হোয়াট্সঅ্যাপে নিত্যনতুন ফিচার আসতেই থাকে। চলতি বছরে অল্প সময়ের ব্যবধানে একাধিক নতুন ফিচার এসেছে হোয়াট্সঅ্যাপে। কেবল চ্যাট করা নয়, ছবি পাঠানো থেকে ভয়েস ও ভিডিয়ো কল, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে হোয়াট্স্যাপ এখন আরও আকর্ষণীয়। গ্রাহকদের গোপনীয়তা রক্ষার বিষয়টিতেও নতুনত্ব এসেছে। আর এসেছে একই অ্যাপ থেকে একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করার সুবিধা। হোয়াট্সঅ্যাপ এখন আর শুধুমাত্র কথাবার্তা চালানোর জায়গা নয়, এর মাধ্যমে আরও অনেক কাজই করা সম্ভব।
চ্যাটবক্সে এআই
হোয়াট্সঅ্যাপের সবচেয়ে বড় বদলটা আসে মেটা এআই ইনস্টল হওয়ার পরে। এখন আলাদা কোনও অ্যাপ ছাড়াই চ্যাটবক্সের ভিতরেই এআই-এর সঙ্গে কথা বলা যায়। শুধু লিখে দিলেই সেকেন্ডের মধ্যে আপনার ইচ্ছামতো ছবি তৈরি করে দেবে এআই। কোনও ছবির ভোল বদলে দিতেও সে পারদর্শী।
ইউজারনেম ফিচার
হোয়াট্সঅ্যাপে এখন ফোন নম্বর শেয়ার না করেই চ্যাট করা যায়। ইউজ়ারনেম ফিচারটিতে নিজের ফোন নম্বর গোপন রেখেও কারও সঙ্গে কথাবার্তা চালিয়ে যেতে পারেন, ছবিও শেয়ার করতে পারেন। ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই এই ফিচারটি নিয়ে আসা হয়েছে।
একাধিক অ্যাকাউন্ট
একই ফোন থেকে হোয়াট্সঅ্যাপের একাধিক অ্যাকাউন্ট চালানোর সুবিধা এখন আছে। একই ফোনে ব্যক্তিগত এবং ব্যবসায়িক দু’টি আলাদা নম্বর ব্যবহার করার ক্ষেত্রে নানা সমস্যা হত এতদিন। এখন একটি ফোনে দু’টি আলাদা অ্যাকাউন্ট ব্যবহার করার সুবিধা দিয়েছে মেটা। প্রোফাইল আলাদাই হবে। এই সুবিধা আগে শুধুমাত্র ফেসবুকেই পাওয়া যেত, যাকে বলা হত ‘অ্যাকাউন্ট সুইচ’। এখন হোয়াট্সঅ্যাপেও করা যায়। এর জন্য প্রথমে প্রথমে হোয়াট্সঅ্যাপের সেটিংসে যেতে হবে। তার পর অ্যাড অ্যাকাউন্ট অপশনে ক্লিক করতে হবে। দ্বিতীয় ফোন নম্বরটি ভেরিফাই করাতে হবে। সেটি যাচাই হয়ে গেলে সহজেই এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ‘সুইচ’ করা যাবে।
আরও পড়ুন:
মেসেজের উত্তর
মেসেজ লেখার ক্ষেত্রে বা উত্তর দেওয়ার সময়ে এআই-এর সাহায্য নেওয়া যেতে পারে। চ্যাটবক্সে কারও কথার উত্তরে ঠিক কী লিখবেন তা বুঝতে না পারলে, এআই আপনাকে সাহায্য করবে। একাধিক অপশন দেবে। তার মধ্যে থেকে যুতসই উত্তরটি বেছে নিতে পারেন।
মেসেজ শিডিউল
এই ফিচারের মাধ্যমে আপনি আগে থেকেই কোনও মেসেজ লিখে রাখতে পারবেন। সেটি কোন দিন কাকে পাঠাবেন সেই দিনক্ষণও ঠিক করে রাখতে পারবেন। নির্দিষ্ট সময়ে আপনি ভুলে গেলেও হোয়াট্সঅ্যাপ ঠিক মনে করে সেই বার্তা পাঠিয়ে দেবে। আপনাকে সেই সময়ে অনলাইনে থাকতেও হবে না।
স্ক্রিন ও অডিয়ো শেয়ারিং
ভিডিয়ো কলে স্ক্রিন শেয়ার করার সময় এখন ফোনের অডিয়োও শেয়ার করা যায়। ফলে দূরে থাকা বন্ধুর সঙ্গে ভিডিয়ো কলে চ্যাট করার সময়ে একই সঙ্গে ইউটিউব ভিডিয়ো দেখা বা গান শোনা সম্ভব।
আরও পড়ুন:
স্ট্রিক্ট অ্যাকাউন্ট ফিচার
হোয়াট্সঅ্যাপ এনেছে ‘স্ট্রিক্ট অ্যাকাউন্ট ফিচার’ সেটিংস। এই ব্যবস্থা চালু থাকলে, অজানা বা অচেনা নম্বর থেকে ফোন, ভিডিয়ো বা অডিয়ো কল আসা বন্ধ হবে। অচেনা নম্বর থেকে লিঙ্ক পাঠিয়ে কেউ প্রতারণা করতে পারবে না। মেটা জানিয়েছে, হোয়াটস্অ্যাপে এই ফিচারটি চালু করে রাখলে ব্যক্তিগত ও গোপনীয় তথ্য চুরির ভয়ও থাকবে না। ফোন কলের সময় আপনার অবস্থান বা আইপি অ্যাড্রেসে যাতে কেউ নজরদারি না চালাতে পারে, তার জন্য বিশেষ ব্যবস্থা থাকবে। এই সুবিধাটি পেতে প্রথমে হোয়াট্সঅ্যাপের সেটিংস অপশনে যান। সেখানে গিয়ে ‘প্রাইভেসি’ অপশনে ক্লিক করুন। এ বারে স্ক্রল করে ‘অ্যাডভান্সড’ সেকশনে যেতে হবে। সেখানে গিয়ে ‘স্ট্রিক্ট অ্যাকাউন্ট সেটিংস’ অথবা ‘এক্সট্রিম প্রোটেকশন মোড’ চালু করে দিন। আপনাকে ৬ সংখ্যার পিন নম্বর দিতে হবে।