Advertisement
E-Paper

কেউ দূরে সরে যান, কেউ নিশ্চিত না হওয়া পর্যন্ত ঝামেলা করেন! সম্পর্কের কঠিন মুহূর্তগুলো কোন রাশি কী ভাবে সামলায়?

মনোমালিন্য সম্পর্কেরই অংশ। কোনও সম্পর্কই একই ছন্দে এগিয়ে চলে না। টানাপড়েন থাকা স্বাভাবিক। তবে ঝামেলার মুহূর্তগুলো আমরা কী ভাবে সামলাচ্ছি তার উপর অনেক কিছু নির্ভর করে।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:১৭
astro

—প্রতীকী ছবি।

সামনেই আসছে ভালবাসা উদ্‌‌যাপনের দিন। ‘ভ্যালেন্টাইস ডে’ পাশ্চাত্য সংস্কৃতির অংশ হলেও, আমাদের রাজ্যের বা দেশের তরুণ প্রজন্মের মধ্যে সেই দিন নিয়ে উৎসাহের অন্ত নেই। ভ্যালেন্টাইন্স ডে-র প্রায় এক সপ্তাহ আগে থেকে শুরু হয় প্রেম উদ্‌যাপনের পালা। গোলাপফুল, চকোলেট, সফ্‌ট টয় প্রভৃতি সম্পর্কিত আলাদা আলাদা দিন সপ্তাহ জুড়ে পালন করা হয়। তবে সম্পর্ক মানে যে শুধু গোলাপ আর মিষ্টি-মধুর কথা তা নয়। সব সম্পর্কেই যেমন থাকে নানা প্রেমমুখর দিন, তেমনই কিছু দিন হয় মেঘাচ্ছন্ন। বিষাদের বৃত্ত ঘিরে থাকে উভয়কেই। মনোমালিন্য সম্পর্কেরই অংশ। কোনও সম্পর্কই এক ছন্দে এগিয়ে চলে না। টানাপড়েন থাকা স্বাভাবিক। তবে ঝামেলার মুহূর্তগুলো আমরা কী ভাবে সামলাচ্ছি তার উপর অনেক কিছু নির্ভর করে। ভিন্ন রাশির ব্যক্তিরা সম্পর্কের কঠিন সময়ে বিভিন্ন ভাবে সেটিকে সামলে থাকেন। কোন রাশি কঠিন মুহূর্তে কী রকম আচরণ করে, জেনে নিন।

মেষ: মেষ জাতক-জাতিকারা সম্পর্কে দ্রুত সিদ্ধান্ত নিতে পছন্দ করেন। এঁরা কোনও কথা বলার আগে ভাবেন না, বলার পর সেটির বিচার করেন। এঁদের মধ্যে নিজে সেধে ঝগড়া বাধানোর প্রবণতা দেখা যায়। কোনও কিছু পুরোপুরি না বুঝেই সেটি নিয়ে তর্ক করতে লেগে যান।

বৃষ: সম্পর্কে কেবল সুখের দিন কাটাতে ভালবাসেন বৃষ জাতক-জাতিকারা। যখনই তা অন্য দিকে বাঁক নেয়, তখনই এঁরা নিজেদের দূরত্ব বাড়াতে থাকেন। বৃষ রাশির ব্যক্তিরা সম্পর্কে ঝগড়া-ঝামেলা যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করেন। তবে এক বার যখন ঝামেলা শুরু করেন, তখন নিজেরা নিশ্চিত না হওয়া পর্যন্ত ঝগড়া থামান না। সেটিকে যত দূর সম্ভব টেনে নিয়ে যান।

মিথুন: মিথুন জাতক-জাতিকাদের সঙ্গে সমস্যায় জড়ানো মুশকিলের ব্যাপার। কারণ এঁদের অনুভূতির দোলাচল ঠাহর করতে বেগ পেতে হয়। এঁরা এক মুহূর্তে সঙ্গীকে বোঝানোর চেষ্টা করেন যে সমস্যাটা ঠিক কোথায়, পরমুহূর্তেই সেই বোঝানো আবার ঝগড়ায় পরিণত হয়ে যায়। মিথুন জাতক-জাতিকারা বিশ্বাস করেন যে কোনও সমস্যা কথা বলে সমাধান করে নেওয়া সম্ভব।

কর্কট: সম্পর্কের ছোটখাটো সমস্যাও কর্কট জাতক-জাতিকারা অনেক বড় করে দেখেন। এঁরা ঝামেলার কারণ দেখেন না, বদলে সেই সময় তাঁদের কতটা কষ্ট পোহাতে হয়েছিল সেটাই দেখে চলেন। অনুভূতির সামনে এঁরা যুক্তিরও তোয়াক্কা করেন না। সঙ্গী কখন এসে এঁদের কাছে ক্ষমা চাইবেন সেটারই দিন গুনে চলেন এঁরা।

সিংহ: মনোমতো গুরুত্ব না পেলে সিংহ জাতক-জাতিকারা রেগে যান। তখন সম্পর্কে সমস্যার সৃষ্টি হয়। তবে সঠিক গুরুত্ব ও সময় দিলেই পরিস্থিতি আবার আগের মতো হয়ে যায়। কিন্তু সেটা না হলে সিংহ জাতক-জাতিকারা নিজেদের দূরে সরিয়ে আনেন। সম্পর্কে অসম্মান এঁরা কখনও সহ্য করেন না। মতের অমিল থাকলেও, তাঁদের মতকে সম্মান করতে হবে, এটাই এঁদের প্রধান দাবি।

কন্যা: সম্পর্কে কন্যা জাতক-জাতিকারা অত্যন্ত বাস্তববাদী হন। এঁরা আবেগের বশে সিদ্ধান্ত নেন না, বরং বুদ্ধি দিয়ে সমস্ত কিছু বিচার করেন। সম্পর্কে কঠিন সময় এলে এঁরা সেটার যাতে ভবিষ্যতে পুনরাবৃত্তি না ঘটে তার চেষ্টায় উঠেপড়ে লাগেন। ভালবাসায় নিজেকে সঠিক, সঙ্গীকে বেঠিক প্রমাণের চেষ্টা কন্যা রাশির ব্যক্তিরা কখনও করেন না।

তুলা: ভারসাম্য রক্ষা করার চেষ্টায় তুলা জাতক-জাতিকারা সম্পর্ককে ঘেঁটে ফেলেন। এঁরা কখনও নিজের অস্বস্তির জায়গাটা প্রথমেই সঙ্গীকে মুখ ফুটে বলেন না। সাধারণত সমস্যা এড়ানোর জন্যই এমনটা করে থাকেন। তবে পরে গিয়ে যখন আর নিতে পারেন না, তখন সবটা একসঙ্গে বলে ফেলেন। এর ফলে সঙ্গী বুঝে উঠতে পারেন না কী করা উচিত।

বৃশ্চিক: বৃশ্চিক জাতক-জাতিকারা সম্পর্কে কোনও ব্যাপারে কষ্ট পেলে চুপ করে যান। এঁরা প্রথমে নিজের মাথায় বিষয়টি নিয়ে ভাবেন, তার পর সঙ্গীর সঙ্গে সেটি নিয়ে কথা বলেন। মিথ্যা কথা এঁরা মোটে সহ্য করতে পারেন না। সত্য যতই কষ্টদায়ক হোক, বৃশ্চিক জাতক-জাতিকারা সত্যি বলতে ও শুনতেই পছন্দ করেন।

ধনু: আবেগঘন ব্যাপার ধনু জাতক-জাতিকাদের না-পসন্দ। এঁরা হাসিঠাট্টায় সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে পছন্দ করেন। তবে সঙ্গী সে ক্ষেত্রে সহমত না হলেই রুদ্র রূপ ধারণ করেন। সেই সময় অপ্রিয় সত্যকেও এঁরা সহজেই মুখের উপর বলে ফেলতে পারেন। তাঁদের কথা অন্যের মনে কী ভাবে আঘাত হানছে সে সব বিষয়ে এঁরা মাথা ঘামান না।

মকর: মকর জাতক-জাতিকারা আবেগের নাটকীয়তা থেকে নিজেদের শতহস্ত দূরে রাখতে পছন্দ করেন। সম্পর্কে এক ঝামেলা বারংবার ঘটতে থাকলে এঁরা নিজেদের দূরে সরিয়ে নেন। অনুভূতির টানাপড়েনের সঙ্গে মকর জাতক-জাতিকারা খাপ খাওয়াতে পারেন না।

কুম্ভ: সম্পর্কে শান্তির খোঁজ করেন কুম্ভ জাতক-জাতিকারা। অনুভূতির পারদ উচ্চ হলেই এঁরা মানসিক ভাবে ভেঙে পড়েন। ঝামেলা এঁরা মোটে পছন্দ করেন না। সর্বদা সঙ্গীর সঙ্গে শান্ত মাথায় কথা বলে পরিস্থিতি সামলানোতে বিশ্বাসী এঁরা।

মীন: সঙ্গীর কোনও বিষয় ঘোর অপছন্দ হলেও সেটা মীন জাতক-জাতিকারা মুখের উপর বলতে পারেন না। এঁরা ঝামেলা যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করেন। নিজের মতামত এঁরা তখনই প্রকাশ করতে পারেন, যখন পরিবেশ শান্ত থাকে। ঝামেলার মুহূর্তে এঁদের মাথা কাজ করা বন্ধ করে দেয়।

Love Horoscope Valentines Day Astrology Astrological Prediction
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy