Advertisement
E-Paper

দীপ্সিতাও কি অনিল বিশ্বাসের কন্যা অজন্তার পথে? এখনও সিপিএমের সদস্যপদ নবীকরণ করাননি, প্রতীক-পর্বে জল্পনা

দীপ্সিতার ক্ষেত্রে কী ঘটেছে, সে ব্যাপারে তিনি প্রকাশ্যে কোনও মন্তব্য করতে চাননি। তবে তাঁর ঘনিষ্ঠেরা বেশ কিছু ব্যাখ্যা দিচ্ছেন।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৪৭
Dipsita Dhar has not renewed CPM party membership yet

(বাঁ দিক থেকে) দীপ্সিতা ধর, প্রতীক-উর রহমান, অজন্তা বিশ্বাস। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

প্রাক্তন ছাত্রনেতা প্রতীক-উর রহমানকে নিয়ে সিপিএমের অন্দরমহল যখন আলোড়িত, তখন নেত্রী দীপ্সিতা ধরের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও জল্পনা শুরু হয়ে গিয়েছে দলের ভিতরে। ঘটনাপ্রবাহ বলছে, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত দীপ্সিতা সিপিএমের প্রাথমিক সদস্যপদ পুনর্নবীকরণই (রিনিউয়াল) করাননি!

সিপিএমের গঠনতন্ত্র অনুযায়ী দলীয় সদস্যপদ নবীকরণ হয় প্রতি বছর ১ জানুয়ারি থেকে ৩১ মার্চের মধ্যে। কিন্তু সাধারণ পার্টি সদস্যদের নবীকরণ জানুয়ারির মধ্যেই হয়ে যায়। তার পরে তা জেলা স্তরে যায় অনুমোদনের জন্য। কেন্দ্রীয় ভাবে সিপিএমে বিভিন্ন স্তরে অনেকের সদস্যপদ থাকে। যাকে দলীয় পরিভাষায় বলা হয় ‘পার্টিকেন্দ্রের সদস্যপদ’। তেমন সদস্যদেরও নবীকরণ ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই সম্পন্ন হয়ে যায়। কিন্তু ফেব্রুয়ারির অর্ধেক কেটে গেলেও দীপ্সিতার সদস্যপদের নবীকরণ এখনও হয়নি। যদিও দীপ্সিতার দলীয় সদস্যপদ পশ্চিবঙ্গে নয়। দিল্লিতে। তিনি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন। সেই সূত্রে সেখানেই তাঁর দলীয় সদস্যপদ।

প্রসঙ্গত, কয়েক বছর আগে সিপিএমের প্রাক্তন রাজ্য সম্পাদক প্রয়াত অনিল বিশ্বাসের কন্যা অজন্তা বিশ্বাসও দলীয় সদস্যপদ ছেড়ে দিয়েছিলেন। যদিও তাঁর ক্ষেত্রে প্রেক্ষাপট ছিল ভিন্ন। তিনি তৃণমূলের মুখপত্রে উত্তর সম্পাদকীয় লিখে পশ্চিমবঙ্গের নারী আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকার প্রশংসা করেছিলেন। যার জেরে ওই পর্বে সিপিএম সিদ্ধান্ত নিয়ে দলের প্রাথমিক সদস্যপদ থেকে অজন্তাকে কয়েক মাসের জন্য নিলম্বিত (সাসপেন্ড) করেছিল। ঠিক তার পরের বছরই পার্টির সদস্যপদ ছেড়ে দেন অজন্তা। আপাতত তিনি সক্রিয় রাজনীতি থেকে দূরে অধ্যাপনার কাজ নিয়ে আছেন।

সদস্যপদ নবীকরণ প্রসঙ্গে দীপ্সিতা বৃহস্পতিবার বলেন, ‘‘আমার পার্টি সদস্যপদ দিল্লিতে। গঠনতন্ত্র অনুযায়ী ৩১ মার্চ পর্যন্ত পুনর্নবীকরণের সময় রয়েছে।’’ এর পরে তিনি বলেন, ‘‘পার্টির সদস্যপদ এবং রিনিউয়াল (নবীকরণ) পার্টির অভ্যন্তরীণ বিষয়। সেটা হঠাৎ করে সংবাদমাধ্যম জানছে কী ভাবে আর সে বিষয়ে আমার প্রতিক্রিয়া দেওয়ার কী আছে, সেটা বুঝতে পারছি না।’’

সরাসরি না বলতে চাইলেও দীপ্সিতার বক্তব্যে স্পষ্ট, তিনি বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সদস্যপদ নবীকরণ করাননি। আবার জোর দিয়ে এ-ও বলেননি যে, আগামী ৩১ মার্চের মধ্যে তিনি নবীকরণ ফর্মে সই করবেনই। শুধু জল্পনা জিইয়ে রেখে বলেছেন, ‘‘সময় রয়েছে।’’ তবে দিল্লি সিপিএম সূত্রের খবর, দীপ্সিতার মতো আরও যাঁরা রয়েছেন, তাঁদের অধিকাংশেরই সদস্যপদ ইতিমধ্যেই নবীকরণ করানো হয়ে গিয়েছে।

দীপ্সিতার ক্ষেত্রে কী ঘটেছে, সে ব্যাপারে তিনি নিজে কোনও মন্তব্য করতে চাননি। তবে তাঁর ঘনিষ্ঠেরা বেশ কিছু ব্যাখ্যা দিচ্ছেন। তাঁদেরই কারও কারও বক্তব্য, ২০১৮ সাল থেকে দীপ্সিতার সদস্যপদ কোনও শাখায় নেই। গত বছর জুলাই মাসের পরে তাঁর কোনও গণসংগঠনও নেই। এ হেন প্রেক্ষাপটে তিনি গোটা বিষয়টিতে ‘বিরক্ত’। একই সঙ্গে তাঁর ঘনিষ্ঠদের অনেকে বলছেন, প্রাথমিক একটা ভাবনা ছিল। কিন্তু প্রতীক-উর পর্ব দীপ্সিতাকে আরও বেশি ভাবাচ্ছে। এখন তিনি দেখতে চাইছেন, প্রতীক-উর কী করেন। সূত্রের খবর, সম্প্রতি দীপ্সিতা কয়েকটি বিতর্কসভাতেও অংশগ্রহণ করেননি। দীপ্সিতার ঘনিষ্ঠ হাওড়ার এক যুবনেত্রী বলেন, ‘‘সায়রা শাহ হালিমও তো দলের সদস্য নন। ফলে দীপ্সিতা আর তাঁর কাজের ফারাক নেই। সুতরাং, যে ভাবনা থেকে এক জন কমিউনিস্ট পার্টির সদস্য হন, তা যদি না-পান দলের মধ্যে, তা হলে তাঁকে ভাবতে হবেই।’’

প্রতীক-উর কী করবেন, তা মোটামুটি আগামী শনিবারের মধ্যে স্পষ্ট হয়ে যাওয়ার কথা। দীপ্সিতা কী করবেন, সেই জল্পনা আপাতত জল-বাতাস পাচ্ছে। তার কারণ, সিপিএমে একটা গুঞ্জন ছিল, দীপ্সিতা বিধানসভা ভোটে টিকিট পাবেন। এবং তা হুগলির উত্তরপাড়ায়। গত লোকসভা নির্বাচনে দীপ্সিতা শ্রীরামপুর কেন্দ্রে প্রার্থী ছিলেন। উত্তরপাড়া বিধানসভা শ্রীরামপুর লোকসভার অন্তর্গত। ঘটনাচক্রে, সাতটির মধ্যে একমাত্র উত্তরপাড়া বিধানসভাতেই দীপ্সিতা সবচেয়ে বেশি ভোট পেয়েছিলেন। সংখ্যায় যা ৫০ হাজারেরও বেশি। লোকসভা ভোটের অব্যবহিত পর থেকেই জেলা সিপিএমে জল্পনা ছিল, উত্তরপাড়ায় লড়বেন দীপ্সিতা। স্থানীয় বিভিন্ন কর্মসূচিতে তাঁকে মুখ করা, সেই জল্পনাকে আরও জোরালো করেছিল। কিন্তু সিপিএম সিদ্ধান্ত বদলেছে। বড় কোনও মোচড় না হলে উত্তরপাড়ায় লড়বেন যুবনেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায়। কারণ, গত কয়েক সপ্তাহ ধরে তিনি উত্তরপাড়া, কোতরং, কানাইপুর, নবগ্রাম, কোন্নগরে পাড়ায় পাড়ায় কর্মসূচি করছেন। দীপ্সিতার পার্টি সদস্যপদ নবীকরণ না করাকে সেই প্রেক্ষাপটেও ফেলে দেখছেন অনেকে। যদিও, দীপ্সিতার ঘনিষ্ঠদের বক্তব্য, তিনি টিকিটের জন্য লালায়িত নন।

Dipsita Dhar Pratik ur Rahman CPM Ajanta Biswas
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy