Advertisement
E-Paper

টুকরো খবর

এক বধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে তৃণমূলের বরাবাজারের এক কর্মীর বিরুদ্ধে। ওই মহিলার দাবি, সোমবার যুধিষ্ঠির সহিস নামের ওই যুবক তাঁকে পুকুরে যাওয়ার সময় কুপ্রস্তাব দেন। তিনি রাজি না হওয়ায় যুবকটি তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ। বরাবাজার থানা অভিযোগ নিতে না চাওয়ায় মঙ্গলবার তিনি পুরুলিয়ায় জেলা পুলিশ সুপারের অফিসে গিয়ে লিখিত ভাবে এ ব্যাপারে অভিযোগ করেন। পুলিশ সুপার নীলকান্ত সুধীরকুমার বৃহস্পতিবার বলেন, “ধর্ষণের অভিযোগ নিয়ে সরাসরি আমার অফিসে কেউ লিখিত অভিযোগ জমা দিয়েছেন কি না খোঁজ নিয়ে দেখছি।”

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০১৪ ০০:১৭

বধূকে ধর্ষণের নালিশ
নিজস্ব সংবাদদাতা • বরাবাজার

এক বধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে তৃণমূলের বরাবাজারের এক কর্মীর বিরুদ্ধে। ওই মহিলার দাবি, সোমবার যুধিষ্ঠির সহিস নামের ওই যুবক তাঁকে পুকুরে যাওয়ার সময় কুপ্রস্তাব দেন। তিনি রাজি না হওয়ায় যুবকটি তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ। বরাবাজার থানা অভিযোগ নিতে না চাওয়ায় মঙ্গলবার তিনি পুরুলিয়ায় জেলা পুলিশ সুপারের অফিসে গিয়ে লিখিত ভাবে এ ব্যাপারে অভিযোগ করেন। পুলিশ সুপার নীলকান্ত সুধীরকুমার বৃহস্পতিবার বলেন, “ধর্ষণের অভিযোগ নিয়ে সরাসরি আমার অফিসে কেউ লিখিত অভিযোগ জমা দিয়েছেন কি না খোঁজ নিয়ে দেখছি।” এলাকায় তৃণমূলের সক্রিয় কর্মী বলে পরিচিত ওই যুবকের পাল্টা অভিযোগ, “ওই বধূর স্বামী অপরাধমূলক নানা কাজে যুক্ত। তাই আমার সঙ্গে পুলিশের ঘনিষ্ঠতা থাকায় ওরা আমার নামে মিথ্যা অভিযোগ করেছে।” বাসিন্দাদের একাংশ জানিয়েছেন, ধর্ষণের ঘটনা ঘটেছে বলে তাঁরা শোনেননি। বরাবাজার থানাও জানিয়েছে, ধর্ষণের অভিযোগ নিয়ে দু-একদিনের মধ্যে কেউ আসেননি।

