দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
আজ আইপ্যাক মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। দুপুরে বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের বেঞ্চে শুনানি রয়েছে। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্তে বাধা দেওয়ার অভিযোগে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল ইডি। তবে ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মৌলিক অধিকার নিয়ে মামলা করতে পারে কি না সেই প্রশ্ন তুলেছেন মমতার আইনজীবীরা। ইডির তরফ থেকে আজ সওয়াল করার কথা। এই অবস্থায় রাজ্য সরকার বদলের পরে সুপ্রিম কোর্টে কী হয় আজ সে দিকে নজর থাকবে।
আয় বহির্ভূত সম্পত্তি অর্জনের অভিযোগে গ্রেফতারের আশঙ্কায় কলকাতা হাই কোর্টের দ্বারস্থ রাজারহাট-গোপালপুরের তৃণমূল প্রার্থী অদিতি মুন্সি। তাঁর বিরুদ্ধে নির্বাচনী হলফনামায় আয়ের সঠিক তথ্য গোপন করার অভিযোগ উঠেছে। অদিতির স্বামী তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধেও আয় বহির্ভূত সম্পত্তি বানানোর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার মামলা দায়েরের অনুমতি দিয়েছিল হাই কোর্ট। আজ বেলা ১১টা নাগাদ ওই মামলার শুনানি হবে।
গতকাল দিল্লি গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ দিল্লিতে তাঁর সাক্ষাৎ হতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটাই শুভেন্দুর প্রথম রাজধানী সফর। প্রধানমন্ত্রীর পাশাপাশি, বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী।
কলকাতা পুরসভায় ‘ডামাডোল’-এর পরিস্থিতিতে কালীঘাটের বাড়িতে তৃণমূল কাউন্সিলরদের নিয়ে বৈঠক ডাকলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার পুর অধিবেশন বাতিল করে দিয়েছেন পুর কমিশনার স্মিতা পাণ্ডে। অন্য দিকে, মেয়র ফিরহাদ হাকিম-সহ মেয়র পারিষদদের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে পুর-প্রশাসনের। এমতাবস্থায় সদ্য ক্ষমতাচ্যুত তৃণমূলনেত্রী পরিস্থিতি সামাল দিতে বৈঠক ডেকেছেন।
আইপিএলে আজ সানরাইজার্স হায়দরাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ। দু’টি দলই প্লে-অফে উঠে গিয়েছে। তবু এই ম্যাচের গুরুত্ব একেবারেই কম নয়। প্রথম দু’টি স্থানে থেকে কারা প্লে-অফে যাবে, তা অনেকটাই নির্ধারণ করে দেবে এই ম্যাচ। কারণ, প্রথম দুইয়ে থাকা দল দু’টি ফাইনালে ওঠার জন্য বাড়তি একটি সুযোগ পাবে। আজ বিরাট কোহলির বেঙ্গালুরু জিতলে শীর্ষে থেকে শেষ করবে। হায়দরাবাদ জিতলে তাদের তাকিয়ে থাকতে হবে গুজরাত টাইটান্সের ম্যাচের দিকে। খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
সোনা পাপ্পুর মামলায় ব্যবসায়ী জয় কামদারকে গ্রেফতার করেছিল ইডি। তিনি এখন জেল হেফাজতে রয়েছেন। হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় শুক্রবার তাঁকে আদালতে হাজির করানো হবে। সোনা পাপ্পুর সঙ্গে সম্পর্কিত জমি দখল, সিন্ডিকেট সংক্রান্ত মামলায় প্রথম গ্রেফতার হয়েছিলেন জয়ই। পরে তাঁর সূত্র ধরে কলকাতা পুলিশের কর্তা শান্তনু সিংহ বিশ্বাসকে গ্রেফতার করা হয়। শেষমেশ ধরা পড়েছেন সোনা পাপ্পু স্বয়ং। তিনি এবং শান্তনু এখনও ইডি হেফাজতে রয়েছেন।
দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি চলবে। তবে সেই সঙ্গে বাড়বে অস্বস্তিকর গরমও। যদিও তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। আর্দ্রতার কারণেই কষ্ট বাড়বে। পশ্চিমের জেলাগুলিতে আগামী দিনে এই গরমের জন্য রয়েছে সতর্কতা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি হলেও এখনই মিলবে না স্বস্তি। উত্তরবঙ্গে আপাতত ঝড়বৃষ্টি থামছে না। কয়েক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে।