Advertisement
E-Paper

এমস কল্যাণীতে গবেষণা হবে আইসিএমআর-এর অর্থ সাহায্যে, প্রয়োজন উপযুক্ত কর্মীর

নিযুক্তকে পারিশ্রমিক বাবদ প্রতি মাসে ১৮,০০০ টাকা ছাড়াও বাড়ি ভাড়া খাতে ভাতাও দেওয়া হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:০৪
AIIMS Kalyani

এমস কল্যাণী। ছবি: সংগৃহীত।

একটি বিশেষ গবেষণার কাজ হবে কল্যাণীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এমস)-এ। সেই প্রকল্পেই প্রয়োজন উপযুক্ত কর্মীর। প্রতিষ্ঠানে তরফে জানানো হয়েছে, এ জন্য অস্থায়ী ভাবে চুক্তির ভিত্তিতে নিয়োগ হবে। আগ্রহীরা অনলাইনেই তাঁদের আবেদনপত্র পাঠাতে পারবেন।

প্রতিষ্ঠানের মাইক্রোবায়োলজি বিভাগে গবেষণার কাজ হবে। যক্ষ্মার মতো বিভিন্ন জীবাণুবাহিত রোগ প্রতিরোধের ক্ষেত্রে মাত্রাতিরিক্ত অ্যান্টিবায়োটিকের ব্যবহার সমস্যা সৃষ্টি করছে কি না, তা খতিয়ে দেখা হবে গবেষণায়। প্রকল্পের জন্য অর্থ সাহায্য করবে কেন্দ্রীয় সরকারি সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)।

প্রকল্পে নিয়োগ হবে প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট-১ বা মেডিক্যাল ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে। শূন্যপদ একটি। তাঁর কাজের মেয়াদ থাকবে প্রাথমিক ভাবে ছ’মাস। এর পর কর্মদক্ষতা খতিয়ে দেখে বাড়তে পারে মেয়াদ। নিযুক্তকে পারিশ্রমিক বাবদ প্রতি মাসে ১৮,০০০ টাকা ছাড়াও বাড়ি ভাড়া খাতে ভাতাও দেওয়া হবে।

সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ধার্য করা হয়েছে ২৮ বছর। পাশাপাশি, তাঁদের দ্বাদশের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। থাকতে হবে ল্যাবরেটরি টেকনোলজি স্নাতক বা ডিপ্লোমা অথবা আইটিআই উত্তীর্ণ হওয়ার শংসাপত্রও। এ ছাড়া দু’বছরের পেশাগত অভিজ্ঞতাও প্রয়োজন। এ ছাড়াও অন্য যোগ্যতা থাকলে আবেদন করা যাবে, যা বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।

আগ্রহীদের বিজ্ঞপ্তি উল্লিখিত লিঙ্কে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন করতে হবে। আবেদনের শেষ দিন আগামী ৭ মার্চ। এর পর লিখিত পরীক্ষা বা ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। প্রতিষ্ঠানে ২৫ মার্চ পরীক্ষার আয়োজন করা হবে। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানার জন্য প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।

All India Institute of Medical Sciences Kalyani WB Govt Jobs Govt Job Recruitment 2026 Govt Job Vacancy 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy