স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) মামলায় বয়সে ছাড় নিয়ে কলকাতা হাই কোর্ট যে নির্দেশ দিয়েছিল, তাতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিংহ জানিয়েছিলেন, ২০১৬ সালের নিয়োগপ্রক্রিয়ায় যাঁরা সুযোগ পাননি, তাঁরা নতুন নিয়োগপ্রক্রিয়ায় বয়সে ছাড় পাবেন। সেই নির্দেশই সুপ্রিম কোর্ট আপাতত স্থগিত রাখল। সোমবার শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।
২৬ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্ট জানিয়েছিল, যাঁরা দুর্নীতিতে যুক্ত বা দাগি নন (আনটেন্টেড), তাঁরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন এবং নির্ধারিত বয়ঃসীমা অতিক্রান্ত হয়ে গেলেও নতুন নিয়োগপ্রক্রিয়ায় যোগ দিতে পারবেন। এই যুক্তি দেখিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কয়েক জন চাকরিপ্রার্থী। ২০১৬ সালের নিয়োগপ্রক্রিয়ায় তাঁরা ছিলেন না। তবে তাঁদের বিরুদ্ধে কোনও দুর্নীতির অভিযোগও পাওয়া যায়নি। একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগপ্রক্রিয়ায় যোগ দিতে এই নতুন প্রার্থীরা বয়সে ছাড় চেয়েছিলেন। হাই কোর্টের বিচারপতি সিংহের বেঞ্চে সেই মামলার শুনানি হয়।
গত ১২ ডিসেম্বর এই সংক্রান্ত মামলায় হাই কোর্ট জানিয়েছিল, যাঁরা দুর্নীতিতে যুক্ত নন, তাঁদের নামের কোনও তালিকা এসএসসি আলাদা করে প্রকাশ করেনি। ফলে আপাতত যাঁদের নাম দাগি (টেন্টেড) তালিকায় নেই, তাঁদের ক্ষেত্রেও সুপ্রিম কোর্টের নির্দেশ প্রযোজ্য হবে। বয়সের কারণে তাঁদের কাউকে নিয়োগপ্রক্রিয়া থেকে বাদ দেওয়া যাবে না। এর পর মামলাটি সুপ্রিম কোর্টে যায়। সোমবার শীর্ষ আদালত এই মামলার সব পক্ষকে নোটিস জারি করেছে। আগামী মার্চ মাসে মামলার পরবর্তী শুনানি রয়েছে। তার আগে সব পক্ষকে আদালতে হলফনামা দিতে হবে।
দুর্নীতির অভিযোগে ২০১৬ সালের এসএসসি-র সমগ্র প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। তার ফলে প্রায় ২৬ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি গিয়েছে। আদালতের নির্দেশে নতুন করে নিয়োগপ্রক্রিয়া শুরু করেছে কমিশন। আদালত জানিয়েছিল, যাঁরা দাগি হিসাবে চিহ্নিত, তাঁরা নতুন প্রক্রিয়ায় যোগ দিতে পারবেন না। বেতনও ফেরত দিতে হবে। তবে দাগিদের তালিকায় যাঁদের নাম নেই, তাঁরা নতুন প্রক্রিয়ায় সুযোগ পাবেন। বয়সের ছাড়ও পাবেন। নতুন নিয়োগপ্রক্রিয়ায় নতুন প্রার্থী হিসাবে যাঁরা যোগ দিয়েছেন, আগে কখনও যাঁরা এসএসসি-র পরীক্ষা দেননি, তাঁদের বয়সের ছাড় দিয়েছিলেন বিচারপতি সিংহ। আপাতত তা স্থগিত হল।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ২০১৬ সালের এসএসসিতে নিয়োগের পুরো প্যানেল বাতিল করল সুপ্রিম কোর্ট। বলল, পুরো প্রক্রিয়ায় কারচুপি করা হয়েছে। ওই নিয়োগপ্রক্রিয়ার কোনও বিশ্বাসযোগ্যতা নেই।
- এসএসসি-র শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছিল। কলকাতা হাই কোর্ট এই সংক্রান্ত শুনানির পর ২০১৬ সালের সম্পূর্ণ নিয়োগপ্রক্রিয়াই বাতিল করে দিয়েছিল।
- রাজ্যের ২৬ হাজার চাকরি (আদতে ২৫,৭৫২) বাতিল করে প্রধান বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ জানিয়েছে, তিন মাসের মধ্যে নতুন নিয়োগপ্রক্রিয়া শুরু করতে হবে।
-
৭,২৯৩ জন দাগিরই পুরো তালিকা প্রকাশ করতে হবে! গ্রুপ সি, গ্রুপ ডি মামলায় এসএসসি-কে নির্দেশ হাই কোর্টের
-
নিয়োগ প্রক্রিয়া থেকে ‘দাগিদের’ বাদ দেওয়ার রায়কে চ্যালেঞ্জ, ডিভিশন বেঞ্চে রাজ্য এবং এসএসসি
-
নিয়োগ বিজ্ঞপ্তিতে সংশোধন এসএসসির, জেনারেলের মতোই আবেদন করতে হবে ওবিসিদের
-
আদালত অবমাননার আশঙ্কা, তাই নির্দেশ মতো পরীক্ষার বিজ্ঞপ্তি আইনি লড়াই চলবে, বললেন মমতা
-
উত্তরপত্রে কারচুপি থাকলে পরীক্ষায় বসতে পারবেন না, ‘অযোগ্য’দের আর্জি খারিজ করে জানাল সুপ্রিম কোর্ট