বিভিন্ন কারণে অনেক সময়েই আলোচনায় থাকেন অভিনেতা আমির খান। ইদানীং প্রায় সব সাক্ষাৎকারেই নায়ক জানান যে, পরিবারের সঙ্গেই এখন বেশি সময় কাটাতে চান। অভিনয়জীবনের প্রথম দিকে পরিবারকে কোনও সময়ই দিতে পারেননি তিনি। এ কথা বলতে বলতেই প্রথম বিয়ে ভাঙার কাহিনি ভাগ করে নেন তিনি। রিনা দত্তের সঙ্গে বিবাহবিচ্ছেদের পরে কী অবস্থা হয়েছিল তাঁর?
আমির জানান, দুই সন্তানকে নিয়ে আলাদা থাকা শুরু করেন রিনা। সেই একাকীত্ব সহ্য করার ক্ষমতাই ছিল না আমিরের। নায়ক বললেন, “রিনা বাচ্চাদের নিয়ে চলে যাওয়ার পরে একেবারে একা হয়ে গিয়েছিলাম। একট সময়ে আমি মদ ছুঁয়েও দেখতাম না। কিন্তু রিনার সঙ্গে সংসার ভাঙার পরে সব যেন বদলে যায়। যে দিন ও বাচ্চাদের নিয়ে চলে যায়, সেই রাতে নিজেকে সামলানো যে কী কঠিন ছিল, তা বলে বোঝাতে পারব না।”
স্ত্রী রিনার সঙ্গে বিচ্ছেদের পরে ভেঙে পড়েছিলেন আমির। ছবি: সংগৃহীত।
নিজের আবেগকে ধরে রাখতে, মনখারাপ ভুলে থাকার জন্য মদ্যপান শুরু করেন আমির। অভিনেতা যোগ করেন, “আমি আগে সে ভাবে কখনও মদ্যপান করিনি। ছবির শুটিংয়ে কোনও নির্দিষ্ট দৃশ্যের জন্য হয়তো খেতে হয়েছে। ব্যস, ওটুকুই। কিন্তু, প্রথম বিচ্ছেদের পরে প্রতি রাতে মদ্যপান শুরু করি। রীতিমতো আসক্ত হয়ে পড়েছিলাম। প্রতি রাতে প্রায় এক বোতল শেষ করে ফেলতাম।” বিয়ের ১৬ বছর পরে সংসার ভাঙার সিদ্ধান্ত নেওয়া যে খুব সহজ, তা নয়। আমিরের ক্ষেত্রেও সহজ ছিল না বিষয়টা। পরে অবশ্য অভিনেতা স্বীকার করেছেন, তাঁরা আলাদা হয়ে গেলেও পরস্পরের প্রতি সম্মান হারাননি।
নায়কের বর্তমান পরিস্থিতি একেবারেই ভিন্ন। রিনার সঙ্গে বিচ্ছেদের পরে পরিচালক কিরণ রাওকে বিয়ে করেন অভিনেতা। তাঁদের একটি ছেলেও আছে। কিছু বছর আগে তাঁরাও আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন। বর্তমানে, ছোটবেলার বান্ধবী গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্কে রয়েছেন আমির।