বর্জ্যপদার্থকে কী ভাবে সম্পদে রূপান্তরিত করা যায়, তা নিয়ে গবেষণার কাজ হবে কল্যাণীর এমস-এ। সেখানেই অস্থায়ী ভাবে চুক্তির ভিত্তিতে গবেষক প্রয়োজন। এ জন্য আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের মাইক্রোবায়োলজি বিভাগে গবেষণার কাজ হবে। এ জন্য অর্থ সাহায্য করবে কেন্দ্রীয় সরকারি সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)।
প্রকল্পে নিয়োগ করা হবে প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট-১ (মেডিক্যাল ল্যাবরেটরি টেকনিশিয়ান) এবং অফিস হেল্পার পদে। মোট শূন্যপদ দু’টি। প্রথমে ছ’মাস চুক্তির ভিত্তিতে কাজের দায়িত্ব পালন করতে হবে। পরে শর্তসাপেক্ষে এই মেয়াদ বাড়িয়ে দু’বছর করা হতে পারে।
আরও পড়ুন:
মেডিক্যাল ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে নিযুক্ত ব্যক্তির পারিশ্রমিক হবে মাসে ১৮,০০০ টাকা। অফিসার হেল্পারকে দেওয়া হবে মাসে ২৬,৮০০ টাকা। এ ছাড়া মিলবে বাড়ি ভাড়া বাবদ ভাতাও।
অফিসার হেল্পার পদে আবেদনের জন্য বয়সের কোনও ঊর্ধ্বসীমা নেই। অন্য দিকে, মেডিক্যাল ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে আবেদনকারীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ২৮ বছর। সংরক্ষিতদের জন্য রয়েছে ছাড়।
দু’টি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতার পৃথক মাপকাঠি রয়েছে, যা বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে। আগ্রহীদের বিজ্ঞপ্তি উল্লিখিত লিঙ্কে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন করতে হবে। আবেদনের শেষ দিন আগামী ৭ মার্চ। এর পর ইন্টারভিউ বা লিখিত পরীক্ষার মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানার জন্য প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।