পশ্চিম এশিয়ার বাতাসে বারুদের গন্ধ। যুদ্ধ পরিস্থিতিতে কার্যত বন্ধ হয়ে গিয়েছে বিমান পরিষেবা। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানের উপর ইজ়রায়েল-আমেরিকার যৌথ বিমান হামলা (যার পোশাকি নাম যথাক্রমে ‘অপারেশন লায়নস রোর’ এবং ‘অপারেশন এপিক ফিউরি’) এবং তার জবাবে তেহরানের ক্ষেপণাস্ত্র হানার জেরে পশ্চিম এশিয়ার বিশ্বের বিভিন্ন প্রান্তের সংযোগরক্ষাকারী অন্তত ৬০০০ উড়ান বাতিল হয়েছে।
হানাদারি-পাল্টা হানাদারি শুরুর পরেই ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরশাহি, বাহরিন, কাতার ও জর্ডন সাময়িক ভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছিল। এর সরাসরি প্রভাব পড়েছে বিমান চলাচলে। পশ্চিম এশিয়ার কারণে লক্ষাধিক যাত্রী বিমানবন্দর ও হোটেলে আটকে পড়েছেন বলে পশ্চিম এশিয়ার বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে। কবে আবার বিমান পরিষেবা স্বাভাবিক হবে সে সম্পর্কে কোনও নির্দিষ্ট ঘোষণা নেই সোমবার বিকেল পর্যন্ত। তবে কয়েকটি বিমান চলাচল করেছে বলে জানা গিয়েছে।
পশ্চিম এশিয়ার আকাশপথ বন্ধ থাকায়, একাধিক আন্তর্জাতিক বিমানসংস্থা অনির্দিষ্ট কালের জন্য অঞ্চলটির ভিতরে ও উপর দিয়ে তাদের ফ্লাইট পরিচালনা স্থগিত করেছে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ‘ফ্লাইট অ্যাওয়ার’-এর তথ্য অনুযায়ী, পশ্চিম এশিয়ার এমিরেটস, ইতিহাদ এয়ারওয়েজ়, ফ্লাই দুবাই এবং কাতার এয়ারওয়েজ় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। মোট ৬,০০০-এরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে। এমিরেটস সর্বাধিক ৪৮৫টি ফ্লাইট বাতিল করেছে, আর ইতিহাদ এয়ারওয়েজ়, ফ্লাই দুবাই এবং কাতার এয়ারওয়েজ় যথাক্রমে ১৯০, ১৮১ এবং ১০৬টি ফ্লাইট বাতিল করেছে, ভারতীয় সময় (আইএসটি) দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত। দোহা, দুবাই এবং আবুধাবির মতো গন্তব্যে যাত্রী পরিবহণকারী স্বল্পমূল্যের ভারতীয় বিমান সংস্থা ‘ইন্ডিগো’ পশ্চিম এশিয়ার বাইরের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সংস্থা, যার এখন পর্যন্ত ১২৯টি ফ্লাইট বাতিল হয়েছে। এর পরেই রয়েছে এয়ার ইন্ডিয়া, যারা ২৮টি ফ্লাইট বাতিল করেছে।
আমেরিকা-ইজ়রায়েলের হামলার জবাবে ইরান সংযুক্ত আরব আমিরশাহিতে হামলা চালানোর পর বন্ধ হয়ে যাওয়া দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে সবচেয়ে বেশি ফ্লাইট বাতিল হয়েছে। সোমবার দুপুর পর্যন্ত ওই বিমানবন্দরের ৪৩৫টি উড়ান এবং ৩৯৫টি অবতরণ বাতিল করা হয়েছে। একই ভাবে, আবুধাবি বিমানবন্দরে ১২১টি উড়ান এবং গন্তব্য হিসাবে ১২৩টি অবতরণ বাতিল হয়েছে। যাতায়াতকারী অধিকাংশ উড়ান ও অবতরণ বাতিল হওয়ায় সংযুক্ত আরব আমিরশাহি সরকার আটকে পড়া নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে পরামর্শ দিয়েছে। দুবাই কর্তৃপক্ষ হোটেলগুলোকে নির্দেশ দিয়েছেন, যেন বিমান ভ্রমণে বাতিল বা বিলম্বের কারণে ক্ষতিগ্রস্ত পর্যটকদের প্রয়োজনীয় সব সহায়তা প্রদান করা হয়।
ভারতীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রক পশ্চিম এশিয়া এবং পশ্চিম এশিয়া হয়ে পরবর্তী সম্ভাব্য ফ্লাইট সংক্রান্ত তথ্যের জন্য হিমশিম খাওয়া যাত্রীদের সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছে। মন্ত্রকের প্যাসেঞ্জার অ্যাসিস্ট্যান্স কন্ট্রোল রুম (পিএসিআর) সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম, ‘এয়ারসেবা পোর্টাল’ এবং নির্ধারিত হেল্পলাইনের মাধ্যমে প্রাপ্ত যাত্রীদের প্রশ্ন অগ্রাধিকারের ভিত্তিতে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। পশ্চিম এশিয়ায় বিমান চলাচল সংক্রান্ত সংক্রান্ত তথ্যের জন্য যাত্রী এবং আটকে পড়া ভারতীয় নাগরিকদের পরিজনদের হেল্পলাইন নম্বর ০১১-২৪৬০৪২৮৩ / ০১১-২৪৬৩২৯৮৭-এ যোগাযোগ করতে বলেছে মন্ত্রক।