Advertisement
E-Paper

রসায়ন পরীক্ষার আগে হাতে রয়েছে কয়েকটি দিন, উচ্চ মাধ্যমিকে ভাল ফলের জন্য কী পরামর্শ শিক্ষকের?

শেষ মুহূর্তে কোন কোন বিষয় মনে রাখা জরুরি বা কোন অধ্যায়ের কোন বিষয় দেখে যাওয়া ভাল, তা নিয়ে পরামর্শ দিয়েছেন যোধপুর পার্ক বয়েজ় স্কুলের শিক্ষক বৈকুণ্ঠ পাল।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০২
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমেস্টারের বেশ কিছু পরীক্ষা হয়ে গিয়েছে। বিজ্ঞান বিভাগের রসায়ন পরীক্ষা সোমবার, ২৩ ফেব্রুয়ারি। পরীক্ষায় ভাল ফল করার জন্য প্রয়োজন সঠিক কৌশল এবং পরিকল্পিত প্রস্তুতি। শেষ মুহূর্তে কোন কোন বিষয় মনে রাখা জরুরি বা কোন অধ্যায়ের কোন বিষয় দেখে যাওয়া ভাল, তা নিয়ে পরামর্শ দিয়েছেন যোধপুর পার্ক বয়েজ় স্কুলের শিক্ষক বৈকুণ্ঠ পাল।

বৈকুণ্ঠ প্রথমেই বলেছেন, “এ বছরের চতুর্থ সেমেস্টারে যে হেতু ব্যাখ্যামূলক প্রশ্ন থাকবে, তাই তৃতীয় সেমেস্টারের তুলনায় প্রস্তুতি হবে একেবারেই আলাদা।” জানিয়েছেন, পরীক্ষার প্রশ্নপত্রে কোন বিভাগে কত নম্বর থাকবে, তা আগে থেকে দেখে নিতে হবে। প্রতিটি অধ্যায়ের নম্বর বিভাজন বুঝে প্রস্তুতি নিতে হবে। কারণ, সংসদের মডেল প্রশ্নে বিভিন্ন অধ্যায় থেকে যত নম্বরের প্রশ্ন আসার কথা উল্লেখ করা হয়েছে, মূল পরীক্ষাতেও তার অন্যথা হবে না।

তিনি বলেছেন “সমস্ত অধ্যায়ের মূল বিষয়বস্তু যথাযথ ভাবে না বুঝলে প্রশ্ন ঘুরিয়ে এলে উত্তর দিতে সমস্ত হতে পারে। তাই পাঠ্যবইয়ের পাশাপাশি এনসিইআরটি-র বইও খুঁটিয়ে পড়তে হবে। প্রয়োজন মতো সাহায্য নিতে হবে সহায়িকারও।” তাঁর মতে, প্রস্তুতির সময় সমস্ত সূত্র খাতায় এক জায়গায় লিখে নিতে হবে। প্রতিটি প্রশ্নের বিকল্প থাকবে। তাই ভাল নম্বর পাওয়ার সুযোগও এ বার বেশি।

তিনি জানিয়েছেন, বিগত চার-পাঁচ বছরের প্রশ্ন এবং সংসদের মডেল প্রশ্নগুলির সমাধান করে যেতে হবে। জৈবযৌগের নাম এবং প্রতিক্রিয়া, যেসব অঙ্ক বা বিক্রিয়া-সহ যে সমস্ত বিষয় মাঝেমধ্যেই ভুল হয়, সেগুলি বারবার লিখে অনুশীলন করতে হবে। বিভিন্ন অংশের অঙ্ক করার সময় বিশেষ নজর দিতে হবে এককের দিকে। পরীক্ষায় অজৈব রসায়নের বিক্রিয়াগুলির সমীকরণ ব্যালেন্স-সহ লিখতে হবে। ব্যাখ্যামূলক প্রশ্নে অযথা বড় অনুচ্ছেদ না লেখাই ভাল। উত্তর হতে হবে ‘পয়েন্ট’ অনুযায়ী। প্রতি প্রশ্নের উত্তর লিখে দাগ টেনে পরের উত্তর লিখতে হবে। তাঁর মতে, খাতায় প্রশ্নের নম্বর স্পষ্ট ভাবে উল্লেখ করা জরুরি। হাতের লেখাও হতে হবে পরিচ্ছন্ন। এর ফলে পরীক্ষকের খাতা দেখতে সুবিধা হবে। ভাল নম্বর পাওয়ার সম্ভাবনাও বাড়ে।

WBCHSE 2026 WB HS Exam 2026 HS 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy