Advertisement
E-Paper

পাকিস্তানের স্পিনার আইপিএলের মালিকের দলে! আবরারকে কিনে বিতর্কে কাব্য মারানের সানরাইজার্স

জল্পনা চলছিল, নিলামে পাকিস্তানের কোনও ক্রিকেটারকে ভারতীয় মালিকেরা কিনবেন না। কিন্তু সানরাইজার্স পাক স্পিনার আবরার আহমেদকে কিনেছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ মার্চ ২০২৬ ২২:৪৮
cricket

সানরাইজার্সের মালকিন কাব্য মারান। ছবি: এক্স।

নিলামের শুরুটা দেখে মনে হয়েছিল, পাকিস্তানের কোনও ক্রিকেটার বুঝি দল পাবেন না। পেলেও ভারতের কোনও মালিক তাঁদের কিনবেন না। কিন্তু সকলকে চমকে দিয়ে পাকিস্তানের আবরার আহমেদকে আড়াই কোটি টাকায় কিনেছে সানরাইজার্স। দীর্ঘ দিন পর পাকিস্তানের কোনও ক্রিকেটার ভারতীয় মালিকের দলে খেলবেন। ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে কাব্য মারানের দলকে নিয়ে। আইপিএলে সানরাইজার্সকে বয়কটের দাবিও শুরু হয়েছে সমাজমাধ্যমে।

ইংল্যান্ডের লিগ ‘দ্য হান্ড্রেড’-এর নিলামে এই ঘটনা ঘটেছে। এই প্রতিযোগিতায় আইপিএলের মালিকদের চারটি দল রয়েছে। এমআই লন্ডন (মুম্বই ইন্ডিয়ান্স), ম্যাঞ্চেস্টার সুপার জায়ান্টস (লখনউ সুপার জায়ান্টস), সানরাইজার্স লিডস (সানরাইজার্স হায়দরাবাদ) ও সাদার্ন ব্রেভ (দিল্লি ক্যাপিটালস)।

‘দ্য হান্ড্রেড’-এর নিলামের আগে শোনা গিয়েছিল, এই চার দলের কেউ পাকিস্তানের কোনও ক্রিকেটারকে কিনবে না। যদিও তারা কোনও ঘোষণা করেনি। এই জল্পনা শুরু হওয়ার পর ইংল্যান্ডের বেশ কিছু বর্তমান ও প্রাক্তন ক্রিকেটার সমালোচনাও করেছিলেন। কিন্তু নিলামের টেবিলে ছবিটা বদলে গেল।

নিলামে হ্যারিস রউফ, শাদাব খান ও সাইম আয়ুবকে কোনও দল কেনেনি। চতুর্থ ক্রিকেটার উসমান তারিক দল পান। তাঁকে কেনে বার্মিংহ্যাম ফিনিক্স। সেই দলে কোনও ভারতীয় মালিক নেই। চমক দেখা যায় আবরারের নিলামের সময়। ট্রেন্ট রকেটসের সঙ্গে লড়াই চলে সানরাইজার্সের। কাব্য মারানকে দেখে মনে হচ্ছিল, তিনি আবরারকে কিনে তবেই ছাড়়বেন। সেটাই করেন আইপিএলে অভিষেক শর্মা, ঈশান কিশনদের দলের মালকিন।

কিছু ক্ষণের মধ্যেই সানরাইজার্সের জার্সি পরা আবরারের ছবি সমাজমাধ্যমেও পোস্ট করে তারা। এই পোস্টের পরেই শুরু হয়েছে বিতর্ক। ভারতীয় ক্রিকেটপ্রেমীদের একটা বড় অংশ এই সিদ্ধান্ত ভাল ভাবে নেননি। তাঁদের দাবি, নিলামে অনেক ক্রিকেটার ছিলেন। পাকিস্তানের স্পিনারকে না কিনলে ক্ষতি হত না। যেখানে বাকি তিন ভারতীয় মালিক পাকিস্তানের কোনও ক্রিকেটার কেনেননি, সেখানে কেন আবরারকে কিনলেন কাব্য।

চলতি মাসেই শুরু আইপিএল। অনেকে দাবি করেছেন, আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদকে সকলের বয়কট করা উচিত। কেউ কেউ বলেছেন, আইপিএলেও ভারতীয় ক্রিকেটারদের থেকে বিদেশি ক্রিকেটারদের বেশি গুরুত্ব দেয় সানরাইজার্স। যেখানে বাকি ন’দলে ভারতীয় অধিনায়ক রয়েছেন, সেখানে একমাত্র সানরাইজার্সের অধিনায়ক বিদেশি (প্যাট কামিন্স)। এর থেকেই প্রমাণিত, তারা ব্যবসা ছাড়া কিছু বোঝে না। অনেকে তো এ-ও বলেছেন, আইপিএলে মুস্তাফিজুর রহমানের যা হাল হয়েছে, ‘দ্য হান্ড্রেড’ লিগে সেটাই হবে আবরারের। নিলামে কিনেও মুস্তাফিজুরকে ছাড়তে বাধ্য হয়েছে কলকাতা নাইট রাইডার্স। ঠিক একই রকম ভাবে আবরারকে লিগ শুরুর আগেই ছাড়তে বাধ্য হবে সানরাইজার্স।

The Hundred Sunrisers Hyderabad Kavya Maran Abrar Ahmed
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy