Advertisement
E-Paper

ঘাসছাঁটাই কর্মীর আয় ১৫ লক্ষ, চড়েন বিলাসবহুল গাড়ি! জীবনও আরামের, ভাইরাল ভিডিয়োয় তাজ্জব নেটপাড়া

ভাইরাল হওয়া ওই ভিডিয়োতে বিষয়স্রষ্টা ঈশ্বর যাদব আমেরিকার রাস্তায় পার্ক করা একটি বিলাসবহুল গাড়ি দেখান। তিনি জানান, গাড়িটি এমন এক ব্যক্তির যিনি মাঠে-বাগানে ঘাস কাটার কাজ করেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ জুন ২০২৬ ১১:০০
Video claims a lawnmower come to work in luxury car in America, lead luxurious lifestyle

ছবি: ইনস্টাগ্রাম।

বর্তমানে সমাজমাধ্যমে বিদেশের জীবনযাত্রা, চাকরি এবং আয়-রোজগার বিষয়ক ভিডিয়োগুলি ক্রমশ ভাইরাল হচ্ছে। বিশেষ করে আমেরিকা, কানাডা এবং ইউরোপের মতো দেশগুলির ভিডিয়ো মানুষের ব্যাপক মনোযোগ আকর্ষণ করছে। অনেক কন্টেন্ট ক্রিয়েটর (বিষয়স্রষ্টা)-ই সেখানকার কাজের পরিবেশ, বেতন এবং জীবনযাত্রার চিত্র তুলে ধরেন, যা দেখে মানুষ অবাক হয়ে যান। এরই মধ্যে আমেরিকায় বসবাসকারী এক ভারতীয় বিষয়স্রষ্টার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ভিডিয়োতে এক জন বাগানের ঘাস ছাঁটাইকর্মীর আয় এবং তাঁর বিলাসবহুল গাড়িটি দেখানো হয়েছে। দাবি, আমেরিকায় যাঁরা ঘাস কাটার মতো সামান্য কাজ করেন, তাঁরাও এত ভাল আয় করেন যে বিলাসবহুল গাড়ি চালিয়ে কাজে আসা-যাওয়া করেন। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। অনলাইনে হইচইও ফেলেছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

ভাইরাল হওয়া ওই ভিডিয়োতে বিষয়স্রষ্টা ঈশ্বর যাদব আমেরিকার রাস্তায় পার্ক করা একটি বিলাসবহুল গাড়ি দেখান। তিনি জানান, গাড়িটি এমন এক ব্যক্তির যিনি মাঠে-বাগানে ঘাস কাটার কাজ করেন। ভিডিয়োতে দাবি, ওই ব্যক্তি ঘাস কেটে বছরে ১০ থেকে ১৫ লক্ষ টাকা আয় করেন, যার ফলে তিনি বিলাসবহুল গাড়ি কেনা ও আরামের জীবনযাপন করার সামর্থ্য রাখেন। ভিডিয়োতে আরও বলা হয়েছে যে, আমেরিকায় কঠোর পরিশ্রমীরা কাজের অনুপাতে ভাল বেতন পান এবং কোনও কাজকেই সেখানে ছোট করে দেখা হয় না।

নিজের পোস্টে বিষয়স্রষ্টা লিখেছেন, আমেরিকায় লন পরিষ্কার করা (ঘাস কাটা), পরিচ্ছন্নতা এবং রক্ষণাবেক্ষণের মতো কাজগুলোর জন্যও ভাল পারিশ্রমিক পাওয়া যায়। সেখানে মানুষকে ঘণ্টার হিসাবে মজুরি দেওয়া হয়। তিনি আরও উল্লেখ করেন যে সেখানে কোনও কাজকেই ছোট করে দেখা হয় না। কঠোর পরিশ্রম এবং দক্ষতার ওপর ভিত্তি করে মানুষ সেখানে উপার্জনের সুযোগ পান।

সমাজমাধ্যমে ভিডিয়োটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই মানুষজন তাঁদের মতামত জানাতে শুরু করেন। মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। কেউ কেউ ভিডিয়োর বিষয়বস্তুকে অনুপ্রেরণাদায়ক মনে করেছেন। আবার অনেকে এই দাবিকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন। কেউ কেউ উল্লেখ করেছেন যে, আমেরিকায় আয় বেশি হলেও সেখানে জীবনযাত্রার ব্যয়ও অনেক বেশি। এক নেটাগরিক লিখেছেন, ‘‘আমাকেও আমেরিকা যেতে হবে, তবে ঘাস কাটার কাজ করতে নয়। ভাল কোনও কাজের সন্ধান থাকলে বলুন।’’ অন্য এক জন বলেছেন, ‘‘আমাকে সাহায্য করুন, আমি এই কাজ করব। দয়া করে বলুন ভিসার জন্য কত খরচ হবে।’’

Viral Video Grass america
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy