লরির ধাক্কায় বাইক থেকে ছিটকে গিয়ে মৃত্যু একজনের। গুরুতর জখম আরও এক। শুক্রবার হাওড়ার ডোমজুড়ের অঙ্কুরহাটিতে ১৬ নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনায় শোরগোল।
পুলিশ সূত্রে খবর, দুই নাবালক বাইকে চেপে পাঁচলার দিক থেকে অঙ্কুরহাটির দিকে যাচ্ছিল। সেই সময় বাইকটিকে পিছন থেকে একটি লরি ধাক্কা মারে। দু’জনেই রাস্তায় ছিটকে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক নাবালকের। অন্য জনকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করেন স্থানীয়েরা। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করানো হয়েছে হাওড়া জেলা হাসপাতালে।
পুলিশ সূত্রে খবর, মৃত নাবালকের নাম সারওয়ার নস্কর। বছর চোদ্দোর ছেলেটি নবম শ্রেণিতে পড়ত। বাড়ি ডোমজুড়ের কোরলায়। গুরুতর জখম বালকের নাম মহম্মদ কায়েব। তারও বয়স ১৪-১৫ বছর। বাড়ি পাঁচলার হাকোলায়। দশম শ্রেণিতে পড়াশোনা করত। সম্পর্কে তারা মামা-ভাগ্নে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন:
দুর্ঘটনার তদন্তের পাশাপাশি দুই অপ্রাপ্তবয়স্ক কী ভাবে এবং কার বাইক নিয়ে জাতীয় সড়কে উঠেছিল, সেটাও তদন্ত করে দেখছে ডোমজুড় থানার পুলিশ।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, দুই বাইক আরোহীর মাথায় হেলমেট ছিল না। আহত ছাত্রের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
শুক্রবারই হাওড়ায় আরও একটি পথদুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক মহিলার। অঙ্কুরহাটি মোড়ে জাতীয় সড়কে লরির ধাক্কায় মারা যান তিনি। ডোমজুড় থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। আটক করা হয়েছে লরিচালককে।