Advertisement

পুরুলিয়ায় প্রচারে নামতে পারেন দেব

শু্যটিংয়ের ফাঁকেই তৃণমূল প্রার্থীর সমর্থনে দেবকে দেখতে পারে পুরুলিয়া। বৃহস্পতিবার সন্ধ্যায় তৃণমূলের জেলা নেতৃত্ব সূত্রে এমনই খবর মিলেছে। তবে রোড-শো করার সম্ভাবনা নেই। দলের জেলা সম্পাদক নবেন্দু মাহালি বলেন, “আমাদের ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী দেব আগামি রবিবার পুরুলিয়া শহরের জগন্নাথ কিশোর কলেজের মাঠে সভা করবেন। তাঁর সঙ্গে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়েরও থাকার কথা।” একটি সিনেমার শু্যটিং করতে মঙ্গলবার রাতে পুরুলিয়া শহরে এসেছেন দেব। কিন্তু দেবকে একবার দেখার জন্য আম জনতার উন্মাদনা দেখে তৃণমূলের অন্দরে তাঁকে নিয়ে সভা কিংবা রোড-শো করানোর দাবি ওঠে। দেবও সে দিন শু্যটিংয়ের ফাঁকে দলের জন্য সভা করবেন কি না, তা নিয়ে স্পষ্ট জবাব দেননি। বলেছিলেন, “শু্যটিং করতে এসেছি। আগে শু্যটিং টা তো করি।” দেবকে ঘিরে উচ্ছ্বাস দেখে তৃণমূলের পুরুলিয়া জেলা নেতৃত্বের তরফে রাজ্য নেতৃত্বের কাছে আর্জি রাখা হয়, ওই তারকা প্রার্থী যেন এখানে একবার অন্তত প্রচারে যোগ দিন। বৃহস্পতিবার সন্ধ্যায় সবুজ সঙ্কেত মেলে। পুরুলিয়ার তৃণমূল প্রার্থী মৃগাঙ্ক মাহাতো বলেন, “দেব সভা করতে রাজি হওয়ায় আমরা খুশি। পুরুলিয়াবাসীর মনও ভরবে।” নবেন্দুবাবু জানিয়েছেন, ইতিমধ্যেই দেবকে ঘিরে শহরে যে রকম উন্মাদনা দেখা যাচ্ছে, তাতে তাঁকে দিয়ে রোড-শো করানো ঝুঁকির হতে পারে। তাই ওই তারকা প্রার্থীকে দিয়ে শুধু সভাই করানো হচ্ছে।”

মারধরের অভিযোগ

ভোটের উত্তাপ গায়ে লাগতেই ছোটখাটো রাজনৈতিক গণ্ডগোল শুরু হয়ে গিয়েছে জেলায় জেলায়। বাদ যায়নি বীরভূমও। বুধবার রাতে খয়রাশোলের পেরুয়া গ্রামে তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যাকে মারধর করার অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে। বাঁচাতে গিয়ে মৌসুমী দাস বৈষ্ণব নামে ওই সদস্যার পরিজনেরা প্রহৃত হয়েছেন বলেও অভিযোগ। দুবরাজপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। তৃণমূলের জেলা সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায়ের দাবি, লোকসভা নির্বাচনের জন্য গত ২১ মার্চ ওই গ্রামে দেওয়াল নিখনকে কেন্দ্র করে একটা ঝামেলা হয়েছিল। প্রত্যেক অভিযুক্তই দুবরাজপুর আদালত থেকে জামিনে মুক্ত থাকলেও গ্রামে রাজনৈতিক উত্তেজনা রয়েছে। সেই সঙ্গে সিপিএমের একজন ইন্দিরা আবাস প্রকল্পে প্রথম কিস্তির টাকা পাওয়ার পরে বাড়ি না করিয়ে দ্বিতীয় কিস্তির টাকার জন্য ওই সদস্যার কাছে সই করাতে গিয়েছিলেন। কিন্তু তাতে সই না করার রাগে বুধবার রাতে মৌসুমী দেবীর উপর আক্রমণ হয়েছে। সিপিএমের খয়রাশোলের জোনাল সম্পাদক তপন দাশগুপ্তের দাবি, “ভিত্তিহীন অভিযোগ। কুঞ্জভঙ্গের (দিন তিনেক ধরে চলা কীর্তনের আসর ভঙ্গ) আসর শেষে যখন রং ও আবির খেলা হচ্ছিল, সেই সময় খিচুড়ি ও অন্য খাবারের উপরে আবির পড়লে দু’একটি বাচ্চা ছেলেকে মারধর করছিল কেউ। কেন বাচ্চাদের মারধর করা হবে, সেটা নিয়ে তাদের মায়েরা ও গ্রামের কিছু মহিলার মধ্যে হাতাহাতি হয়েছে। বরং আমাদের দলকে সমর্থক দুই মহিলা জখম হয়েছেন।” ইন্দিরা আবাস নিয়ে অভিযোগ প্রসঙ্গে খয়রাশোলের সিপিএম প্রধান ভূপেন্দ্রনাথ ঘোষ বলেন, “দিন পাঁচেক আগে ওই গ্রামের এক বাসিন্দা ইন্দিরা আবসের দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার ব্যাপারে তৃণমূল সদস্যের সই না করার কথা মোখিক ভাবে জানিয়েছিলেন। আমি বলেছিলাম, আপনি বাড়ি করে থাকলে আমি সই করে দেব। কিন্তু এই নিয়ে কোনও অশান্তি হয়েছে কি না আমার জানা নেই।” পুলিশ সূত্রে খবর, দু-পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে। তদন্ত শুরু হয়েছে।

দেওয়াল লেখা নিয়ে গোলমাল

দেওয়াল লেখাকে কেন্দ্র করে তৃণমূল ও কংগ্রেস কর্মীদের মধ্যে গণ্ডগোল বাধল মানবাজারের বিসরি গ্রামে। বুধবার সন্ধ্যার ঘটনা। খবর পেয়ে পুলিশ তৃণমূল কর্মী বলে পরিচিত একজনকে উদ্ধার করে আনেন। কংগ্রেসের মানবাজার ব্লক সভাপতি শঙ্করীপ্রসাদ মাহাতোর অভিযোগ, “আমাদের দলের কর্মীরা বুধবার রাতে বিসরি গ্রামে দেওয়ালে লিখছিলেন। তৃণমূলের কিছু কর্মী তাঁদের দেওয়ালে লিখতে নিষেধ করেন। নিষেধ না মানলে পরিণতি খারাপ হবে বলে হুমকি দেওয়া হয়।” স্থানীয় বাসিন্দারা জানান, কিছু লোক এক তৃণমূল কর্মীকে আটক করেন। পুলিশ গিয়ে ওই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে তৃণমূলের বিসরি অঞ্চল কমিটির সভাপতি তৃণমূলের দিলীপ বাউরির দাবি, “এ ধরনের ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই।” পুলিশ জানিয়েছে, কংগ্রেস ও তৃণমূলের স্থানীয় নেতাদের উপস্থিতিতে রাতেই দু’পক্ষ বিষয়টি মিটিয়ে ফেলেন।

অস্ত্র উদ্ধার বারিকুলে

ভোটের আগে অস্ত্র উদ্ধার হল বারিকুলের জঙ্গল থেকে। বৃহস্পতিবার সকালে বারিকুল থানার বীরকাঁড় জঙ্গল থেকে দু’টি বন্দুক ও আটটি কার্তুজ উদ্ধার হয়েছে বলে দাবি করেছে পুলিশ। জেলা পুলিশ সুপার মুকেশ কুমার বলেন, “কয়েকদিন আগে ধৃত মাওবাদী স্কোয়াড সদস্য গোর্খা সিং সর্দারকে জেরা করে বীরকাঁড় জঙ্গল থেকে দু’টি বন্দুক ও কার্তুজগুলি পাওয়া গিয়েছে। মাওবাদীরাই ওই অস্ত্রগুলি মজুত করেছিল বলে প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে। এ দিনই পুলিশ হেফাজতে থাকা গোর্খাকে খাতড়া আদালতে হাজির করানো হয়। ১৪ দিন জেল হাজতের নির্দেশ দেন বিচারক।

লাভপুর-কাণ্ডে ফের জেলহাজত

লাভপুরের আদিবাসী তরুণীকে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত ১৩ জনের জামিনের আবেদন নামঞ্জুর করে ফের ১৪ দিন জেলহাজতের নির্দেশ দিলেন বোলপুরের এসিজেম পীযূষ ঘোষ। সরকারি আইনজীবী ফিরোজকুমার পাল বলেন, “আদিবাসী তরুণী গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত ১৩ জনকে বৃহস্পতিবার আদালতে তোলা হয়। এই মামলার গুরুত্ব বুঝে এসিজেম তাদের আগামী ১৬ এপ্রিল ফের আদালতে হাজির করানোর নির্দেশ দিয়েছেন।” অভিযুক্তদের আইনজীবী দিলীপ ঘোষ বলেন, “আমার মক্কেলরা নির্দোষ। তারা ষঢ়যন্ত্রের শিকার। তাদের জামিনের জন্য আজ, শুক্রবার বোলপুরের অতিরিক্ত জেলা জজের আদালতে আর্জি জানাব।” প্রসঙ্গত, গত ২০ জানুয়ারি লাভপুরের গ্রামে এক আদিবাসী তরুণীকে গণধর্ষণের অভিযোগ ওঠে স্থানীয় মোড়ল-সহ ১৩ জনের বিরুদ্ধে। এই মর্মে ২২ জানুয়ারি লাভপুর থানায় অভিযোগ দায়ের হয়।

মনোনয়ন জমা

বুধবার থেকে মনোনয়নপত্র দাখিল করা শুরু হলেও জেলার দু’টি লোকসভা কেন্দ্রের কোনওটিতেই মনোনয়নপত্র জামা পড়েনি। বৃহস্পতিবার প্রথম বীরভূম লোকসভা কেন্দ্রের প্রথম মনোনয়নপত্র জমা পড়ল। জেলাশাসক জগদীশপ্রসাদ মিনার কাছে মনোনয়নপত্র পেশ করলেন জনতা দল (ইউনাইটেড)-র প্রার্থী নুরুল ইসলাম। প্রতীক তির চিহ্ন।

ক্যামেরাম্যানকে ধমক শতাব্দীর

কাঠফাটা রোদে চরকির মতো ঘোরা। বৃহস্পতিবার সাঁইথিয়ার হরিশড়া পঞ্চায়েতের মোনাই গ্রামে সভা করে শতাব্দী রায় চলে যান ফুলুরের নেতুর গ্রামে। মঞ্চে সবে চেয়ারে বসেছেন শতাব্দী। তাঁকে দেখতে আশপাশের লোকজন ভিড় করছেন। সেই সময় তখন তাঁর সামনে ক্যামেরা তাক করেছেন নির্বাচন কমিশনের ক্যামেরাম্যান। শতাব্দী অন্য বক্তার হাত থেকে মাইক্রোফোন নিয়ে ওই ক্যামেরাম্যানকে বলেন, “আপনাদের দেখতে লোক আসেনি। আমাকে দেখতে এসেছে। আপনারা দূর থেকে ছবি তুলুন।” সঙ্গে সঙ্গে সরে গেলেন ক্যামেরাম্যান।

ভোট নিয়ে জ্ঞান নয়

বিভিন্ন সভা ঘুরে বিকেল সাড়ে চারটেয় সাঁইথিয়া ১৪ নম্বর ওয়ার্ডে সভা। ভোট পেতে এটা করতে হত, ওটা করতে হত এ সব শুনতে রাজি নন তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। মজা করে বললেন, “দয়া করে বলছি, আমাকে ভোটের ব্যাপারে জ্ঞান দেবেন না। কী কী করলে ভোট পাওয়া যাবে, সে ব্যাপারে একটা বই লিখে ফেলুন।”

জয়ের শপথ


খয়রাশোলে প্রচারে জয় বন্দ্যোপাধ্যায়। ছবি: দয়াল সেনগুপ্ত

বৃহস্পতিবারের সকাল। খয়রাশোলের ভোট প্রচারে গিয়ে বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জয় বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রচারগাড়ির সামনে দাঁড়ানো লোকজনদের উদ্দেশ্যে প্রার্থী বললেন, “আমার বা আপনার বাড়িতে যে সব বোনেরা রয়েছেন, বিবাহযোগ্যা বা বিবাহিত মেয়েরা রয়েছেন তাঁরা বাড়ি থেকে বের হলেই আত্মীয়েরা খুব চিন্তায় থাকেন। যদি আমি জিতি, তা হলে সেই সব বোনেরদের দায়িত্ব আমি আমার চওড়া কাঁধে তুলে নেব। তাঁদের গায়ে একটা আঁচড়ও লাগতে দেব না। এটা আমার শপথ।” তিনি আরও বলেন, “আগে যাঁরা সাঁসদ হয়েছেন, তাঁরা কাজ করেননি। এ বার আমাকে জিতিয়ে দেখুন,নিরাশ করব না।” রাজ্যে নারী নির্যাতনের প্রসঙ্গ তুলে এ দিন এ ভাবেই প্রচার সারলেন বিজেপি প্রার্থী।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy