ভাগ্যে বিশ্বাস করেন না এমন লোক মনে হয় পৃথিবীতে কমই আছেন। সেই বিশ্বাস থেকে অনেকেই মনে করেন বিয়ের পর কিছু মানুষের ভাগ্য বদলে যায়, অথবা সঙ্গী জীবনে সৌভাগ্য বয়ে নিয়ে আসে। তেমনই একটি ঘটনা ঘটেছে এক তরুণের সঙ্গে। বিয়ের জল গায়ে পড়তে না পড়তেই তাঁর কপাল ফিরে যায়। শুভদিনের আনন্দ দ্বিগুণ হয়ে ফিরে এসেছে জীবনে। সেই ঘটনারই একটি ভিডিয়ো সমাজমাধ্যমে প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োয় ধরা পড়েছে এক তরুণের বাড়িতে বিয়ের প্রস্তুতি চলছে। গায়েহলুদের অনুষ্ঠান সবে সারা হয়েছে। তরুণের আপাদমস্তক হলুদে পরিপূর্ণ। এই অবস্থায় তাঁর বাড়িতে আসেন পোস্ট অফিসের পিয়ন। তরুণ বাড়ির বাইরে বেরিয়ে আসতেই তাঁর হাতে লম্বা একটি খাম তুলে দেন পিয়ন। সেটি ছিল সরকারি চাকরিতে যোগদানের চিঠি। বিএসএফে যোগ দেওয়ার চিঠি পেয়েছেন তরুণ। ঘোড়ায় চড়ে বিয়ে করতে যাওয়ার ঠিক আগের মুহূর্তে এই শুভ খবর পেতেই আনন্দ ফুটে ওঠে তরুণের মুখে।
ভিডিয়োটি ‘সোনুযাদব’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করার পর কয়েক লক্ষ বার দেখা হয়েছে এটি। বহু মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন ভিডিয়োয়। তরুণের সৌভাগ্য দেখে খুশি হয়েছেন নেটাগরিকেরা। অনেকে তাঁর ভবিষ্যতের জন্য শুভকামনাও জানিয়েছেন। এক নেটমাধ্যম ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘‘বিয়ে ঠিক হওয়ার পরেই ভাইয়ের ভাগ্য বদলে গিয়েছে।’’ অন্য একজন লিখেছেন, ‘‘দারুণ খবর! বিয়ের দিন যোগদানের চিঠি পাওয়াটা দ্বিগুণ আনন্দের। মনে হচ্ছে কঠোর পরিশ্রম এবং ইচ্ছাশক্তি দুটোই সত্যি হয়েছে।’’