Advertisement
E-Paper

সুপার এইট শুরু বৃষ্টি দিয়ে! ভেস্তে গেল পাকিস্তান-নিউ জ়িল্যান্ড ম্যাচ, পয়েন্ট ভাগ দু’দলের

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটেও বাদ সাধল বৃষ্টি। পাকিস্তান বনাম নিউ জ়িল্যান্ড ম্যাচ ভেস্তে গেল। ফলে দু’দলকে পয়েন্ট ভাগাভাগি করে সন্তুষ্ট থাকতে হল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬ ২১:২৩
cricket

বৃষ্টিতে মাঠ ঢাকতে ব্যস্ত মাঠকর্মীরা। ছবি: পিটিআই।

পূর্বাভাস ছিলই। যত সময় গড়াল, তত বৃষ্টির দাপট বাড়ল। ফলে নির্ধারিত সময়ের আগেই সিদ্ধান্ত নিয়ে ফেললেন আম্পায়ারেরা। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট শুরু হল বৃষ্টি দিয়ে। ভেস্তে গেল পাকিস্তান বনাম নিউ জ়িল্যান্ড ম্যাচ। ফলে দু’দলকে পয়েন্ট ভাগাভাগি করে সন্তুষ্ট থাকতে হল।

শ্রীলঙ্কার মাটিতে চলতি বিশ্বকাপের বেশ কয়েকটি ম্যাচে প্রভাব ফেলেছে বৃষ্টি। এর আগেও বৃষ্টির কারণে খেলা ভেস্তে গিয়েছে। শনিবার যে কলম্বোতে বৃষ্টি হতে পারে তার কথা আগেই জানিয়েছিল শ্রীলঙ্কার আবহাওয়া দফতর। শনিবার সন্ধ্যায় হালকা বৃষ্টিও হয়। কিন্তু টসের আগে বৃষ্টি থেমে যাওয়ায় সময় মতোই টস হয়। পাকিস্তান টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়।

তবে খেলা শুরুর আগে আবার বৃষ্টি শুরু হয়। মাঠ আবার ঢেকে ফেলেন মাঠকর্মীরা। প্রথমে মনে করা হয়েছিল, তাড়াতাড়ি বৃষ্টি থেমে যাবে। কিন্তু যত সময় গড়ায় তত বৃষ্টির তীব্রতা বাড়তে থাকে। সাজঘরে দাঁড়িয়ে ক্রিকেটারেরা নিজেদের মধ্যে কথা বলছিলেন। সময় কমছিল। ওভারও কমতে শুরু করেছিল। ৫ ওভারের খেলা শুরু হওয়ার শেষ সময় ছিল রাত ১০.১৬ মিনিট।

কিন্তু ৯.১০ মিনিট নাগাদ আম্পায়ারেরা পরিস্থিতি বিবেচনা করে দেখেন যে বৃষ্টি থামলেও নির্ধারিত সময়ের মধ্যে খেলা শুরু করা যাবে না। ফলে ম্যাচ স্থগিত করার সিদ্ধান্ত নেন তাঁরা। দুই দলের অধিনায়ককে সে কথা জানিয়েও দেন তাঁরা। হাত মিলিয়ে নেন পাকিস্তানের অধিনায়ক সলমন আলি আঘা ও নিউ জ়িল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার।

এই ম্যাচ না হওয়ায় কোনও দল ২ পয়েন্ট পেল না। পাকিস্তান ও নিউ জ়িল্যান্ড দু’দলকেই ১ পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে হলে প্রতিটি পয়েন্ট গুরুত্বপূর্ণ। কিন্তু শুরুতেই ১ পয়েন্ট করে নষ্ট হল পাকিস্তান ও নিউ জ়িল্যান্ডের। ফলে খেলা না হওয়ায় হতাশ দু’দলই।

new zealand cricket Pakistan Cricket Team
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy