Advertisement
E-Paper

‘ইরানের সঙ্গে আর ভালমানুষি নয়’! হরমুজ় নিয়ে তেহরানের উপর ক্ষুব্ধ ট্রাম্প, পাকিস্তানে ফের শান্তিবৈঠকে বসছে দু’পক্ষ

ইসলামাবাদে দ্বিতীয় পর্যায়ের শান্তিবৈঠকে বসছে আমেরিকা এবং ইরান। ট্রাম্প জানিয়েছেন, ইরানের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসার জন্য সোমবার সন্ধ্যায় পাকিস্তানে পৌঁছোচ্ছে মার্কিন প্রতিনিধিদল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২৬ ১৯:২৫
ডোনাল্ড ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প। —ফাইল চিত্র।

ইরানের সঙ্গে আর ভালমানুষি করবেন না ডোনাল্ড ট্রাম্প। রবিবার বিকেল ৫টা ৪০ মিনিটে (ভারতীয় সময় অনুসারে) সমাজমাধ্যমে একটি দীর্ঘ পোস্ট করেন ট্রাম্প। সেখানেই তিনি জানান, যে ভাবে হরমুজ় প্রণালী পুনরায় অবরুদ্ধ করে অন্য দেশের জাহাজ লক্ষ্য করে গুলি চালাচ্ছে ইরান, তা ভাল ভাবে নিচ্ছে না আমেরিকা। এই সূত্রেই ট্রাম্প ঘোষণা করেন, তিনি ইরানের সঙ্গে আর ভালমানুষি করতে চান না।

অন্য দিকে, পাকিস্তানের ইসলামাবাদে দ্বিতীয় পর্যায়ের শান্তিবৈঠকে বসতে চলেছে আমেরিকা এবং ইরান। ট্রাম্প জানিয়েছেন, ইরানের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসার জন্য সোমবার সন্ধ্যাতেই পাকিস্তানে পৌঁছে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল।

সমাজমাধ্যমের পোস্টে ট্রাম্প এ-ও জানিয়েছেন যে, সংঘাত থামাতে ইরানকে ‘খুবই স্বচ্ছ এবং যৌক্তিক বোঝাপড়ার’ প্রস্তাব দিয়েছে আমেরিকা। এই প্রস্তাবে সম্মত না-হলে ফের ইরানের বিদ্যুৎকেন্দ্র, সেতুতে হামলা করার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এই প্রসঙ্গে ট্রাম্প লিখেছেন যে, যদি ওরা বোঝাপড়ায় না আসে, তা হলে সম্মানের সঙ্গে সেটাই করব, যা করা প্রয়োজন। গত ৪৭ বছর ধরে এই কাজ অন্য মার্কিন প্রেসিডেন্টদের করার কথা ছিল।” তবে ইরানের বিরুদ্ধে ঠিক কোন কাজ করার কথা তিনি বলেছেন, তা স্পষ্ট করেননি।

Advertisement

আমেরিকার বিরুদ্ধে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করার অভিযোগ তুলে গত শনিবার থেকে ফের হরমুজ় অবরোধ করা শুরু করেছে। এই কাজ করে ইরান না-জেনেই আমেরিকাকে সাহায্য করছে বলে দাবি করেছেন ট্রাম্প। তিনি লিখেছেন, “আমাদের অবরোধে এমনিতেই হরমুজ় বন্ধ। ওরা (ইরান) না-জেনেই এই সংকীর্ণ প্রণালী অবরোধ করে আমাদের সাহায্য করছে।” এর ফলে প্রতি দিন ইরান প্রায় ৪৭৩০ কোটি টাকা (ভারতীয় মুদ্রায়) লোকসান করছে বলেও দাবি করেছেন ট্রাম্প।

তবে অবরুদ্ধ হরমুজ় ধরে যাওয়া জাহাজের উপর গুলি চালানোর জন্য ইরানকে আক্রমণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর মতে, ইরানের এই পদক্ষেপ যুদ্ধবিরতির শর্তকে লঙ্ঘন করছে। ইরান মূলত ফ্রান্স এবং ব্রিটেনের একটি জাহাজকে নিশানা করে গুলি চালিয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প। শনিবার হরমুজ় প্রণালী পেরোনোর সময় ভারতের একটি তেলবাহী ট্যাঙ্কারকে নিশানা করে গুলি চালানোর অভিযোগ ওঠে ইরানের বিরুদ্ধে। সেই ঘটনায় নয়াদিল্লিতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মোহাম্মদ ফাতালিকে তলব করল ভারতের বিদেশ মন্ত্রক। বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে বলা হয়, শনিবার সন্ধ্যায় ফাতালির সঙ্গে বৈঠক করেছেন ভারতের বিদেশ মন্ত্রকের সচিব বিক্রম মিস্রী। সেই বৈঠকে ভারতীয় জাহাজে হামলার বিষয় নিয়ে উদ্বেগপ্রকাশ করেন তিনি। বাণিজ্যিক জাহাজ এবং নাবিকদের নিরাপত্তার প্রতি ভারতের গুরুত্বের উপর জোর দেন বিক্রম। ট্রাম্প অবশ্য ভারতীয় জাহাজের উপর হামলার ঘটনার কথা উল্লেখ করেননি।

সংক্ষেপে
  • ইরানের বাহিনী তীব্র প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়ার পর সমাজমাধ্যমে নতুন বিবৃতি দিলেন ট্রাম্প। লিখেছেন, ‘‘ওরা নাকি বলেছে প্রত্যাঘাত করবে। সেটা করার সাহস যেন না দেখায়। যদি করে, আমরা এমন আঘাত করব যা আগে কখনও দেখা যায়নি।’’
  • আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। রবিবার সকালে তেহরান এই সংবাদ নিশ্চিত করেছে। তেহরানের রাস্তায় কান্নার রোল। মহিলারা খামেনেইয়ের ছবি হাতে রাস্তায় নেমেছেন। ইরান জানিয়েছে, প্রেসিডেন্ট-সহ তিন সদস্যের কাউন্সিলের হাতে আপাতত দেশ চালানোর ভার থাকবে।
  • শনিবার সকাল থেকে ইরানের উপর হামলা শুরু করেছিল ইজ়রায়েল। নেতানিয়াহু দাবি করেন, খামেনেই এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আমেরিকাও সেই হামলায় ইজ়রায়েলকে সমর্থন করেছে। ইজ়রায়েলি ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় মুহুর্মুহু ড্রোন, ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে তেহরান-সহ ইরানের বড় শহরগুলিতে। ইরান প্রত্যাঘাত করছে। পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের আবহ।
সর্বশেষ
৪৫ মিনিট আগে
US Iran Donald Trump
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy