Advertisement
E-Paper

নিহত ইরানের সামরিক গোয়েন্দাপ্রধান খাদেমি! যুদ্ধের মাঝে বিবৃতি তেহরানের, পশ্চিম এশিয়ায় আরও বাড়ছে অস্থিরতা

খাদেমির আগে ইরানের সামরিক বাহিনীর গোয়েন্দা শাখার প্রধান ছিলেন মহম্মদ কাজ়েমি। গত বছরের জুনে ইজ়রায়েলে হামলায় নিহত হন কাজ়েমি। এ বার হামলায় নিহত হলেন খাদেমিও।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৬ ১৩:৫৫
ইরানের সামরিক গোয়েন্দাপ্রধান মজিদ খাদেমি।

ইরানের সামরিক গোয়েন্দাপ্রধান মজিদ খাদেমি। —ফাইল চিত্র।

সংঘর্ষে নিহত হলেন ইরানের সামরিক গোয়েন্দাপ্রধান মজিদ খাদেমি। সোমবার ইরানের সরকারি সংবাদমাধ্যমে তাঁর মৃত্যুর জানানো হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনও তথ্য জানানো হয়নি। ফলে কোথায়, কী ভাবে তাঁর মৃত্যু হল, কোন দেশের হামলায় তিনি নিহত হয়েছেন— এই বিষয়গুলি প্রাথমিক ভাবে স্পষ্ট নয়।

খাদেমির আগে ইরানের সামরিক বাহিনীর গোয়েন্দা শাখার প্রধান ছিলেন মহম্মদ কাজ়েমি। গত বছরের জুনে ইজ়রায়েলে হামলায় নিহত হন কাজ়েমি। তার কয়েক দিন পরেই ইরানের রেভলিউশনারি গার্ড কোরের গোয়েন্দাপ্রধান করা হয় ব্রিগেডিয়ার জেনারেল খাদেমিকে। এক বছরের মধ্যে এ বার ইরানের সামরিক বাহিনীর নতুন গোয়েন্দাপ্রধানও নিহত হলেন সংঘর্ষে।

আলোচনায় বসার জন্য ইরানকে ধারাবাহিক ভাবে চাপ দিয়ে যাচ্ছে আমেরিকা। একই সঙ্গে চলছে সংঘর্ষও। ইজ়রায়েল এবং আমেরিকা দুই দেশের সঙ্গেই সংঘর্ষে জড়িয়ে রয়েছে ইরান। হামলা এবং পাল্টা হামলা দুই-ই চলছে। এ সবের মধ্যেই হরমুজ় প্রণালী খুলে দেওয়ার জন্য ইরানের জন্য নতুন করে সময়সীমা বেঁধে দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার রাত ৮টা (আমেরিকার সময় অনুযায়ী। ভারতীয় সময়ে বুধবার সকাল সাড়ে ৬টা) পর্যন্ত তিনি সময় দিয়েছেন ইরানকে।

হরমুজ় নিয়ে ইরান বোঝাপড়ার পথে না-গেলে আরও জোরালো হামলার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। ইরানের উদ্দেশে তিনি বলেছেন, “ওরা যদি দ্রুত বোঝাপড়ায় না-আসে, তা হলে আমি সব উড়িয়ে দেব আর তেলের দখল নেব।” আমেরিকার সঙ্গে আলোচনায় বসার কোনও ইঙ্গিত ইরান দেয়নি। তবে আমেরিকা, ইজ়রায়েল এবং পশ্চিম এশিয়ার কিছু সূত্রকে উদ্ধৃত করে মার্কিন সংবাদমাধ্যম ‘অ্যাক্সিওস’ দাবি করছে, আমেরিকা এবং ইরান আলোচনা চালাচ্ছে। প্রথম ধাপে ৪৫ দিনের জন্য সংঘাত স্থগিত রাখা যায় কি না, তা নিয়ে আলোচনা চলছে বলেও দাবি করা হয়েছে।

সংক্ষেপে
  • ইরানের বাহিনী তীব্র প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়ার পর সমাজমাধ্যমে নতুন বিবৃতি দিলেন ট্রাম্প। লিখেছেন, ‘‘ওরা নাকি বলেছে প্রত্যাঘাত করবে। সেটা করার সাহস যেন না দেখায়। যদি করে, আমরা এমন আঘাত করব যা আগে কখনও দেখা যায়নি।’’
  • আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। রবিবার সকালে তেহরান এই সংবাদ নিশ্চিত করেছে। তেহরানের রাস্তায় কান্নার রোল। মহিলারা খামেনেইয়ের ছবি হাতে রাস্তায় নেমেছেন। ইরান জানিয়েছে, প্রেসিডেন্ট-সহ তিন সদস্যের কাউন্সিলের হাতে আপাতত দেশ চালানোর ভার থাকবে।
  • শনিবার সকাল থেকে ইরানের উপর হামলা শুরু করেছিল ইজ়রায়েল। নেতানিয়াহু দাবি করেন, খামেনেই এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আমেরিকাও সেই হামলায় ইজ়রায়েলকে সমর্থন করেছে। ইজ়রায়েলি ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় মুহুর্মুহু ড্রোন, ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে তেহরান-সহ ইরানের বড় শহরগুলিতে। ইরান প্রত্যাঘাত করছে। পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের আবহ।
US Iran Tehran
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy