Advertisement
E-Paper

‘ফার্স্ট লেডি’র মুখে স্বামীর প্রশংসা, শুনেই হাসি-টিটকিরি হোয়াইট হাউসের সভায়! ট্রাম্প-পত্নীর ভিডিয়ো ভাইরাল

‘ফার্স্ট লেডি’র মুখে ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা শোনার পর সৌজন্যমূলক করতালির পরিবর্তে দর্শক হাসাহাসি শুরু করলেন হোয়াইট হাউসে। কেউ কেউ আবার মেলানিয়া ট্রাম্পের কথা শুনে কেশেও ফেললেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ মে ২০২৬ ১১:১৮

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

স্ত্রীর মুখে স্বামীর গুণগান! হোয়াইট হাউসের একটি অনুষ্ঠানে বক্তৃতা করছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জীবনসঙ্গিনী মেলানিয়া ট্রাম্প। স্বামীকে তিনি কী চোখে দেখেন তা জানাতেই হোয়াইট হাউসে উপস্থিত সকল দর্শক হাসি-টিটকিরি করতে শুরু করল। কেউ কেউ আবার কৌতুকের ছলে কেশেও ফেললেন। দর্শকের এমন আচরণ দেখে বক্তৃতা থামাতে বাধ্য হলেন ‘ফার্স্ট লেডি’। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘ফার্স্টপোস্ট’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, হোয়াইট হাউসে মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা করছিলেন মেলানিয়া। তাঁর পাশে দাঁড়িয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট। বুধবার মাতৃদিবস উপলক্ষে হোয়াইট হাউসে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানেই বক্তৃতা করছিলেন ‘ফার্স্ট লেডি’।

সামরিক পরিবারগুলির জন্য প্রশাসনের সমর্থন নিয়ে কথা বলছিলেন তিনি। তার মাঝেই স্বামীকে নিয়ে কথা বলতে শুরু করলেন মেলানিয়া। মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন, ‘‘আমি আমার স্বামীর মধ্যে এমন একজন মানুষকে দেখতে পাই, যিনি আমেরিকার জনগণের প্রতি যত্নবান এবং সহানুভূতিশীল।’’

‘ফার্স্ট লেডি’র মুখে ট্রাম্পের প্রশংসা শোনার পর সৌজন্যমূলক করতালির পরিবর্তে দর্শক হাসাহাসি শুরু করলেন। কেউ কেউ আবার মেলানিয়ার কথা শুনে কেশেও ফেললেন। দর্শকের এই আচরণ দেখে কিছু ক্ষণের জন্য বক্তৃতা থামিয়ে দিলেন মেলানিয়া। ট্রাম্পও এই পরিস্থিতি দেখে ঠোঁট চেপে হাসতে শুরু করলেন। কিছু ক্ষণ থেমে আবার দৃঢ়তার সঙ্গে বক্তৃতা সম্পূর্ণ করলেন ট্রাম্প-পত্নী।

Viral Video White House Donald Trump Melania Trump
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy