এশিয়া কাপ ফাইনাল শেষ হওয়ার পর থেকে নাটক চলছে। আক্রমণ-পাল্টা আক্রমণ হচ্ছে ভারত-পাকিস্তান দু’দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে। বাদ যায়নি মঙ্গলবারের এশীয় ক্রিকেট কাউন্সিলের বৈঠকও। কিন্তু এত ক্ষণ সব খবর শোনা যাচ্ছিল সূত্রের মুখ থেকে। অবশেষে মুখ খুললেন মহসিন নকভি। বিতর্ক শুরু হওয়ার তিন দিন পর। ভারতের সংবাদমাধ্যমকে নিশানা করেছেন নকভি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান স্পষ্ট করে দিয়েছেন, ট্রফি তাঁর হাত থেকেই নিতে হবে ভারতকে।
বুধবার ভারতের বেশ কিছু সংবাদমাধ্যম খবর করে যে, এশীয় ক্রিকেট কাউন্সিলের বৈঠকে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে ক্ষমা চেয়েছেন নকভি। কিন্তু ট্রফি ফেরত দেননি তিনি। এই খবরকে অসত্য বলে দাবি করেছেন নকভি। ফেসবুক ও এক্স হ্যান্ডলে তিনি লেখেন, “ভারতীয় সংবাদমাধ্যম অসত্য কথা বলছে। আমি সকলের সামনে বিষয়টা পরিষ্কার করে দিতে চাই। আমি কোনও ভুল কাজ করিনি। আমি কোনও দিন ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে ক্ষমা চাইনি। ভবিষ্যতেও কোনও দিন চাইব না।”
নকভির দাবি, ভুয়ো খবর পরিবেশন করে ভারতের মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে সংবাদমাধ্যমগুলি। তিনি লেখেন, “এই বানানো ভিত্তিহীন কথাগুলো অপপ্রচার ছাড়া কিছুই নয়। তার আসল উদ্দেশ্য নিজেদের মানুষকেই ভুল বোঝানো। দুর্ভাগ্যজনক ভাবে ভারত বার বার ক্রিকেটের মধ্যে রাজনীতি ঢোকাচ্ছে। ফলে ক্রিকেটের সৌন্দর্য নষ্ট হচ্ছে।”
আরও পড়ুন:
এশিয়া কাপের ফাইনাল শেষে ভারতীয় বোর্ড অভিযোগ করেছিল, ট্রফি নিয়ে পালিয়ে গিয়েছেন নকভি। তাঁকে ট্রফি ফেরত দিতে বলা হলেও তিনি দেননি। নকভি অবশ্য দাবি করেছেন, ট্রফি দিতে কোনও সমস্যা নেই তাঁর। নকভি লেখেন, “এশীয় ক্রিকেট কাউন্সিলের প্রধান হিসাবে আমি সে দিনও ট্রফি তুলে দিতে চেয়েছিলাম। এখনও চাই।”
তবে ভারতীয় বোর্ড স্পষ্ট জানিয়ে দিয়েছে, নকভির হাত থেকে ট্রফি তারা নেবে না। হয় সেই ট্রফি ভারতে পাঠিয়ে দিতে হবে। নইলে দুবাইয়ে এশীয় ক্রিকেট কাউন্সিলের দফতরে রেখে দিতে হবে। নকভি নিজের দাবিতে অনড়। তিনি লেখেন, “যদি ভারত সত্যিই ট্রফি নিতে চায়, তা হলে এশীয় ক্রিকেট কাউন্সিলের দফতরে এসে আমার হাত থেকে ওদের নিতে হবে। ওদের স্বাগত।”
নকভি যা-ই দাবি করুন না কেন, ভারতীয় বোর্ড বিষয়টিকে সহজে ছেড়ে দিতে চাইছে না। নকভির বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ করতে চলেছে ভারতীয় বোর্ড। পাকিস্তান বোর্ডের চেয়ারম্যান ও এশীয় ক্রিকেট কাউন্সিলের প্রধান হওয়ার পাশাপাশি নকভির আরও একটি পরিচয় রয়েছে। তিনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। ফলে তাঁর একটি রাজনৈতিক পরিচয়ও আছে। সেই পরিচয় সামনে এনে আইসিসি-র কাছে অভিযোগ জানাতে চলেছে ভারতীয় বোর্ড।
এশিয়া কাপ জেতার পর ভারতীয় দল নকভির হাত থেকে ট্রফি নিতে চায়নি। তার পরেই ট্রফি ও ভারতীয় ক্রিকেটারদের মেডেল নিজের হোটেলের ঘরে নিয়ে চলে যান নকভি। এই ঘটনায় এশীয় ক্রিকেট কাউন্সিলের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ভারতের অভিযোগ, এশীয় কাউন্সিলের প্রধান নন, এশিয়া কাপে নকভি পাকিস্তানের মন্ত্রীর মতো ব্যবহার করেছেন। যে দল যোগ্য দল হিসাবে চ্যাম্পিয়ন হয়েছে তাদের ট্রফি দেওয়া হচ্ছে না। এতে বিশ্বের সামনে এশীয় ক্রিকেটের সম্মানহানি হচ্ছে। তাই নকভিকে তাঁর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবি জানাতে চলেছে ভারত। এই বিষয়ে অপর কয়েকটি দেশের বোর্ডকে পাশে পেতে পারে ভারত।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নকভির থেকে ট্রফি নিতে চায়নি ভারত। ট্রফি ছাড়াই উৎসব করে তারা। পুরস্কার বিতরণী অনুষ্ঠান দেড় ঘণ্টা পরে শুরু হয়।
- এশিয়া কাপের শুরু থেকেই ভারত বনাম পাকিস্তান ম্যাচে দেখা দিয়েছে বিতর্ক। ফাইনালও ব্যতিক্রম নয়।
-
এশিয়া কাপের করমর্দন বিতর্ক বিশ্বকাপেও! পাক ক্রিকেটারদের সঙ্গে রবিবার হাত মেলানো নয়, হরমনপ্রীতদের বলে দিল বোর্ড
-
অবশেষে বিসিসিআইয়ের কাছে দুঃখপ্রকাশ নকভির? তবু নাছোড় ভারতীয় বোর্ডের ইমপিচমেন্টের হুমকি পাক কর্তাকে
-
‘২০২২ সালে জয় শাহও তো ট্রফি দেননি!’ ভারতীয় বোর্ডের ইয়র্কারেই নাকি ‘বোল্ড’ পাক কর্তা নকভি, ভারতের পাশে আরও তিন দেশ
-
ভারতের প্যাঁচে সমস্যায় পাকিস্তান অধিনায়ক! সলমনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত ভারতীয় বোর্ডের
-
নতুন শর্ত চাপালেন নকভি! খোদ সূর্যকে দুবাইয়ে গিয়ে এশিয়া কাপের ট্রফি নিতে হবে, বলে দিলেন পাক বোর্ডের কর্তা