Advertisement
E-Paper

মোজ়তবা খামেনেইয়ের মাথার দাম ঠিক করে ফেলল আমেরিকা! ইরানের সর্বোচ্চ নেতার সন্ধান দিলে মিলবে কত পুরস্কার

এক বিবৃতি জারি করে আমেরিকার তরফে জানানো হয়েছে, আইআরজিসি-র মাথাদের খোঁজ চালানো হচ্ছে। এই মাথাগুলিই বিশ্বে সন্ত্রাসবাদকে উস্কে দিচ্ছে। যদি কারও কাছে আইআরজিসি-র এই সব নেতার খবর থাকে, তা হলে আমেরিকাকে তাঁরা জানান।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৬ ১২:৫১
(বাঁ দিকে) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজ়তবা খামেনেই (ডান দিকে)। ছবি: রয়টার্স।

(বাঁ দিকে) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজ়তবা খামেনেই (ডান দিকে)। ছবি: রয়টার্স।

ইরানের নতুন ধর্মীয় সর্বোচ্চ নেতা মোজ়তবা খামেনেইয়ের মাথার দাম ঠিক করে ফেলল আমেরিকা। শুক্রবার মার্কিন বিদেশ দফতরের তরফে জানানো হয়, মোজ়তবা কোথায় আত্মগোপন করে আছেন, সেই খবর দিতে পারলে পুরস্কৃত করা হবে। সেই পুরস্কারের অঙ্কও ঘোষণা করেছে তারা। শুধু মোজ়তবাই নন, ইরানের রেভলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর বেশ কয়েক জন শীর্ষকর্তার বিরুদ্ধেও পুরস্কার ঘোষণা করা হয়েছে।

এক বিবৃতি জারি করে আমেরিকার তরফে জানানো হয়েছে, আইআরজিসি-র মাথাদের খোঁজ চালানো হচ্ছে। এই মাথাগুলিই বিশ্বে সন্ত্রাসবাদকে উস্কে দিচ্ছে। যদি কারও কাছে আইআরজিসি-র এই সব নেতার খবর থাকে, তা হলে আমেরিকাকে তাঁরা জানান। যাঁরা এই খবর দিতে পারবেন, তাঁদের আর্থিক পুরস্কার দেওয়া হবে। শুধু মোজ়তবারই মাথার দাম স্থির করা হয়েছে ১ কোটি মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় ৯২.৪৭ কোটি)।

ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে কার বিরুদ্ধে পুরস্কার ঘোষণা করা হয়েছে। সেই তালিকায় রয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা তথা নিহত আয়াতোল্লা আলি খামেনেইয়ের পুত্র মোজ়তবা, সর্বোচ্চ নেতার দফতরের ডেপুটি চিফ অফ স্টাফ আলি আসগর হেজ়াই, ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানি-সহ বেশ কয়েক জন শীর্ষকর্তা।

আইআরজিসি-র যাঁদের বিরুদ্ধে পুরস্কার ঘোষণা করা হয়েছে, তাঁদের ১০ জনের মধ্যে ছ’জনের ছবি প্রকাশ করা হয়েছে। বাকি চার জনের নাম প্রকাশ করা হলেও ছবি না-থাকার কারণে সেগুলি প্রকাশ করা যায়নি বলে ওই বিবৃতিতে দাবি করা হয়েছে। মোজ়তবা, আলি আসগর, আলি লারিজানি ছাড়াও এই তালিকায় রয়েছেন, ব্রিগেডিয়ার জেনারেল ইস্কান্দার মোমেনি, গোয়েন্দা দফতরের মন্ত্রী এসমাইল খাতিব, মেজর জেনারেল ইয়াহা রহিম সাফাভি, আইআরজিসি কমান্ডার, সর্বোচ্চ নেতার উপদেষ্টা, প্রতিরক্ষা পরিষদের সচিব এবং সেনা দফতরের প্রধান-সহ আরও কয়েক জন।

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের তৃতীয় সপ্তাহ হয়ে গেল। আমেরিকা এবং ইজ়রায়েল ইরানের বিরুদ্ধে হামলা আরও জোরালো করছে প্রতি দিনই। শুক্রবারই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার হুঁশিয়ারি দিয়েছেন, আগামী দিনে ইরানের বিরুদ্ধে যে ধরনের অভিযান চালানো হবে, তা তারা কল্পনাও করতে পারবে না। ফক্স নিউজ় রেডিয়ো-কে ট্রাম্প বলেন, ‘‘আগামী সপ্তাহ থেকে আরও জোরালো হামলার পথে নামব আমরা।’’

ইরানে হামলার মাঝেই জল্পনা ছড়াতে থাকে নতুন সর্বোচ্চ প্রধানের মৃত্যু হয়েছে। যদিও ইরান সেই তথ্যকে সরাসরি খারিজ করে দেয়। গত বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদপত্র ‘দ্য সান’ দাবি করে, মার্কিন হামলায় গুরুতর জখম হয়েছেন মোজ়তবা খামেনেই। নিহত আয়াতোল্লার ৫৬ বছর বয়সি পুত্র একটি পা হারিয়েছেন। তাঁর যকৃতেরও মারাত্মক ক্ষতি হয়েছে। প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, মোজ়তবা বর্তমানে রাজধানী তেহরানের সিনা ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন। প্রসঙ্গত, মোজ়তবা নতুন নেতা মনোনীত হওয়ার পরে গত ৯ মার্চ ইরানের সরকারি সংবাদমাধ্যমে তাঁকে ‘জানবাজ় অফ রমজ়ান’ হিসাবে উল্লেখ করা হয়েছিল। আর তার পর থেকেই খামেনেই-পুত্রের শারীরিক অবস্থা নিয়ে জল্পনা ছড়ায়। কারণ, ওই শব্দবন্ধের অর্থ হল ‘একজন আহত অভিজ্ঞ সেনাপতি’। তবে সেই সব জল্পনায় জল ঢেলে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়কশিয়ানের পুত্র ইউসুফ পেজ়েকশিয়ান দাবি করেন, দেশের নতুন সর্বোচ্চ নেতা নিরাপদ এবং সুস্থ আছেন।

Mojtaba Khamenei Iran
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy