দিল্লিতে আবগারি দুর্নীতি মামলায় মণীশ সিসৌদিয়াকে আগামী রবিবার তলব করল সিবিআই। এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য গতকাল তলব করা হয়েছিল দিল্লির উপমুখ্যমন্ত্রীকে। কিন্তু, দিল্লিতে বাজেট প্রস্তুতির কারণ দেখিয়ে অতিরিক্ত সময় চান সিসৌদিয়া। তা মঞ্জুরও করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর পরই এই মামলায় আগামী রবিবার অরবিন্দ কেজরীওয়ালের ‘ডেপুটি’কে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
আরও পড়ুন:
গত বছর জন্মাষ্টমীর সকালে সিসৌদিয়ার বাড়ি-সহ আরও বেশ কয়েকটি এলাকায় তল্লাশি অভিযান চালিয়েছিল সিবিআই। প্রায় ১৪ ঘণ্টা ধরে দিল্লির উপমুখ্যমন্ত্রীর বাড়িতে অভিযান চালানো হয়েছিল। এর পর তাঁর ব্যাঙ্ক লকারও খতিয়ে দেখেন তদন্তকারীরা। গত অগস্টে সিসৌদিয়া এবং আরও ১৪ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর পর গত রবিবার সিসৌদিয়াকে আবার তলব করে সিবিআই। কিন্তু, বাজেট প্রস্তুতির জন্য রবিবার হাজিরা দেননি তিনি। দিল্লি সরকারের অর্থ দফতরের দায়িত্ব রয়েছে মণীশের কাঁধে। তাই ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেট প্রস্তুত করার কাজে ব্যস্ত রয়েছেন বলে জানিয়েছেন সিসৌদিয়া।
আরও পড়ুন:
সিবিআই তলব প্রসঙ্গে টুইটারে সিসৌদিয়া লিখেছিলেন, ‘‘সিবিআই আবার আমাকে ডেকেছে। ওরা (কেন্দ্র) আমার বিরুদ্ধে ইডি, সিবিআইকে পুরোদমে কাজে লাগিয়েছে। আধিকারিকরা আমার বাড়ি, ব্যাঙ্ক লকারে তল্লাশি চালিয়েছেন। কিন্তু, আমার বিরুদ্ধে কিছুই পাননি। দিল্লির শিশুদের জন্য ভাল শিক্ষার ব্যবস্থা করেছিলাম। ওরা তা রুখতে চায়।’’ তদন্তে তিনি সহযোগিতা করবেন বলেও টুইটারে জানিয়েছেন সিসৌদিয়া।