ছয় সন্তান। কিন্তু তাদের কেউই তাঁর ঔরসে জন্ম নেয়নি! স্ত্রীর মৃত্যুর পর সন্দেহের বশবর্তী হয়ে সন্তানদের ডিএনএ পরীক্ষা করে তেমনটাই জানতে পারলেন এক যুবক। আর তার পরেই লাঠি নিয়ে ছুটলেন স্ত্রীর সমাধিক্ষেত্রে। সমাধিক্ষেত্রেই একের পর এক লাঠির আঘাত করে রাগ উগরে দিলেন তিনি। তেমনটাই দাবি করা হয়েছে সম্প্রতি সমাজমাধ্যমে প্রকাশ্যে আসা একটি ভিডিয়োয়। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। হইচইও ফেলেছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি সমাধিক্ষেত্রের উপর লাঠি দিয়ে আঘাত করছেন এক যুবক। যুবক সম্ভবত বিদেশি। সমাধিক্ষেত্রে একের পর এক লাঠির বাড়ি মেরেই চলেছেন তিনি। তাঁর মুখে রাগের ছাপ, চোখে জল। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ভিডিয়োয় দাবি করা হয়েছে, ওই যুবকের স্ত্রী মারা গিয়েছেন এবং ওই সমাধিক্ষেত্র সেই মহিলারই। স্ত্রীর মৃত্যুর পর সন্দেহের বশবর্তী হয়ে ছয় সন্তানের ডিএনএ পরীক্ষা করিয়েছিলেন তিনি। তখনই জানতে পারেন, ওই সন্তানদের কারও জন্মদাতা তিনি নন। এর পরেই রেগে গিয়ে স্ত্রীর সমাধিক্ষেত্রে গিয়ে তাণ্ডব চালান যুবক।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ঘর কা কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। সমাজমাধ্যমে বিতর্কের জন্ম দিয়েছে ভিডিয়োটি। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। অনেকে আবার ভিডিয়োটির সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন। যুবকের প্রতি সহানুভূতিও প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। আবার সমাধিক্ষেত্রের মতো জায়গায় তাণ্ডব চালানোর জন্য তাঁর নিন্দাও করেছেন অনেকে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘যুবকের জন্য খারাপ লাগছে।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘যা-ই হোক, সমাধিক্ষেত্রে এই ধরনের আচরণ কাম্য নয়।’’ তৃতীয় এক নেটাগরিক আবার লিখেছেন, ‘‘সন্দেহ হচ্ছে। এই ঘটনাটি যে সত্যি তা বিশ্বাস করব কী ভাবে। এই ভিডিয়োয় যা দেখা যাচ্ছে, তা সত্যি না-ও হতে পারে।’’