Advertisement
E-Paper

কৃষি ক্ষেত্রে কৃত্রিম মেধার প্রয়োগ নিয়ে প্রশিক্ষণ উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের, ক্লাস অনলাইনে

অনলাইনে শীতকালীন প্রশিক্ষণের আয়োজন করা হবে। চলবে ২১ দিনব্যাপী।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৫৭
UBKV

উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

কৃত্রিম মেধার ব্যবহার এখন সর্বত্র। কৃষি ক্ষেত্রে কৃত্রিম মেধার প্রয়োগ নিয়ে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করবে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়। দেশ এবং বিদেশের নানা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মিলিত ভাবে স্বল্পমেয়াদের জন্য একটি শীতকালীন প্রশিক্ষণ দেওয়া হবে। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে।

আধুনিক কৃষিবিজ্ঞান বা সম্পর্কিত ক্ষেত্রে কৃত্রিম মেধার প্রয়োগ করে উৎপাদন বাড়ানো বা সুস্থায়ী কাঠামো গড়ে তোলা যায়। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের তরফে আয়োজিত ‘উইন্টার স্কুল’-এও তা-ই শেখানো হবে। সহযোগিতা করবে ওড়িশার সোসাইটি অফ এগ্রিকালচার, অ্যালায়েড সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি এবং অরুণাচলের রাজীব গান্ধী বিশ্ববিদ্যালয়ের এগিকালচারাল ইঞ্জিনিয়ারিং বিভাগ। এই প্রোগ্রাম আয়োজনে সহযোগিতা করবে আমেরিকার মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়, চিনের শান্তাউ বিশ্ববিদ্যালয় এবং আইকার কলকাতাও।

অনলাইনেই এই শীতকালীন প্রশিক্ষণের আয়োজন করা হবে। চলবে ২১ দিনব্যাপী। আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে ১৭ মার্চ পর্যন্ত চলবে প্রশিক্ষণ। যোগদানকারীদের শস্য উৎপাদন, মাটি এবং জলের ব্যবস্থাপনা, শস্যে পোকা ধরা বা অন্য রোগনির্ণয়, পশুপালন এবং মৎস্যচাষ-সহ নানা ক্ষেত্রে কৃত্রিম মেধা, মেশিন লার্নিং, ডেটা অ্যানালিটিক্স, কম্পিউটার ভিশন-এর প্রয়োগের খুঁটিনাটি শেখানো হবে।

প্রশিক্ষণে নানা বিষয়ে পঠনপাঠন ছাড়াও হাতেকলমে প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। যোগদান করতে পারবেন স্নাতক বা স্নাতকোত্তরের পড়ুয়া, গবেষক, শিক্ষক, বিজ্ঞানী থেকে পেশাদারেরা। প্রশিক্ষণ শেষে দেওয়া হবে শংসাপত্রও।

আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে আবেদন জানাতে হবে। শিক্ষাগত যোগ্যতা বা পেশাগত অভিজ্ঞতার ভিত্তিতে আবেদনমূল্য হবে ৬০০ টাকা থেকে ৩০০০ টাকা পর্যন্ত। আগামী ২৩ ফেব্রুয়ারি আবেদনের শেষ দিন। এ বিষয়ে বিস্তারিত জানা যাবে মূল বিজ্ঞপ্তি থেকে।

Uttar Banga Krishi Viswavidyalaya winter training school 2026 AI in Agriculture short term training 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy