কৃত্রিম উপগ্রহের নজরদারির কারণে মহাকাশের ঘটনা সহজেই জেনে নেওয়া যায়। তারই সঙ্গে পৃথিবীর বুকে কোথায় কী চলছে, বিজ্ঞান ও প্রযুক্তির হাতযশে তা-ও জানা সম্ভব। তবে, যাঁরা এই কাজ করেন, তাঁদের যে বিষয়ে জ্ঞান থাকা দরকার, তা হল জিওইনফরমেশন সায়েন্স।
সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা করাবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রিমোট সেন্সিং। ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র (ইসরো) অধীনস্থ ওই প্রতিষ্ঠানের তরফে জিওইনফরমেশন সায়েন্স অ্যান্ড আর্থ অবজ়ারভেশন নিয়ে উচ্চশিক্ষার সুযোগ দেওয়া হবে।
আরও পড়ুন:
প্রতিষ্ঠানের বিশেষজ্ঞেরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে নজরদারি, তা থেকে তথ্য সংগ্রহের কৌশল শেখাবেন। এ ছাড়াও প্রাপ্ত তথ্য বিশ্লেষণ, রিপোর্ট তৈরির মতো খুঁটিনাটি বিষয়ও হাতেকলমে শেখার সুযোগ থাকছে। বিষয়ভিত্তিক জ্ঞান অর্জনের পাশাপাশি, পড়ুয়াদের একটি বিশেষ প্রকল্পও তৈরি করতে হবে।
গণিত, রাশিবিজ্ঞান, পদার্থবিদ্যা, ফলিত পদার্থবিদ্যা, ভূতত্ত্ব, ভূগোল, কৃষিবিজ্ঞান, উদ্যানবিদ্যা, পদার্থবিদ্যা, ফলিত পদার্থবিদ্যা, ইলেকট্রনিক্স, ফরেস্ট্রি বিষয়ে স্নাতকেরা ওই বিষয় নিয়ে পড়াশোনার সুযোগ পাবেন। মোট ১০টি আসনে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে।
আগ্রহীদের অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। ৩১ মার্চ পর্যন্ত আবেদন পাঠানোর সুযোগ থাকছে। ডিপ্লোমার ক্লাস ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে।