মহিলাকে বটি দিয়ে কোপানোর অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়েছে সুখজান খাতুন নামে ৩০ বছরের ওই মহিলার। অভিযুক্ত শফিকুল মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। মাটিয়া থানার উত্তর দেবীপুর গ্রামের ঘটনা।
সোমবার সুখজান এক আত্মীয়ের সঙ্গে মেলায় গিয়েছিলেন। পরিবার সূত্রে খবর, সেই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা শুরু হয়। মঙ্গলবার দুপুরে ঝামেলা চরম আকার ধারণ করে। অভিযোগ, ঝামেলার সময়ে শফিকুল বটি দিয়ে তাঁর স্ত্রীকে কোপ দেন। সুখজান মাটিতে লুটিয়ে পড়েন। চিৎকার চেঁচামেচিতে বাড়ির অন্যান্য সদস্য এবং প্রতিবেশীরা এসে তড়িঘড়ি সুখজানকে বসিরহাট হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন:
খবর পেয়ে মাটিয়া থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং শফিকুলকে গ্রেফতার করে নিয়ে যায় থানায়। তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। শফিকুলের কাকা নাফিদুল মণ্ডল বলেন, ‘‘ঘটনা যে কারণেই ঘটে থাকুক, দোষী উপযুক্ত শাস্তি পাক আমরা তাই চাই।’’