দীর্ঘ সঙ্গীতজীবন শ্রেয়া ঘোষালের। তিনি প্রেমের গান থেকে গজ়ল, পার্টিং নম্বর থেকে চটকদার গান, সবই গেয়েছেন। সেই তালিকায় রয়েছে ‘চিকনি চামেলি’-এর মতো গানও। যদিও এ ধরনের গান আর গাইবেন না বলে প্রতিজ্ঞাবদ্ধ শ্রেয়া। এর থেকেও ‘খারাপ’ গান গাওয়ার প্রস্তাব পান তিনি। সেই গান গাইতে হত করিনা কপূরের কণ্ঠে। কিন্তু গানের কথা শুনেই হাতজোড় করেন শ্রেয়া।
সম্প্রতি একটি পডকাস্টে করিনার ‘ফেভিকল সে’ গানটির কথা তোলেন শ্রেয়া। গানটি গেয়েছেন মমতা শর্মা। ‘দবং ২’ ছবিতে এই গানেই নাচ করেন করিনা কপূর। যদিও শুটিং চলাকালীন নাচতে নাচতে করিনা বলেন, ‘‘এ কেমন লেখা — পেট্রোল, ফেভিকল, এ সব শব্দ।’’ তবে করিনা তাঁর কাজ শেষ করেন।
এই গানের প্রতিটি শব্দ মহিলাদের লক্ষ্য করেই লেখা হয়েছে বলে শ্রেয়ার মনে হয়েছে। গায়িকা বলেন, ‘‘এখানে একটা পঙ্ক্তি ছিল, আমাকে মুরগি ভেবে খেয়ো না। কোথাও লেখা, এ ভাবে শরীরে লেপটে যাও। এ সব কথা শুনে আমার মুখ লাল হয়ে যায়। এ সব শব্দ উচ্চারণ করতেই পারব না। তাই আমি হাতজোড় করে বেরিয়ে আসি।’’
শ্রেয়া জানান, এমন অনেক গানের প্রস্তাব তিনি পেয়েছেন, যেখানে মহিলাদের অসম্মান করা হয়েছে। তিনি সে সব গানের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। যদিও নিন্দকদের মতে, তাঁর গাওয়া ‘চিকনি চামেলি’-ও তেমন ধারার গান। তাতেই তিনি জানান, ‘চিকনি চামেলি’ গানটির মধ্যে অন্তত শৈল্পিক দৃষ্টিভঙ্গি রয়েছে।