Advertisement
E-Paper

যুদ্ধে ব্যবহার নয় এআই প্রযুক্তি! অ্যানথ্রোপিকের শর্ত উড়িয়ে সংস্থার প্রযুক্তি নিষিদ্ধ করে ট্রাম্প বললেন, ‘ওদের সঙ্গে ব্যবসা নয়’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, প্রতিরক্ষা সচিব শুক্রবার সমাজমাধ্যমে সরাসরি আঙুল তুলেছেন অ্যানথ্রোপিক সংস্থার দিকে। তাঁরা দাবি করেছেন, সংস্থা নিজেদের প্রযুক্তি বাহিনীকে অবাধে ব্যবহার করতে দেয়নি বলে বিপাকে পড়েছে জাতীয় নিরাপত্তা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩৮
ডোনাল্ড ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প। — ফাইল চিত্র।

অ্যানথ্রোপিক সংস্থার তৈরি এআই (কৃত্রিম মেধা) প্রযুক্তি ব্যবহার করা যাবে না। শুক্রবার সমস্ত কেন্দ্রীয় এজেন্সিকে নির্দেশ দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। জানিয়ে দিয়েছে, নির্দেশ অমান্য করে ওই সংস্থার এইআই প্রযুক্তি ব্যবহার করা হলে শাস্তি পর্যন্ত হতে পারে। এর মাঝেই ওপেনএআই সংস্থার সঙ্গে চুক্তি করে ফেলল পেন্টাগন।

কিন্তু কেন এই নির্দেশ? যুদ্ধ, নজরদারির কাজে কৃত্রিম মেধা কী ভাবে, কোথায় ব্যবহার করা হবে, সেই নিয়েই অ্যানথ্রোপিক সংস্থার সঙ্গে সংঘাত তৈরি হয়েছে ট্রাম্প প্রশাসনের। সংস্থা তাদের প্রযুক্তি সামরিক ক্ষেত্রে ব্যবহার করার জন্য কিছু শর্ত দিয়েছিল। সেই শর্ত মানতে রাজি নয় ট্রাম্প প্রশাসন। তাদের একাংশ প্রশ্ন তুলেছে, রাষ্ট্র বাহিনীর কাজে প্রযুক্তি ব্যবহার করতে চাইলেও কি সংস্থা নিরাপত্তার দোহাই দিয়ে আপত্তি জানাতে পারে?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, প্রতিরক্ষাসচিব শুক্রবার সমাজমাধ্যমে সরাসরি আঙুল তুলেছেন অ্যানথ্রোপিক সংস্থার দিকে। তাঁরা দাবি করেছেন, সংস্থা নিজেদের প্রযুক্তি বাহিনীকে অবাধে ব্যবহার করতে দেয়নি বলে বিপাকে পড়েছে জাতীয় নিরাপত্তা। ট্রাম্প সমাজমাধ্যমে লিখেছেন, ‘‘আমাদের প্রয়োজন নেই। আমরা চাই না। ওদের সঙ্গে আর ব্যবসা নয়।’’

অ্যানথ্রোপিক সংস্থার সিইও দারিয়ো আমোদেই এই অভিযোগ মানতে চাননি। তিনি জানিয়েছেন, সংস্থার তৈরি প্রযুক্তি অবাধে ব্যবহার করতে দিলেই নিরাপত্তার হানি হতে পারে। সরকারের এই পদক্ষেপকে ‘আইনত ত্রুটিপূর্ণ’ বলে বর্ণনা করেছে অ্যানথ্রোপিক। সংস্থার দাবি, তারা ট্রাম্প প্রশাসনের থেকে একটাই আশ্বাস চায় যে, তাদের তৈরি এআই চ্যাটবট ক্লড আমেরিকানদের উপর নজরদারি চালাতে ব্যবহার করা হবে না। স্বয়ংক্রিয় অস্ত্রেও ব্যবহার করা হবে না। পেন্টাগন জানায়, এ সব বিষয়ে তাদের কোনও আগ্রহ নেই। আইন মেনেই প্রযুক্তি ব্যবহার করবে তারা। তবে তাদের সেই প্রযুক্তি অবাধে ব্যবহার করতে দিতে হবে। সংস্থা এ-ও স্পষ্ট করে দিয়েছে, ডিপার্টমেন্ট অফ ওয়ার যতই শাস্তি দিক, তাদের সিদ্ধান্ত বদলাবে না।

দেশে জাতীয় নিরাপত্তার জন্য এআই প্রযুক্তি কতটা ব্যবহার করা যেতে পারে, সেই নিয়ে প্রশ্ন উঠেছে। তার মাঝেই অ্যানথ্রোপিকের সঙ্গে ট্রাম্প প্রশাসনের সংঘাত চরমে উঠল। ট্রাম্প সমাজমাধ্যমে লেখেন, ওই সংস্থা পেন্টাগনকে নিয়ন্ত্রণ করতে চেয়ে ভুল করেছে। সব কেন্দ্রীয় এজেন্সিকে অ্যানথ্রোপিকের তৈরি এআই প্রযুক্তি ব্যবহার বন্ধ করতে বলেছে। যে প্রযুক্তি ইতিমধ্যে ব্যবহার করা হচ্ছে, সেগুলি নিষ্ক্রিয় করার জন্য ছ’মাস সময় দিয়েছেন তিনি। ট্রাম্প লেখেন, ‘আমাদের বাহিনী কী ভাবে যুদ্ধ লড়বে এবং জিতবে তা একটা মৌলবাদী বামপন্থী সংস্থাকে ঠিক করতে দেবে না আমেরিকা।’

ট্রাম্পের এই সিদ্ধান্তের কারণে বিপাকে পড়তে পারে সংস্থার ব্যবসা। এই ঘটনার পরে জাতীয় নিরাপত্তা বিষয়ে ট্রাম্প প্রশানের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন ডেমোক্র্যাট নেত্রী তথা সেনেটের গোয়েন্দা কমিটির সদস্য মার্ক ওয়ার্নার। তিনি জানিয়েছেন, জাতীয় নিরাপত্তার বিষয়ে ঠিক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে কি না, উদ্বেগ রয়েই যাচ্ছে। মনে করা হচ্ছে, ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে আসলে লাভবান হবে ইলন মাস্কের সংস্থার তৈরি চ্যাটবট গ্রক। এই আবহে মাস্ক এক্সে লিখেছেন, ‘অ্যানথ্রোপিক পশ্চিমের সভ্যতাকে ঘৃণা করে।’

Donald Trump
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy