Advertisement
E-Paper

রোহিতের রোগে ধরেছে শ্রেয়সকে! খেলা জিতে পুরস্কার মঞ্চে যাওয়ার সময় ভুলে গেলেন জুতো পরতে, ধার নিলেন ক্যামেরাম্যানের কাছে

শ্রেয়স আয়ারকে কি রোহিত শর্মার রোগে ধরেছে? লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে পুরস্কার মঞ্চে যাওয়ার সময় জুতো পরতেই ভুলে গেলেন পঞ্জাব কিংসের অধিনায়ক।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৬ ১৬:৫৩
cricket

শ্রেয়স আয়ার। ছবি: পিটিআই।

ম্যাচ জিততে ভুলছেন না। বোলিং পরিবর্তন থেকে শুরু করে পরিকল্পনা, সব কিছুই ঠিকমতো মনে রয়েছে। শুধু ভুলে গেলেন জুতো পরতে! শ্রেয়স আয়ারকে কি রোহিত শর্মার রোগে ধরেছে? লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে পুরস্কার মঞ্চে যাওয়ার সময় জুতো পরতেই ভুলে গেলেন পঞ্জাব কিংসের অধিনায়ক। ক্যামেরাম্যানের কাছ থেকে ধার নিতে হল জুতো।

শ্রেয়সের সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল। সেখানে দেখা যাচ্ছে, লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে পুরস্কার মঞ্চের দিকে এগোচ্ছেন শ্রেয়স। তাঁর পায়ে তখন স্লিপার। হঠাৎই তাঁর সঙ্গে থাকা পঞ্জাবের এর সাপোর্ট স্টাফ শ্রেয়সকে সে কথা মনে করিয়ে দেন। পায়ে জুতো নেই দেখে থমকে যান শ্রেয়স। তখন আর সাজঘরে ফিরে গিয়ে জুতো পরার সময় ছিল না।

কিছু ক্ষণ চার দিকে তাকান তিনি। তখনই হয়তো পরিচিত কোনও ক্যামেরাম্যানকে শ্রেয়স দেখতে পান। তাঁকে কিছু একটা বলেন। তার পরেই দেখা যায়, সেই ক্যামেরাম্যান নিজের জুতো খুলে রাখছেন। শ্রেয়স নিজের স্লিপার খুলে রেখে সেই জুতো পরেন। তাতে বোঝা যায়, ক্যামেরাম্যানের কাছ থেকে জুতো ধার নেন তিনি। সেই জুতো পরে পুরস্কার মঞ্চে ওঠেন শ্রেয়স।

এই ঘটনার ভিডিয়ো দেখে সকলে মজার মন্তব্য করেছেন। কেউ জানিয়েছেন, জয়ের আনন্দে জুতো পরতে ভুলে গিয়েছিলেন শ্রেয়স। আবার কেউ কেউ বলেন, রোহিতের রোগে ধরেছে তাঁকে। রোহিত যেমন ফোন, পাসপোর্ট থেকে শুরু করে বিমানের টিকিটও ভুলে যান, তেমনই শ্রেয়স জুতো পরতে ভুলে গিয়েছেন।

আইপিএলে এখনও পর্যন্ত অপ্রতিরোধ্য পঞ্জাব কিংস। ভাল নেতৃত্ব দিচ্ছেন শ্রেয়স। ছ’ম্যাচ খেলে পাঁচটি জিতেছে পঞ্জাব। একটি ম্যাচ ভেস্তে গিয়েছে। খেলা হলে হয়তো সেটিও জিতত তারা। পয়েন্ট তালিকায় সকলের উপরে পঞ্জাব। আইপিএলে ভাল নেতৃত্ব দেওয়ায় নজরে শ্রেয়স। এ বার ভারতীয় দলের অধিনায়ক হওয়ার দৌড়ে তিনি।

এমনিতেই ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব চাপে রয়েছেন। ব্যাট হাতে ফর্মে নেই তিনি। ফলে তাঁকে সরিয়ে বোর্ড টি-টোয়েন্টিতে নতুন অধিনায়ক ঘোষণা করতে পারে। সেই দৌড়ে শ্রেয়স রয়েছেন। তবে যদি সূর্যকে না সরানো হয়, তার পরেও শ্রেয়স ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক হতে পারেন।

নেপথ্যে রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি পরিকল্পনা। টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতীয় বোর্ড চাইছে ৩০-৩৫ জন ক্রিকেটার তৈরি রাখতে। চলতি বছর একসঙ্গে একাধিক প্রতিযোগিতা রয়েছে। যেমন চলতি বছর সেপ্টেম্বর-অক্টোবর মাসে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়। সেখানে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে ভারত। আবার সেই সময়ই রয়েছে এশিয়ান গেমস। সেখানেও ক্রিকেট রয়েছে। ফলে একই সময়ে ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ় ও এশিয়ান গেমসে দু’টি পৃথক ভারতীয় দলকে খেলতে দেখা যাবে।

সে ক্ষেত্রে দু’টি দলের দুই অধিনায়ক প্রয়োজন। একটি দলের অধিনায়ক হতে পারেন শ্রেয়স। আবার ২০২৮ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। আবার সেই বছরই অলিম্পিক্স রয়েছে। সে বার অলিম্পিক্সে ক্রিকেট রয়েছে। ফলে দু’টি সিরিজ়ে খেলানোর মতো ক্রিকেটার তৈরি রাখতে হবে। সেখানেও শ্রেয়স একটি দলকে নেতৃত্ব দিতে পারেন।

সংক্ষেপে
  • আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
  • ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
  • এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
Shreyas Iyer Punjab Kings Rohit Sharma
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy