যে মাঠে বিজেপি সভা করেছিল, বর্ধমান ১ ব্লকের কুড়মুনে সেই মাঠে বুধবার পাল্টা সভা করল তৃণমূল। মঙ্গলবার বিজেপির সভার তুলনায় এ দিন তাদের সভায় অন্তত তিন গুণ বেশি লোক হয়েছিল বলে দাবি তৃণমূলের। বিজেপির পাল্টা দাবি, সভায় দলের অভিনেতা-সাংসদ, অভিনেত্রী-সাংসদেরা আসছেন বলে ভাতার, বর্ধমান ১ ও ২ ব্লক ও মন্তেশ্বরে প্রচার করেছিল তৃণমূল। সভায় তাঁদের দেখতে না পেয়ে অনেকে ক্ষোভ জানান। যদিও এ রকম কোনও প্রচারের কথা তৃণমূল নেতৃত্ব মানতে চাননি।
মঙ্গলবার বিজেপির সভায় দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ রাজ্যে কৃষকদের দুর্দশায় থাকতে হচ্ছে বলে অভিযোগ করেন। এ দিন রাজ্যের মন্ত্রী তথা জেলা তৃণমূল সভাপতি স্বপন দেবনাথের পাল্টা দাবি, ‘‘জেলার কথা বাদই দিচ্ছি। এই ব্লকেই ৮৬% কৃষক কিসান ক্রেডিট কার্ডের আওতায় রয়েছেন। প্রাকৃতিক দুর্যোগে কৃষকেরা আগের আমলে ক্ষতিপূরণ পেতেন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে ব্যবস্থা করেছেন। ধান, আলুতে গত তিন মরসুমে শুধু এই ব্লকের চাষিরা ৯২ কোটি টাকা ক্ষতিপূরণ পেয়েছেন।’’ সভায় হাজির রাজ্য মন্ত্রিসভার আর এক সদস্য ব্রাত্য বসু বলেন, ‘‘মহিলাদের যা ভিড় হয়েছে, তার এক-তৃতীয়াংশ বিজেপির সভায় ছিল না। মা-বোনেরা জানেন, বিজেপি ক্ষমতায় এলে বাড়ি থেকে বেরনো মুশকিল হয়ে যাবে। আমাদের দিদি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নারীদের ক্ষমতা দিয়েছেন।’’ বিজেপিকে তিনি ‘বাংলা বিরোধী’ দল বলে দাবি করেন।
তৃণমূল ছেড়ে যাওয়া নেতাদের প্রসঙ্গে ব্রাত্যবাবুর মন্তব্য, ‘‘আমি তো গুণে দেখছি, পাঁচ-সাত জন গিয়েছেন। আরও দু’জন হয়তো যাবেন। যাক! সামনের ভোট হবে, লোভের বিরুদ্ধে ধারাবাহিকতার, উচ্ছৃঙ্খলতার বিরুদ্ধে উন্নয়নের জয়গানের।’’ স্বপন দেবনাথের সম্পর্কে বিজেপি নেতাদের ‘কুকথা’র নিন্দা করেন তিনি। সভায় হাজির ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বাগবুল ইসলাম, জেলা পরিষদ সদস্য গার্গী নাহা প্রমুখ।
এ দিন তৃণমূলের সভায় ভিড়ের কথা মেনে নিয়ে বিজেপি নেতাদের পাল্টা দাবি, বিভিন্ন এলাকায় প্রচার করা হয়েছিল, সভায় দলের অভিনেতা-অভিনেত্রী সাংসদেরা হাজির থাকবেন। বিজেপির নেত্রী শুচিস্মিতা হাটির দাবি, ‘‘মানুষকে ভুল বুঝিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। তাই সভা শেষে বিভিন্ন গ্রামে ক্ষোভ দেখিয়েছেন মহিলারা।’’ সভার উদ্যোক্তা, ভাতারের বিধায়ক সুভাষ মণ্ডল ও জেলা যুব তৃণমূল সভাপতি রাসবিহারী হালদারেরা অবশ্য বলেন, ‘‘এ রকম প্রচার কোথাও হয়নি। সভায় লোক দেখে বিজেপি মিথ্যে অভিযোগ করছে।’’