Advertisement
E-Paper

৬৮ লাখ টাকা! পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ জরিমানা নাসিমের, মহিলা মুখ্যমন্ত্রীকে ‘রানি’ বলার শাস্তি পাক বোলারকে

পাক পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মারিয়াম নওয়াজ়কে ‘রানি’ বলে কটাক্ষ করার শাস্তি পেলেন নাসিম শাহ। পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ জরিমানা করা হয়েছে জোরে বোলারকে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৬ ০০:১৩
picture of cricket

নাসিম শাহ। —ফাইল চিত্র।

নাসিম শাহকে ৭২ হাজার আমেরিকান ডলার জরিমানা করল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে কোনও ক্রিকেটারকে কখনও এত বড় মাপের জরিমানা করা হয়নি। পাক পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মারিয়াম নওয়াজ়কে ‘রানি’ বলে কটাক্ষ করার শাস্তি পেলেন জোরে বোলার।

পিসিবির থেকে নাসিম বছরে যে বেতন পান, দুই তৃতীয়াংশ জরিমানা করা হয়েছে। পাকিস্তানের টাকায় যার পরিমান ২ কোটি টাকা। ভারতের মূল্যে ৬৮ লাখ টাকা। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) উদ্বোধনী ম্যাচে লাহৌরের গদ্দাফি স্টেডিয়ামে এসেছিলেন মারিয়ম। তাঁকে স্টেডিয়ামে স্বাগত জানান পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি। সেই ছবি সমাজমাধ্যমে পোস্ট করেছিল পিসিবি। তাতে নাসিম মন্তব্য করেছিলেন, ‘‘ওঁকে কেন সব সময় লর্ডসের রানির মতো সম্মান দেওয়া হয়।’’

এই মন্তব্যে বিতর্ক তৈরি হয়। তাঁর বিরুদ্ধে মহিলা মুখ্যমন্ত্রীকে অপমান করার অভিযোগ ওঠে। নাসিম অবশ্য দাবি করেছিলেন, তাঁর সমাজমাধ্যমের অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল। বিষয়টি জানতে পেরেই মুছে দেন। তাঁর এই যুক্তি বা সাফাই গ্রহণযোগ্য মনে করেননি ক্ষুব্ধ পিসিবি কর্তারা। নাসিমকে ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিস দেয় পিসিবি। পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা বোলারের বিরুদ্ধে বিরুদ্ধে চুক্তির শর্তভঙ্গ, শৃঙ্খলাভঙ্গ এবং সমাজমাধ্যম অপব্যবহারের অভিযোগ আনা হয়। এ বার রাজনৈতিক বিতর্কিত মন্তব্য করার অপরাধে নাসিমকে ৬৮ লাখ টাকা জরিমানা করল পিসিবি।

গত বছর রাজনৈতিক মন্তব্য করে পাক বোর্ডে রোষে পড়েছিলেন অলরাউন্ডার আমের জামাল। তাঁকেও ৪০০০ আমেরিকান ডলার বা প্রায় ৩ লাখ ৭৭ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। তবে নাসিমের মতো বড় জরিমানা পাকিস্তানের কোনও ক্রিকেটারকে কখনও করা হয়নি।

PCB Naseem Shah Fine PSL
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy