Advertisement
E-Paper

ব্রিটিশ নৌঘাঁটি থেকে ইরান আক্রমণ করতে চান ট্রাম্প! অনুমতি দিচ্ছেন না প্রধানমন্ত্রী স্টার্মার! ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট

গত কয়েক দিনে পশ্চিম এশিয়ায় সামরিক কার্যকলাপ বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন। ওই অঞ্চলে ৫০-এর বেশি যুদ্ধবিমান মোতায়েন করেছে মার্কিন সামরিক বাহিনী। ইরানের কাছাকাছি আমেরিকার যুদ্ধবিমানের আনাগোনাও বেড়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:২৮
(বাঁ দিকে) ডোনাল্ড ট্রাম্প এবং কিয়ের স্টার্মার (ডান দিকে)।

(বাঁ দিকে) ডোনাল্ড ট্রাম্প এবং কিয়ের স্টার্মার (ডান দিকে)। —ফাইল চিত্র।

ব্রিটেনের বায়ুসেনা ঘাঁটি ব্যবহার করে ইরান আক্রমণ করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু বাদ সাধছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার। ব্রিটিশ সংবাদপত্র ‘দ্য টেলিগ্রাফ’-এর প্রতিবেদন অনুসারে, এই কারণে ব্রিটেনের সরকারের উপর বেজায় চটেছেন ট্রাম্প।

প্রতিবেদন অনুসারে, দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের সুইন্ডনের কাছে ব্রিটিশ বায়ুসেনা (রয়্যাল এয়ার ফোর্স)-এর ঘাঁটি ব্যবহার করতে চেয়েছিলেন ট্রাম্প। কিন্তু আন্তজার্তিক বিধি লঙ্ঘন হওয়ার আশঙ্কায় সেই অনুমতি দেয়নি ব্রিটিশ সরকার।

ট্রাম্প সমাজমাধ্যমে একটি পোস্ট করে জানিয়েছিলেন, ‘ভয়ঙ্কর রকমের অস্থিতিশীল এবং ভয়ঙ্কর জমানার’ অবসান ঘটাতে ব্রিটেনের ওই বায়ুসেনা ঘাঁটিটি ব্যবহার করার প্রয়োজন রয়েছে। মনে করা হচ্ছে, প্রয়োজনে ওই ঘাঁটি থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়ার জন্যই ট্রাম্প ওটি ব্যবহার করার কথা বলেছেন। এ-ও মনে করা হচ্ছে, ‘ভয়ঙ্কর জমানা’ বলতে ট্রাম্প ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের শাসনব্যবস্থার দিকেই ইঙ্গিত করতে চেয়েছেন।

২০০১ সালের ব্রিটিশ আইন অনুসারে, মিত্ররাষ্ট্র সামরিক অভিযান করলে ব্রিটেন তার দায় সেই রাষ্ট্রের সঙ্গে ভাগ করে নেবে। কিন্তু শর্ত একটিই। তা হল, ব্রিটেনকে জানিয়ে সেই রাষ্ট্রকে সামরিক অভিযান শুরু করতে হবে। সুইন্ডনের ওই বায়ুসেনা ঘাঁটি থেকে এই ধরনের সামরিক অভিযান চালালে আমেরিকা তা আগাম ব্রিটেনকে জানাতে বাধ্য নয়। এই পরিস্থিতিতে নিজেদের অজ্ঞাতে কোনও সংঘাতে জড়াতে চায় না ব্রিটেনের সরকার।

গত কয়েক দিনে পশ্চিম এশিয়ায় সামরিক কার্যকলাপ বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন। ওই অঞ্চলে ৫০-এর বেশি যুদ্ধবিমান মোতায়েন করেছে মার্কিন সামরিক বাহিনী। মঙ্গলবার সংবাদমাধ্যম অ্যাক্সিওস-এর তরফে দাবি করা হয়, গত ২৪ ঘণ্টার মধ্যে পশ্চিম এশিয়ায় ইরানের কাছাকাছি আমেরিকার যুদ্ধবিমানের আনাগোনা কয়েক গুণ বেড়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এবং সিবিএস সূত্র উদ্ধৃত করে জানিয়েছে, চলতি সপ্তাহের শেষেই ইরানে হানা দিতে ‘প্রস্তুত’ মার্কিন সেনা! তবে তাদের প্রতিবেদনে এ-ও বলা হয়েছে, ইরানের সঙ্গে আমেরিকা সরাসরি সামরিক সংঘাতে যাবে কি না, তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

US UK Donald Trump Keir Starmer
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy