বিডিও এবং থানার আইসিকে হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ উঠল শাসকদলের এক নেতার বিরুদ্ধে। সমাজমাধ্যমে ছড়িয়ে যাওয়া একটি ভিডিয়োয় (ওই ভিডিয়োর সত্যতা আনন্দবাজার অনলাইন যাচাই করেনি) ওই তৃণমূল নেতাকে প্রকাশ্য সভামঞ্চ থেকে বলতে শোনা যায়, ‘‘বিডিও এবং আইসি শুনে রাখুন। বিজেপির দালালি করা চলবে না। নিরপেক্ষ ভাবে কাজ করুন। বিজেপির দালালি করলে থানা আর বিডিও অফিস ঘেরাও করব।’’ গঙ্গাজলঘাটি ১ নম্বর সাংগঠনিক ব্লকের সভাপতি হৃদয় মাধব দুবের এমন মন্তব্য প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে বাঁকুড়ার রাজনীতিতে।
স্থানীয় সূত্রে খবর, আবাস যোজনায় শাসকদলের ‘দুর্নীতি ও স্বজনপোষণ’-এর অভিযোগ তুলে বুধবার গঙ্গাজলঘাটি ব্লকের বিডিও অফিসে ডেপুটেশন দেয় বিজেপি। বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি বিল্লেশ্বর সিংহ ও শালতোড়ার বিধায়ক চন্দনা বাউরির নেতৃত্বে বিজেপি কর্মীরা ওই দিন অমরকানন কলেজ মোড় থেকে মিছিল করে গঙ্গাজলঘাটি বিডিও অফিসে যান। সেখানে পুলিশের বাধা অগ্রাহ্য করে, মূল ফটক জোর করে খুলে বিডিও অফিসের ভিতর ঢুকে পড়ার অভিযোগ উঠেছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। বিজেপির ওই কর্মসূচির পাল্টা বৃহস্পতিবার অমরকাননে সভা করে তৃণমূলও।
অভিযোগ, সেই সভায় হৃদয় মাধব বলেন, ‘‘বিডিও অফিসে ডেপুটেশন দেওয়ার নিয়ম হল, প্রতিনিধিদল ভিতরে ঢুকবে। বাকিরা বাইরেই দাঁড়াবেন। কিন্তু বিজেপির ডেপুটেশনের ক্ষেত্রে তা হয়নি। বিজেপির লোকজন কী ভাবে বিডিও অফিস চত্বরে ঢুকে পড়ল, তার কৈফিয়ত বিডিও আর থানার আইসিকে দিতে হবে।’’ ভিডিয়োয় দেখা যাচ্ছে, শাসকদলের নেতা কার্যত হুমকি দিয়ে বলছেন, ‘‘তৃণমূল একটি রাজনৈতিক দল। আমরা রাজনৈতিক ভাবে লড়াই করে পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ দখল করে সরকার চালাচ্ছি। যদি বিডিও ও আইসি বিজেপির পক্ষপাতিত্ব করে যান, তা হলে আমরা থানা ও বিডিও অফিস ঘেরাও করব।’’
হৃদয় মাধবের ভিডিয়ো প্রকাশ্যে আসার পরেই সমালোচনায় সরব হয়েছে বিজেপি। দলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি বিল্লেশ্বর বলেন, ‘‘আমরা ওই দিন শান্তিপূর্ণ ভাবে বিডিও অফিসে ডেপুটেশন দিয়েছিলাম। আসলে সেই দিনের কর্মসূচিতে আমাদের জমায়েত দেখে ভয় পেয়ে এখন প্রলাপ বকছেন তৃণমূল নেতারা।’’
পাল্টা তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি অলোক মুখোপাধ্যায় বলেন, ‘‘গণতান্ত্রিক প্রথা মেনে যে কোনও রাজনৈতিক দল আন্দোলন করতেই পারে। কিন্তু কোনও দলের পক্ষ থেকে অশ্লীল কথা বা আধিকারিকদের উদ্দেশে অসম্মানজনক কথা বলা উচিত নয়। আমাদের দলের কেউ যদি এমন মন্তব্য করে থাকেন, সেটাও ঠিক নয়।’’