শনিবার টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিযান শুরু হচ্ছে ভারতের। তার আগে হার্দিক পাণ্ড্য জানালেন, গোটা দল আত্মবিশ্বাসী। তিনি বাকি সব দলকে ভয় পাওয়ানোর জন্য খেলতে নামছেন। হার্দিক জানিয়েছেন, দেশের হয়ে চার-পাঁচটি বিশ্বকাপ জেতাই তাঁর লক্ষ্য।
গত কয়েক বছরে হার্দিক অনেকটাই বদলে ফেলেছেন নিজেকে। এখন তিনি অলরাউন্ডার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন। দু’ভাবেই দলের হয়ে অবদান রাখছেন। ভবিষ্যতে ভারতের হয়ে বড় ম্যাচগুলিতে প্রধান ভূমিকা নিতে চান হার্দিক। সমর্থকদের আরও আনন্দ দিতে চান।
সম্প্রচারকারী চ্যানেলের একটি ভিডিয়োয় হার্দিক বলেছেন, “ভারতের হয়ে একাধিক ট্রফি জেতার যে কথা আগে বলেছিলাম, আজও তাই বলছি। ১০ বছর আগে নয়, আমার যাত্রা সবে শুরু হয়েছে। তবে এই হার্দিকের কাছে ১০ বছরের অভিজ্ঞতা রয়েছে। আরও উত্তেজক এবং ভয় পাওয়ানোর মতো। আমি দেশের হয়ে যত বেশি সম্ভব আইসিসি ট্রফি জিততে চাই। ভারতের হয়ে অন্তত চার-পাঁচটা ট্রফি জেতাই আমার লক্ষ্য। তা নিশ্চিত করার জন্য যা করতে হয় তাই করব। নিজেকে আরও উন্নতি এবং শক্তিশালী করে তুলতে চাই। ভবিষ্যতে আমার খেলায় বিপক্ষ দল ভয় পাবে। আমার মধ্যে ক্রিকেটার, বিশেষ করে ব্যাটার হিসাবে যে প্রতিভা রয়েছে, তাতে বাকিদের ভয় পাইয়ে দিতে চাই।”
আরও পড়ুন:
হার্দিক আরও বলেছেন, “কোনও জিনিস আপনি ব্যবহার করবেন বলেই কেনেন। ভয় পেলে সেই জিনিস কেনেন না। আমি খেলতে নামলে যে ক্যাচটা ধরে সেটা আমার পরা ঘড়ির থেকে বেশি মূল্যবান। ব্যাটিংয়ের সময় যে বল ধেয়ে আসে আমার দিকে, সেটা আমার পোশাকের থেকে বেশি মূল্যবান।”
দু’বছর আগে ভারতের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিলেন হার্দিক। সেই প্রতিযোগিতায় ৬ ইনিংসে ১৪৪ রান করেছিলেন তিনি। নিয়েছিলেন ১১টি উইকেট। ফাইনালে তাঁর বলেই ডেভিড মিলারের ক্যাচ ধরেন সূর্যকুমার যাদব, যা ভারতকে ট্রফি জিতিয়ে দেয়।