Advertisement
E-Paper

টুকরো খবর

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার ঝালদার (কোটশিলা) জনসভায় বলে গিয়েছেন, ‘কেউ ভয় দেখালে পুলিশের কাছে যান। আভিযোগ করুন।’ মুখ্যমন্ত্রীর সেই বক্তব্যের পরের দিন থেকেই সরাসরি গ্রামে গিয়ে ভোটারদের কাছ থেকেই সে ব্যাপারে খোঁজখবর শুরু করল পুরুলিয়া জেলা প্রশাসন। বুধবার প্রশাসন ও পুলিশের একটি দল হুড়ার বিভিন্ন গ্রামে যায়।

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০১৪ ০০:১৭

ভোটারদের কাছে বিডিও

নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া

ভোটাররা কি নিরাপদ? হুড়ার মধুবন গ্রামে জানতে চাইছেন
প্রশাসনের আধিকারিকরা। বুধবার ছবি তুলেছেন প্রদীপ মাহাতো।

Advertisement

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার ঝালদার (কোটশিলা) জনসভায় বলে গিয়েছেন, ‘কেউ ভয় দেখালে পুলিশের কাছে যান। আভিযোগ করুন।’ মুখ্যমন্ত্রীর সেই বক্তব্যের পরের দিন থেকেই সরাসরি গ্রামে গিয়ে ভোটারদের কাছ থেকেই সে ব্যাপারে খোঁজখবর শুরু করল পুরুলিয়া জেলা প্রশাসন। বুধবার প্রশাসন ও পুলিশের একটি দল হুড়ার বিভিন্ন গ্রামে যায়। এই দলে ছিলেন হুড়ার বিডিও সুব্রত পালিত, হুড়া থানার ওসি অরিন্দম মুখোপাধ্যায়-সহ অন্য আধিকারিকেরা। তাঁরা হিজুলি, মধুবন, কুলগোড়া, ভুঁয়াডি, লধুড়কা-সহ বিভিন্ন গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। কেউ ভয় দেখাচ্ছে কিনা জানতে চান তাঁরা। ভোটারদের বলা হয়, কেউ ভয় দেখালে বা হুমকি দিলে তাঁরা যেন সঙ্গে সঙ্গেই স্থানীয় থানায় ফোন করে তা জানান। এর জন্য লোকজনকে থানার নম্বরও দেন পুলিশ-প্রশাসনের আধিকারিকেরা। পাশাপাশি দেওয়াল লিখনের জন্য সংশ্লিষ্ট অনুমতি নিয়েছে কি না, তা-ও জানতে চান তাঁরা।

গ্রেফতার স্বামী

স্ত্রী-কে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগে স্বামীকে গ্রেফতার করল হিড়বাঁধ থানার পুলিশ। ধৃতের নাম রঘুনাথ মুখোপাধ্যায়। তাঁর বাড়ি পুরুলিয়ার রঘুনাথপুরে। গত ২১ মার্চ তাঁর স্ত্রী সোমা মুখোপাধ্যায় পুলিশের কাছে মারধর করে শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দেওয়া এবং বাপের বাড়িতে থাকাকালীন অশান্তি করার অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার হিড়বাঁধ থানার বহড়ামুড়ি গ্রামের শ্বশুরবাড়ি থেকে তাঁকে ধরা হয়। বুধবার ধৃতকে খাতড়া আদালতে হাজির করানো হয়। প্রায় ১২ বছর আগে তাঁদের বিয়ে হয়। দম্পতির আট বছরের একটি মেয়ে রয়েছে। সোমাদেবী পুলিশের কাছে অভিযোগে জানিয়েছেন, বিয়ের পর থেকে তাঁর উপরে অত্যাচার চালিয়ে শ্বশুরবাড়ি থেকে তাঁকে তাড়িয়ে দেন স্বামী। সম্প্রতি বাপের বাড়িতে এসেও ঝামেলা করছেন তাঁর স্বামী।

পরীক্ষা পিছোল

লোকসভা নির্বাচনের কারণে পুরুলিয়ার সিধো-কানহো-বীরসা বিশ্ববিদ্যালয়ের পার্ট-টু (অনার্স)-এর পরীক্ষা পিছোচ্ছে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক সুবলচন্দ্র দে জানিয়েছেন, আগামী ১০ মে থেকে পার্ট-টু (অনার্স)-এর ফাইনাল পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু, লোকসভা নির্বাচনের জন্য ওই পরীক্ষা সে দিন করা সম্ভব হবে না। তার বদলে ওই দিনের সমস্ত পরীক্ষা ২১ মে হবে। বাকি পরীক্ষার সূচি অবশ্য অপরিবর্তিতই থাকছে।

ঠেকে হানা

জুয়ার ঠেকে হানা দিয়ে টাকা সমেত দু’জনকে ধরল পুলিশ। মঙ্গলবার রাতে বারিকুল থানার ধানঘোরি মোড়ে জুয়ার আসর বসেছিল। সেখানে হানা দিয়ে ৬ হাজার টাকা-সহ শ্যামসুন্দরপুরের বাসিন্দা দু’জনকে ধরা হয়েছে বলে পুলিশের দাবি। বুধবার ধৃতদের খাতড়া আদালতে হাজির করানো হয়।

দেওয়াল দখল। ময়ূরেশ্বরের বাসুদেবপুরে বুধবার তোলা নিজস্ব চিত্র।

বিপদের হাতছানি

যে কোনও সময়ে আসতে পারে ট্রেন। বাঁকুড়ায়। ছবি: অভিজিৎ সিংহ।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy