ছদ্মবেশে ফোর্ট উইলিয়ামে ঢুকতে গিয়ে রক্ষীদের হাতে ধরা পড়ে গেলেন এক যুবক। কালনার বাসিন্দা ওই যুবকের নাম পলাশ বাগ। পুলিশ জানিয়েছে, ওই যুবক নিজেকে সেনাবাহিনীর সদস্য বলে পরিচয় দিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করছিলেন। কিন্তু দ্বাররক্ষীরা তাঁর জাল পরিচয়পত্রটি ধরে ফেলে। ওই যুবকের বিরুদ্ধে ফোর্ট উইলিয়ামে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে এফআইআর দায়ের হয়েছে। গ্রেফতারও করা হয়েছে তাঁকে।
কলকাতার ফোর্ট উইলিয়াম ভারতীয় সেনাবাহিনীর পূর্বভারতের সদর দফতর। রবিবার সেখানেই সেনা দফতরের সাউথ গেটের সামনে সেনাবাহিনীর ভুয়ো পরিচয়পত্র ব্যবহার করে প্রবেশ করতে গিয়ে বাধা পান পলাশ। সেনাবাহিনীর ইস্টার্ন কম্যাণ্ডের কমান্ডিং অফিসার জে এস কোহলী এই অভিযোগ করেছেন ।
আরও পড়ুন:
-
পুজোর আগে ওজন কমাতে চাইলেও জিমে যাওয়ার সময় নেই? বাড়িতে কোন ব্যায়াম করে ঝরাবেন ক্যালোরি
-
গরু পাচারের টাকা কোথায় যায়! জানতে বীরভূমের চার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের চার কর্তাকে তলব করল সিবিআই
-
ভারতকে হারালেও নতুন আতঙ্ক পাকিস্তানে, ম্যাচ শেষে হাসপাতালে বাবরদের দলের ক্রিকেটার
-
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচ বহাল রাখল সুপ্রিম কোর্ট, বাধা দেওয়া যাবে না বিদেশযাত্রাতেও
পরে তদন্তে নেমে পুলিশ জানতে পারে, পলাশের বয়স ৩৩। পূর্ব বর্ধমানের কালনার অস্তগরিয়ার কৃষ্ণপুর গ্রামে তাঁর বাড়ি। বাবার নাম পাঁচু গোপাল বাগ। তবে এর বেশি তথ্য এখনও হাতে আসেনি পুলিশের। ময়দান থানায় অভিযোগ দায়ের হয়েছে পলাশের বিরুদ্ধে।তিনি কেন ফোর্ট উইলিয়ামে ঢোকার চেষ্টা করেছিলেন, জাল পরিচয়পত্রই বা তাঁর হাতে এল কী ভাবে, সে সব কিছু নিয়েই তদন্ত শুরু করেছে পুলিশ।