা দেখে উদ্বেগ গোপন করছেন না।

ঘটনাচক্রে, উত্তর ২৪ পরগনার বনগাঁ মহকুমা বাদ দিয়ে প্রায় সর্বত্রই তৃণমূল শক্তিশালী। আবার গোটা দক্ষিণ ২৪ পরগনাই কার্যত তৃণমূলের দখলে। কেবল গত বিধানসভা নির্বাচনে ভাঙড় বিচ্ছিন্ন দ্বীপ হিসাবে আবির্ভূত হয়েছিল। তৃণমূলের অনেকে মনে করছেন, তাঁদের শক্তিশালী দুর্গেই ৫০ শতাংশের বেশি নাম বিবেচনাধীন তালিকায় রাখা হয়েছে। আবার শাসকদলের অনেকে এত দ্রুত এ বিষয়ে মতামত দিতে রাজি নন। তাঁদের বক্তব্য, বিধানসভাভিত্তিক তালিকা দেখলে এবং আরও নিবিড় ভাবে বুথওয়াড়ি তথ্য ঘাঁটলে পুরো ছবি পরিষ্কার হবে।

তবে এ-ও প্রণিধানযোগ্য, এই ৬০ লক্ষ নাম বিবেচনাধীন। এর মধ্যে থেকে অনেক নাম যেমন একেবারে বাদ যাবে, তেমন অনেক নাম পরের দফার চূড়ান্ত তালিকায় প্রকাশ পাবে। ফলে এই পুরোটাকেই ‘বাদ’ হিসাবে ধরা ঠিক নয়। তবে রাজনৈতিক মহলের অনেকের বক্তব্য, এই ধরনের পরিসংখ্যানের ক্ষেত্রে প্রবণতা গুরুত্বপূর্ণ বিষয়। নাম বাদের ক্ষেত্রে জেলাভিত্তিক যে প্রবণতা দেখা গিয়েছে, আপাত ভাবে তা ‘অর্থবহ’ এবং ‘তাৎপর্যপূর্ণ’ বলে অভিমত অনেকের।

এছাড়াও উল্লেখযোগ্য সংখ্যায় নাম বিবেচনাধীন তালিকায় রয়েছে নদিয়া, পূর্ব বর্ধমান এবং কোচবিহারে। পূর্ব বর্ধমানে বিবেচনাধীন তালিকায় রয়েছে ৩ লক্ষ ৬৫ হাজার ৫৩৯, নদিয়ায় ২ লক্ষ ৬৭ হাজার ৯৪০ এবং কোচবিহারে ২ লক্ষ ৩৮ হাজার ১০৭। এ ছাড়া এক লক্ষের অধিক নাম বিবেচনাধীন তালিকায় রয়েছে এমম জেলার সংখ্যাও নেহাত কম নয়। তাতে রয়েছে জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূম।

খসড়া তালিকায় নাম ছিল ৭ কোটি ৮ লক্ষ ১৬ হাজার ৬৩০ জনের। বাদ পড়েছিল ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৯ নাম। ফলে সব মিলিয়ে শনিবার পর্যন্ত বাদের হিসাব দাঁড়িয়েছে ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২। ৬ নম্বর ফর্মের মাধ্যমে নতুন যুক্ত হয়েছে ১ লক্ষ ৮২ হাজার ৩৬ জনের নাম। ৮ নম্বর ফর্মের মাধ্যমে যুক্ত হয়েছে ৬ হাজার ৬৭১ জনের নাম। শনিবার প্রকাশিত তালিকা অনুযায়ী, রাজ্যের মোট ভোটার সংখ্যা ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪।

Minority votes SIR West Bengal SIR
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy