Advertisement
E-Paper

বিয়ের আগের রাতে বরের বাড়ি গেলেন কনে, নাচে-গানে প্রেম প্রকাশের সাক্ষী থাকল হবু শ্বশুরবাড়ি! ভাইরাল ভিডিয়ো

বর নয়, বিয়ের আগের রাতে কনের হবু শ্বশুরবাড়িতে যাওয়ার পরে হল শোরগোল। গাড়ির সানরুফ খুলে হাতে মাইক নিয়ে তরুণের বাড়ির সামনে হাজির হলেন তরুণী। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ মে ২০২৬ ১১:৫০

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

হিন্দু বিয়ে মানেই নানা নিয়মের বহর। একই সঙ্গে চাকচিক্য এবং আপ্যায়নের নজির। তার মধ্যে সকলের নজর যে দিকে আটকে থাকে তা হল বিয়ের দিন বরের প্রবেশ। অনেকে ঘোড়ার গাড়ি চড়ে আসেন, অনেকে আবার ফুলেল সজ্জায় ঢাকা চারচাকায়। কিন্তু ভাইরাল এক ভিডিয়োয় দেখা গেল অন্য রূপ। বর নয়, বিয়ের আগের রাতে কনে হবু শ্বশুরবাড়িতে যাওয়ায় পড়ে গেল শোরগোল। গাড়ির সানরুফ খুলে হাতে মাইক নিয়ে তরুণের বাড়ির সামনে হাজির হলেন তরুণী। হাতে মাইক নিয়ে জানালেন ভালবাসার কথা। হবু শ্বশুরবাড়ির প্রত্যেকে তা দেখলেন। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, সাদা রঙের চারচাকা। সেটির সানরুফ খুলে দাঁড়িয়ে রয়েছেন এক তরুণী। এক হাতে মাইক, অপর হাতে একগুচ্ছ লাল রঙের ভালবাসা আকৃতির বেলুন। একটি বাড়ির সামনে গিয়ে দাঁড়াল গাড়িটি। সেই বাড়ির লোকজন সব রাস্তার জড়ো হয়ে গেলেন। তরুণী হাতে থাকা মাইকে বলা শুরু করলেন মনের কথা। তা শুনে বাড়ির ভিতর থেকে বেরিয়ে এলেন তরুণ। সেই তরুণের সঙ্গেই ঠিক হয়েছে তরুণীর বিয়ে। বরের শোভাযাত্রা কনের বাড়ি পৌঁছোনোর আগেই কনে নিজে শোভাযাত্রা নিয়ে হাজির হলেন বরের বাড়ির সামনে। ফাটানো হল বাজি। বক্সে গান বাজিয়ে নেচে দেখালেন তরুণী। তরুণের হাতে দিলেন ফুলের তোড়া। গলায় পরালেন লাল রঙের ফুলের মালা। তরুণের মুখ লজ্জায় লাল হয়ে গেল। তিনি চুপচাপ দাঁড়িয়ে হবু বউয়ের কাণ্ড দেখছিলেন। কিন্তু তরুণী তাঁর হাত ধরে টেনে নিয়ে গেলেন নাচার জন্য। সঙ্গে নিলেন শ্বশুরবাড়ির লোকজনকেও। সকলে মিলে একসঙ্গে নাচলেন। মজাও করলেন। তাঁদের মুখের হাসিতেই আনন্দ প্রকাশ পেল। মন ভাল করা সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘নন্দিনী.অ্যান্ড.সার্থক’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রায় পাঁচ লক্ষ নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। নানা মন ভাল করা মন্তব্যে ভরে গিয়েছে ভিডিয়োটির মন্তব্যবাক্স। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘বরের হাসিতেই বোঝা যাচ্ছে তিনি ঠিক কতটা খুশি।’’ অপর এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘এ যেন পুরো সিনেমার প্রেমের গল্প।’’ তরুণীর আত্মবিশ্বাসের প্রশংসা করেছেন অনেকে।

Viral Video Viral Story Instagram Reel Instagram Viral
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy