Advertisement
E-Paper

হিজাবহীন মহিলাকে পরিষেবা দিলেন কেন? চাকরি থেকে ছাঁটাই ইরানের ব্যাঙ্ক ম্যানেজার!

জুলাই থেকে ইরানের সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে হিজাব পরা বাধ্যতামূলক বলে নির্দেশ দিয়েছিলেন সে দেশের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। অভিযোগ, এর পর থেকে ইরান জুড়ে নীতি পুলিশদের চোখরাঙানি চলছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২২ ১৯:২৫
পুলিশি হেফাজতে থাকাকালীন মাহশা আমিনির মৃত্যুর অভিযোগে প্রতিবাদের আগুন জ্বলে উঠেছে ইরান-সহ বিশ্বের নানা প্রান্তে।

পুলিশি হেফাজতে থাকাকালীন মাহশা আমিনির মৃত্যুর অভিযোগে প্রতিবাদের আগুন জ্বলে উঠেছে ইরান-সহ বিশ্বের নানা প্রান্তে। —ফাইল চিত্র।

রাষ্ট্রের নির্দেশ অমান্য করে হিজাববিহীন এক মহিলাকে ব্যাঙ্কিং পরিষেবা দেওয়ার ‘অপরাধে’ ইরানের এক ব্যাঙ্ক ম্যানেজারকে চাকরি থেকে ছাঁটাই করা হল। রবিবার এ খবর জানিয়েছে সে দেশের স্থানীয় সংবাদ সংস্থা।

ইরানের মেহর নিউজ় এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, রাজধানী তেহরানের অদূরে কোওম প্রদেশের একটি ব্যাঙ্কে বৃহস্পতিবার হিজাব ছাড়াই ঢুকেছিলেন ওই গ্রাহক। তাঁকে পরিষেবা দেন ওই ব্যাঙ্কের ম্যানেজার। সমাজমাধ্যমে সে ছবি ছড়িয়ে পড়তেই তড়িঘড়ি ওই ম্যানেজারকে সরিয়ে দেওয়া হয়। কোওম প্রদেশের গর্ভনর আহমেদ হাজিজাদের নির্দেশেই এই পদক্ষেপ করা হয়েছে বলে তাঁকে উদ্ধৃত করে জানিয়েছে ওই সংবাদ সংস্থা। প্রশাসনের দাবি, সমাজমাধ্যমে ওই হিজাবহীন মহিলার ছবি ঘিরে বিরূপ প্রতিক্রিয়া হয়েছে।

প্রসঙ্গত, চলতি বছরের জুলাই থেকে ইরানের সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে হিজাব পরা বাধ্যতামূলক বলে নির্দেশ দিয়েছিলেন সে দেশের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। অতি রক্ষণশীল বলে পরিচিত রাইসির সেই নির্দেশ পালনে ইরান জুড়ে নীতি পুলিশদের চোখরাঙানি চলছে বলে অভিযোগ।

এমনকি, হিজাব ছাড়া তেহরানের রাস্তায় নামায় ২২ বছরের মাহশা আমিনিকে থানায় তুলে নিয়ে গিয়ে অত্যাচার করা হয় বলেও দাবি। ১৬ সেপ্টেম্বর পুলিশি হেফাজতে থাকাকালীন তাঁর মৃত্যুর পর প্রতিবাদের আগুন জ্বলে ওঠে ইরান-সহ বিশ্বের নানা প্রান্তে। ইরানের রাস্তায় নেমে বোরখা, হিজাব পুড়িয়ে, চুল কেটে বিক্ষোভ দেখান প্রতিবাদীরা। অভিযোগ, হিজাব-বিরোধীদের দমাতে দমননীতির প্রয়োগ করছে ইরান প্রশাসন। মানবাধিকার সংগঠন ‘ইন্টারন্যাশনাল হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট’ (আইএইচআরএম)-এর দাবি, পুলিশের দমননীতির জেরে ২ নভেম্বর পর্যন্ত আরও ৭২৭ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে ৪০টি শিশুও রয়েছে বলে দাবি আইএইচআরএম-এর।

Hijab Anti-Hijab Protests Iran
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy