ট্রেনে পরিবারের সঙ্গে ভ্রমণ করছিলেন এক তরুণ। ট্রেনের কামরাতেই বসে মদ্যপানের অভিযোগ উঠল তরুণের বিরুদ্ধে। সহযাত্রীদের এক জন সেই ঘটনাটি ভিডিয়ো করতে শুরু করেন। তরুণের আচরণে প্রতিবাদ করেন ওই সহযাত্রী। ট্রেনের আসনে বসে মদ্যপান করার সেই ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ট্রেনে এক ব্যক্তি তাঁর পরিবারের সঙ্গে ভ্রমণ করার সময় মদ্যপান করছিলেন। ভিডিয়োটি রেকর্ড করতেই তিনি মদের পাত্রটি লুকিয়ে ফেলার চেষ্টা করেন। এই ঘটনায় সহযাত্রী প্রতিবাদ করে ওঠেন। মদ্যপ তরুণের উল্টো দিকে বসা এক বৃদ্ধা জানান, ওই তরুণ সম্পর্কে তাঁর জামাই। তিনি সহযাত্রীকে অনুরোধ করেন তাঁর জামাইকে যেন ক্ষমা করে দেওয়া হয়। ঘটনার সময় ওই পরিবারের সঙ্গে দুই নাবালিকাও উপস্থিত ছিল বলে ভিডিয়োয় দেখা যায়। এর পরে, ভিডিয়োটিতে আরও এক জন বয়স্ক ব্যক্তিকে ক্ষমাপ্রার্থনা করতে দেখা গিয়েছে। যিনি ভিডিয়োটি রেকর্ড করছিলেন তাঁকে বলতে শোনা যায় ‘‘ট্রেনে মদ্যপান কোরো না। যখন বাড়ি পৌঁছোবে, তখনই মদ্যপান কোরো। এখানে নয়।’’
ভিডিয়োটি ‘সোলইফ্যাক্টস’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। নেটাগরিকদের অনেকেই প্রতিক্রিয়া জানিয়েছেন ভিডিয়োয়। আইন অনুযায়ী রেলে সফরের সময় নেশাগ্রস্ত অবস্থায় পাওয়া গেলে, মদ্যপান করলে, ১০০০ টাকা জরিমানা ও কারাদণ্ড হতে পারে। রেলের কামরায় মদ পরিবহণও নিষিদ্ধ।