ইডলি স্বাস্থ্যকর, খেতেও ভাল। বানানোও সহজ। কিন্তু দক্ষিণ ভারতীয় খাবারটি তৈরির উপযুক্ত সরঞ্জাম সকলের বাড়িতে থাকে না। তা হলে কি ইডলি বানাতে এবং খেতে ইচ্ছা হলে আবার খরচ করে সেই সব কিনতে হবে?
ইডলি বানানোর জন্য প্রেশার কুকার থেকে স্টিলের বাটি, গ্লাসই যথেষ্ট। দোকানের মতো আকৃতি না মিললেও, এমন ইডলিতে স্বাদের ফারাক হবে না। জেনে নিন, কী ভাবে তা তৈরি করবেন।
নরম ইডলি তৈরির জন্য চাল-ডালের অনুপাত এবং মিশ্রণটি সঠিক ভাবে মজিয়ে নেওয়া জরুরি। ১ কাপ চালের সঙ্গে মেশাতে হবে আধ কাপ বিউলির ডাল আর ১/৪ টেবিল চামচ মেথি। ৫-৬ ঘণ্টা প্রতিটি উপকরণ ভিজিয়ে রাখতে হবে। মিক্সারে ঘুরিয়ে নেওয়ার পরে মিশ্রণটি অন্তত ৭-৮ ঘণ্টা পরিষ্কার, শুকনো স্থানে রাখতে হবে ফারমেন্টশন বা মজানোর জন্য।
আরও পড়ুন:
পদ্ধতি ১: একটি বড় পাত্রে জল নিয়ে তার উপর একটি স্ট্যান্ড বসিয়ে দিন। ঢাকা দিয়ে জল ফুটতে দিন। জল ফুটে গেলে ঢাকা খুলে স্ট্যান্ডের উপর একটি ছোট থালা বসিয়ে তার উপরে ইডলির মিশ্রণ ঢেলে রাখা বাটি বসিয়ে উপর থেকে এমন ভাবে ঢাকা দিন, যাতে জলের ভাপ বেরিয়ে না যায়। ওই ভাপেই ইডলি রান্না হবে।
পদ্ধতি ২: স্টিলের বাটির বদলে ছোট ছোট স্টিলের গ্লাসে তেল ব্রাশ করে নিয়ে ইডলির মিশ্রণ ঢেলে দিন। জল ফুটতে দিয়ে তার উপর ছিদ্রযুক্ত থালা রেখে গ্লাসগুলি বসিয়ে ভাল করে ঢাকা দিন। ১৫-২০ মিনিটেই ইডলি রান্না হয়ে যাবে। একটু ঠান্ডা হলে গ্লাস উপুড় করে ঠুকলেই ইডলি বেরিয়ে আসবে। সেগুলি ছুরির সাহায্যে গোল করে কেটে নিন।
পদ্ধতি ৩: ছোট গোলাকার ইডলির বদলে খাটনি কমাতে বানিয়ে ফেলুন থাট্টে ইডলি। একটি পাত্রে জল ফুটতে দিয়ে দিন। থালায় তেল ব্রাশ করে ইডলির মিশ্রণ ঢেলে দিন। জলের উপরে স্ট্যান্ড বা বাটি বসিয়ে তার উপরে থালাটি রাখুন। উপর দিয়ে ঢাকা দিন। খেয়াল রাখতে হবে, যেন পাত্রের ফুটন্ত জল, ইডলির মিশ্রণ পর্যন্ত না পৌঁছোয়। থাট্টে ইডলির উপর পোরি মশলা ছড়িয়ে চাটনি, সম্বর দিয়ে খাওয়া হয়।