Advertisement
E-Paper

treadmill: অসুস্থ শরীরে ট্রেডমিলে নয়

ট্রেডমিলে হাঁটার উপকারিতা অনেক। তবে ওয়ার্ম-আপ না করে সেশন নয়

মধুমন্তী পৈত চৌধুরী

শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২২ ০৮:২১

বাড়িতে ঘাম ঝরানোর সেরা উপায় হতে পারে ট্রেডমিলে হাঁটা বা জগিং বা দৌড়নো। অতিমারি আবহে তো বটেই, বৃষ্টির দিনে বা যে কোনও পরিস্থিতিতে বাইরে যাওয়া যখন সম্ভব হয় না, তখন ট্রেডমিলে এক ঘণ্টার সেশন আপনার ওয়ার্কআউট রুটিনে ছেদ পড়তে দেয় না। ওজন ভারী ব্যক্তিদের মেদ ঝরানোর পাশাপাশি ট্রেডমিলে হাঁটার আরও কিছু সুফল রয়েছে। তবে হাঁটু-কোমরে ব্যথা থাকলে, তাঁদের ট্রেডমিল এড়িয়ে চলা শ্রেয়। শরীরে কোনও রকম অসুস্থতা থাকলেও, ট্রেডমিলে হাঁটা ঠিক নয়। এতে হিতে বিপরীত হতে পারে।

কোন বয়সের জন্য ট্রেডমিল?

ফিটনেস বিশেষজ্ঞ সৌমেন দাসের কথায়, ‘‘বারো বছর বয়স থেকে ষাট বছর পর্যন্ত যে কোনও ব্যক্তি ট্রেডমিলে ওয়ার্কআউট করতে পারে।’’ তবে সকলের জন্য ট্রেডমিল নয়। ব্যথা-অস্বস্তি থাকলে, ট্রেডমিলে হাঁটা বা জগিং করা উচিত নয়।

ট্রেডমিলে ওয়ার্কআউটের সুবিধে

সৌমেন দাস ট্রেডমিলে হাঁটার একাধিক উপযোগিতা সম্পর্কে অবহিত করালেন:

স্ট্রেস বা দুশ্চিন্তা কমাতে ট্রেডমিলের সেশন সাহায্য করে।

রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে।

রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করতে কাজে দেয়।

হাড় ও পেশি সচল রাখতে সাহায্য করে।

হার্টরেট নিয়ন্ত্রণ করে।

শরীরে অক্সিজেন এফিসিয়েন্সির মাত্রা বজায় রাখতে ভাল কাজ দেয়।

ভাল কোলেস্টেরলের পরিমাণ বাড়িয়ে, খারাপ কোলেস্টেরলের পরিমাণ কমিয়ে রাখে।

রক্তে ট্রাইগ্লিসারাইডের মাত্রা ঠিক রাখতে কাজ দেয়।

অস্টিয়োপোরোসিসের সমস্যায় যাঁরা ভোগেন, তাঁদের জন্য এই সেশন উপকারী।

মানসিক অবসাদে ভুগলে, ঘুম না হলে তাঁদের জন্য ট্রেডমিল ওয়ার্কআউটের পরামর্শ দেওয়া হয়। n ডিমেনশিয়া রোগীদের জন্যও এর সুফল রয়েছে।
ওজন বেশি হলে মেদ ঝরানোর জন্য ভীষণ ভাবে উপকারী ট্রেডমিল।

ট্রেডমিলে কার্ডিয়াক অ্যারেস্ট?

গত কয়েক মাসে ট্রেডমিলে ওয়ার্কআউট করার সময়ে বুকে ব্যথা ওঠা এবং তা থেকে মৃত্যুর খবর শিরোনামে এসেছে। এই বিষয়টি কতটা বিপজ্জনক? সৌমেনের কথায়, ‘‘একটা বয়সের পরে যদি মনে হয় সকালে গ্যাসট্রাইটিসের সমস্যা হচ্ছে বা কোনও রকম অস্বস্তি হচ্ছে, তখন ট্রেডমিলে হাঁটা একেবারে ঠিক নয়। যে কোনও মেশিন ব্যবহার করার আগে ওয়ার্ম-আপ সেশনের প্রয়োজন হয়। তবে আজকের ব্যস্ত প্রজন্ম সেটা না করেই শর্টকাটে কাজ সারতে চায়। হেঁটে এসে বা কোনও কাজ থেকে এসে ন্যূনতম বিশ্রাম না নিয়ে যদি ট্রেডমিল বা অন্য কোনও মেশিন ব্যবহার করা হয়, তখন বিপদের ঝুঁকি বাড়ে।’’

কতক্ষণ ট্রেডমিলে হাঁটা যায়?

ট্রেডমিলে কতক্ষণ হাঁটা বা জগিং করা হবে, তা জানা জরুরি। অতিরিক্ত সময় ধরে করার ফলেও অনেক ক্ষেত্রে বিপদ হয়। বিশেষজ্ঞদের মতে, যাঁরা প্রথম শুরু করছেন তাঁরা সপ্তাহে ১৫০ মিনিট করবেন। অর্থাৎ পাঁচ দিন, দিনে আধঘণ্টা করে। তিন-চার মাসের পরে দিনে এক ঘণ্টার সেশন করা যেতে পারে। তবে সবটাই শরীরের ক্ষমতার উপরে নির্ভর করে।

সতর্কতা মেনে ট্রেডমিলে হাঁটা অভ্যেস করলে তা শরীরের উপকারে লাগতে পারে।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy