Advertisement
E-Paper

‘আমরা কাতার নই, ওদের নরক দেখিয়ে ছাড়ব’! পশ্চিম এশিয়ায় সামরিক সংঘাতের মাঝে ইজ়রায়েলকে হুমকি পাকিস্তানের

ঘটনাচক্রে, ইরানের সঙ্গে আমেরিকা এবং ইজ়রায়েলের সামরিক সংঘাত থামাতে মধ্যস্থতাকারী হিসাবে কাজ করছে পাকিস্তান। তাদের মাধ্যমে ইরানের সঙ্গে আলোচনা চালানোরও চেষ্টা হচ্ছে। তা হলে কেন এই হুমকি?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৬ ১১:২৯
তেহরানে হামলা ইজ়রায়েলের। ছবি: রয়টার্স।

তেহরানে হামলা ইজ়রায়েলের। ছবি: রয়টার্স।

কাতার চুপ করে থাকলেও পাকিস্তান কিন্তু হাত গুটিয়ে বসে থাকবে না। তাদের কোনও কূটনীতিকের গায়ে কোনও রকম আঁচড়ও লাগলে, তার পরিণতি ভয়ঙ্কর হতে পারে। তেহরানে তাদের দূতাবাসের খুব কাছেই হামলা চালানোয় ইজ়রায়েলকে সরাসরি হুঁশিয়ারি দিল পাকিস্তান।

পাকিস্তান সরকার স্বীকৃত স্ট্র্যাটেজিক ফোরামের তরফে এক বিবৃতি জারি করে বলা হয়, ‘‘ইজ়রায়েলের মনে রাখা উচিত পাকিস্তান কিন্তু কাতার নয়। যদি আমাদের কোনও কূটনীতিকের কোনও রকম ক্ষতি হয়, তা সে পৃথিবীর যে প্রান্তেই হোক না কেন, তা হলে ওদের নরক দেখিয়ে ছাড়ব।’’ প্রসঙ্গত, বৃহস্পতিবার তেহরানে পাকিস্তানের দূতাবাস এবং কূটনীতিকদের বাসভবনের কাছেই বোমাবর্ষণ করে আমেরিকা এবং ইজ়রায়েল। সূত্রের খবর, সেই হামলায় কোন পাক কূটনীতিকের কোনও ক্ষতি হয়নি ঠিকই, কিন্তু ওই সংবেদনশীল এলাকায় বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

হামলার এই তথ্য প্রকাশ্যে আসার পরই পাকিস্তানের তরফে বিবৃতি জারি করে হুঁশিয়ারি দেওয়া হয়। বৃহস্পতিবার ইরানের রাজধানী তেহরান, কাশান এবং আবাদানে হামলা চালায় ইজ়রায়েল এবং আমেরিকা। তার মধ্যে তেহরানের যে এলাকায় পাকিস্তানের দূতাবাস রয়েছে, সেই এলাকার খুব কাছেই বোমাবর্ষণ করে ইজ়রায়েল। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি ইজ়রায়েলকে সতর্ক করেছে পাকিস্তান। ঘটনাচক্রে, ইরানের সঙ্গে আমেরিকা এবং ইজ়রায়েলের সামরিক সংঘাত থামাতে মধ্যস্থতাকারী হিসাবে কাজ করছে পাকিস্তান। পাকিস্তানের মাধ্যমেই ইরানের সঙ্গে আলোচনা চালানোরও চেষ্টা হচ্ছে। তার মধ্যেই তেহরানে পাক দূতাবাসের কাছে ইজ়রায়েল হামলা চালানোয় অসন্তোষ প্রকাশ করেছে পাকিস্তান। কাতারের প্রসঙ্গ টেনে ইজ়রায়েলকে হুমকিও দিয়েছে তারা।

প্রসঙ্গত, পশ্চিম এশিয়ায় ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু হওয়ায়, আমেরিকা ‘ঘনিষ্ঠ’ দেশগুলিতেও হামলা চালানোর অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। কাতার, বাহরিন, সৌদি আরবে মার্কিন সেনাঘাঁটিগুলি লক্ষ্য করে হামলা চালাচ্ছে তারা। কাতারের বহু জায়গাকে নিশানা বানিয়েছে ইরান। এমনকি তৈল শোধনাগারেও। সেই প্রসঙ্গ টেনে ইজ়রায়েলকে পাকিস্তান সরাসরি হুঁশিয়ারি দিল, কাতার চুপ করে থাকলেও, তারা সেই পথে হাঁটবে না।

সংক্ষেপে
  • ইরানের বাহিনী তীব্র প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়ার পর সমাজমাধ্যমে নতুন বিবৃতি দিলেন ট্রাম্প। লিখেছেন, ‘‘ওরা নাকি বলেছে প্রত্যাঘাত করবে। সেটা করার সাহস যেন না দেখায়। যদি করে, আমরা এমন আঘাত করব যা আগে কখনও দেখা যায়নি।’’
  • আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। রবিবার সকালে তেহরান এই সংবাদ নিশ্চিত করেছে। তেহরানের রাস্তায় কান্নার রোল। মহিলারা খামেনেইয়ের ছবি হাতে রাস্তায় নেমেছেন। ইরান জানিয়েছে, প্রেসিডেন্ট-সহ তিন সদস্যের কাউন্সিলের হাতে আপাতত দেশ চালানোর ভার থাকবে।
  • শনিবার সকাল থেকে ইরানের উপর হামলা শুরু করেছিল ইজ়রায়েল। নেতানিয়াহু দাবি করেন, খামেনেই এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আমেরিকাও সেই হামলায় ইজ়রায়েলকে সমর্থন করেছে। ইজ়রায়েলি ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় মুহুর্মুহু ড্রোন, ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে তেহরান-সহ ইরানের বড় শহরগুলিতে। ইরান প্রত্যাঘাত করছে। পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের আবহ।
israel Pakistan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy