Advertisement
E-Paper

বন্দে ভারতের ৭০০ টাকার টিকিট মিলবে ৩৮০ টাকায়! টিকিট পরীক্ষকের ভিডিয়ো ভাইরাল হতেই পদক্ষেপ করল রেল

একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, দুই তরুণ বন্দে ভারতে ওঠার জন্য টিকিট পরীক্ষকের সঙ্গে কথা বলছেন। তাঁদের কাছে ট্রেনের টিকিট নেই। টিকিট পরীক্ষক কোনও বন্দোবস্ত করতে পারবেন কি না, তা নিয়ে দু’পক্ষের মধ্যে আলোচনা চলছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ মে ২০২৬ ১২:২২

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

বন্দে ভারত এক্সপ্রেসে যাত্রা করতে চাইছিলেন দুই তরুণ। কিন্তু টিকিট কাটা নিয়ে সমস্যায় পড়েছিলেন তাঁরা। টিকিট পরীক্ষকের দ্বারস্থ হতে এই সমস্যার চটজলদি সমাধান করে দিলেন তিনি। নিয়ম মেনে যে টিকিট কাটতে গেলে ৭০০ টাকা খরচ হওয়ার কথা, সেই টিকিটের বন্দোবস্ত তিনি ৩৮০ টাকায় করে দিতে পারবেন বলে দাবি করলেন। বেআইনি পদ্ধতিতে টিকিট পরীক্ষকের টিকিট বিক্রি করার এই ভিডিয়োটি (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম) সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তেই সমালোচনার বন্যা বয়ে যায়। ভিডিয়োটি রেল কর্তৃপক্ষের নজরে পড়তে টিকিট পরীক্ষকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয় ভারতীয় রেল।

‘ঘর কে কলেশ’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক টিকিট পরীক্ষক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছেন। সামনে দাঁড়িয়ে বন্দে ভারত এক্সপ্রেস। দুই তরুণ বন্দে ভারতে ওঠার জন্য টিকিট পরীক্ষকের সঙ্গে কথা বলছেন। কিন্তু তাঁদের কাছে টিকিট নেই। টিকিট পরীক্ষক কোনও বন্দোবস্ত করতে পারবেন কি না, তা নিয়ে দু’পক্ষের মধ্যে আলোচনা চলছে। সেই দৃশ্যই ধরা পড়েছে ভিডিয়োয়।

টিকিট পরীক্ষকের দাবি, নিয়ম মেনে টিকিট কাটলে ৭০০ টাকা খরচ হবে। কিন্তু তিনি সেই টিকিট ৩৮০ টাকায় দিতে পারেন। ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তেই তা রেল কর্তৃপক্ষের নজরে পড়ে। রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়, টিকিট পরীক্ষককে নিলম্বিত (সাসপেন্ড) করা হয়েছে। এই বিষয়ে তদন্ত শুরু করেছে ভারতীয় রেল। ভিডিয়োটি দেখে ক্ষোভ প্রকাশ করে এক নেটাগরিক লিখেছেন, ‘‘অন্যায় ভাবে টাকা আদায়ের চেষ্টা করছিলেন টিকিট পরীক্ষক। উপযুক্ত শাস্তি পেয়েছেন।’’

Viral Video Vande Bharat Express Indian Railways
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy