Advertisement
E-Paper

খামেনেইয়ের উত্তরসূরি বাছাই-বৈঠকে ঐকমত্য ইরানে! যাঁকেই বাছবে, তিনিই নিশানা হবেন, আবার হুঙ্কার দিল ইজ়রায়েলও

পরবর্তী সর্বোচ্চ নেতা বাছাই না-হওয়া পর্যন্ত ইরানে ওই দায়িত্ব পালন করছে তিন সদস্যের এক সর্বোচ্চ পরিষদ। ওই পরিষদে রয়েছেন সে দেশের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ান, ইরানের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গোলাম হোসেন মোহসেনি এবং ধর্মীয় নেতা আলিরেজ়া আরাফি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৬ ১৬:৫১
(বাঁ দিকে) ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই (ডান দিকে)।

(বাঁ দিকে) ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই (ডান দিকে)। —ফাইল চিত্র।

পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা কে হবেন, তা নিয়ে ইতিমধ্যে সিংহ ভাগের ঐকমত্যে পৌঁছে গিয়েছে ইরান। এমনটাই জানাচ্ছে সংবাদসংস্থা রয়টার্স। যদিও কিছু ক্ষেত্রে এখনও প্রতিবন্ধকতা রয়ে গিয়েছে। এরই মধ্যে ইরানকে ফের হুঁশিয়ারি দিয়ে রাখল ইজ়রায়েল। জানিয়ে দিল, আয়াতোল্লা আলি খামেনেইয়ের উত্তরসূরি হিসাবে যাঁকেই বেছে নেওয়া হবে, তাঁকেই নিশানা করবে ইজ়রায়েলি সেনা।

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা বাছাইয়ের দায়িত্বে রয়েছে ‘অ্যাসেম্বলি অফ এক্সপার্টস’। পরবর্তী সর্বোচ্চ নেতাকে বেছে নেওয়ার জন্য রবিবারই একটি বৈঠকে বসে ওই পরিষদ। এর পরেই স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে রয়টার্স জানায়, ‘অ্যাসেম্বলি অফ এক্সপার্ট্‌স’-এর সিংহ ভাগ সদস্যই ঐকমত্যে পৌঁছে গিয়েছেন। যদিও কাকে বেছে নেওয়ার বিষয়ে এই ঐকমত্যে ইরান, তা এখনও প্রকাশ্যে আসেনি। অনুমান করা হচ্ছে, যুদ্ধ পরিস্থিতির কারণেই সম্ভাব্য উত্তরসূরির নাম গোপনে রাখা হচ্ছে।

ঘটনাচক্রে, ওই বৈঠকের মাঝেই তেহরানকে হুঁশিয়ারি দিয়েছে তেল আভিভ। ইজ়রায়েলি সামরিক বাহিনী ফার্সি ভাষায় বিবৃতি দিয়েছে, যিনিই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হতে চাইবেন, তাঁকেই নিশানা করবে ইজ়রায়েল। এই নিয়ে মধ্যে গত এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় বার তেহরানকে এমন হুঁশিয়ারি দিল ইজ়রায়েল।

Advertisement

পরবর্তী সর্বোচ্চ নেতা বাছাই না-হওয়া পর্যন্ত ইরানে সর্বোচ্চ নেতৃত্বের দায়িত্বে রয়েছে তিন সদস্যের এক পরিষদ। ওই পরিষদে রয়েছেন সে দেশের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ান, ইরানের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গোলাম হোসেন মোহসেনি এবং ধর্মীয় নেতা আলিরেজ়া আরাফি। খামেনেইয়ের হাতে একক ভাবে যে ক্ষমতা ছিল, আপাতত সেই ক্ষমতা রয়েছে এই অন্তর্বর্তী পরিষদের উপরেই।

সম্প্রতি ইরানের একটি সংবাদমাধ্যম দাবি করে, সে দেশের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসাবে খামেনেইয়ের দ্বিতীয় পুত্র মোজতবা খামেনেইকে বেছে নেওয়ার বিষয়ে আলোচনা শুরু হয়েছিল। যদিও পরবর্তী সময়ে এ বিষয়ে আর বিশেষ কিছু তথ্য প্রকাশ্যে আসেনি। তবে ওই খবর ছড়িয়ে পড়ার পর পরই তেহরানকে হুঁশিয়ারি দিয়েছিল তেল আভিভ। ইজ়রায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজ়রায়েল কাট্‌জ় জানান, পরবর্তী ধর্মীয় নেতার নাম যা-ই হোক, কিংবা তিনি যেখানেই লুকিয়ে থাকুন, তাঁকে হত্যা করা হবে। এ বার ফের সেই হুঁশিয়ারিই দিয়ে রাখল তেল আভিভ।

গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। তার পর থেকে গোটা পশ্চিম এশিয়ায় ছড়িয়ে পড়েছে সামরিক উত্তেজনা। এ অবস্থায় রবিবারই আমেরিকাকে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ইরানের নিরাপত্তাপ্রধান আলি লারজানি। জানিয়ে রেখেছেন, খামেনেই হত্যার মূল্য চোকাতে হবে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে।

সংক্ষেপে
  • ইরানের বাহিনী তীব্র প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়ার পর সমাজমাধ্যমে নতুন বিবৃতি দিলেন ট্রাম্প। লিখেছেন, ‘‘ওরা নাকি বলেছে প্রত্যাঘাত করবে। সেটা করার সাহস যেন না দেখায়। যদি করে, আমরা এমন আঘাত করব যা আগে কখনও দেখা যায়নি।’’
  • আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। রবিবার সকালে তেহরান এই সংবাদ নিশ্চিত করেছে। তেহরানের রাস্তায় কান্নার রোল। মহিলারা খামেনেইয়ের ছবি হাতে রাস্তায় নেমেছেন। ইরান জানিয়েছে, প্রেসিডেন্ট-সহ তিন সদস্যের কাউন্সিলের হাতে আপাতত দেশ চালানোর ভার থাকবে।
  • শনিবার সকাল থেকে ইরানের উপর হামলা শুরু করেছিল ইজ়রায়েল। নেতানিয়াহু দাবি করেন, খামেনেই এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আমেরিকাও সেই হামলায় ইজ়রায়েলকে সমর্থন করেছে। ইজ়রায়েলি ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় মুহুর্মুহু ড্রোন, ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে তেহরান-সহ ইরানের বড় শহরগুলিতে। ইরান প্রত্যাঘাত করছে। পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের আবহ।
US Iran
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy