Advertisement
E-Paper

WB TET: এসএসসি-আশ্বাসের মধ্যেই টেট-বিক্ষোভ, পরের সপ্তাহে দেখা করবেন, জানালেন অভিষেক

অভিষেকের আশ্বাসের পরেও যেতে চাইছেন না টেট-উত্তীর্ণরা। তাঁরা আজই দেখা করতে চান। বিক্ষোভ সামলাচ্ছে পুলিশ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জুলাই ২০২২ ১৯:২৪

এসএসসি চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করার পর এ বার টেট উর্ত্তীর্ণদের সঙ্গেও সাক্ষাতের আশ্বাস দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারের সাংসদের অফিস সূত্রে জানানো হয়েছে, আগামী এক সপ্তাহের মধ্যে অভিষেক তাঁদের সঙ্গে দেখা করতে পারেন। যদিও এক সপ্তাহ সময় দিতে চান না আন্দোলনকারীরা। তাঁরা চান অভিষেকের সঙ্গে শুক্রবার রাতেই দেখা করতে। আন্দোলনকারীদের দাবি, পুলিশ তাঁদের জানিয়েছে স্মারকলিপি জমা দিয়ে ক্যামাক স্ট্রিট ছেড়ে চলে যেতে। তবে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত আন্দোলকারীরা নিজেদের জায়গা ছেড়ে নড়েননি।

শুক্রবার বিকেলে এসএসসি চাকরিপ্রার্থীদের সমস্যার কথা শুনে তা দ্রুত সমাধানের আশ্বাস দেন অভিষেক। বৈঠক শেষে আন্দোলনকারীদের দাবি, অভিষেক তাঁদের জানিয়েছেন, ২০১৬ সালের মেধা তালিকাভুক্ত প্রত্যেকের চাকরি হবে। অন্য দিকে, প্রাইমারি টেট উত্তীর্ণরাও দ্রুত নিয়োগের দাবিতে অভিষেকের ক্যামাক স্ট্রিটের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, ২০১৪ সালে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী তাঁদের নিয়োগ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু মাঝে আট বছর কেটে গেলেও প্রতিশ্রুতি রক্ষিত হয়নি বলে দাবি টেট-উত্তীর্ণদের। বিক্ষোভকারীদের একাংশ দোতলায় অভিষেকের সঙ্গে দেখা করতে চাইলে পুলিশ তাদের আটকায়। অভিষেক সামনের সপ্তাহে টেট-উত্তীর্ণদের সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছে তাঁর অফিস।

স্বচ্ছ নিয়োগের দাবিতে এসএসসি উত্তীর্ণ প্রার্থীরা কলকাতার মেয়ো রোডে গাঁধীমূর্তির পাদদেশে ৫০০ দিনেরও বেশি অবস্থান-বিক্ষোভ চালাচ্ছেন। রাজ্যে শিক্ষক নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ সামনে আসার পর এবং রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর নাম এর সঙ্গে জড়িয়ে যাওয়ার পর, নড়েচড়ে বসে রাজ্যের শাসকদল তৃণমূল। বৃহস্পতিবার তাঁদের সঙ্গে দেখা করার কথা বলেছিলেন অভিষেক। এ বার টেট-উত্তীর্ণরাও অভিষেকের হস্তক্ষেপের দাবিতে বিক্ষোভ দেখালেন।

আরও পড়ুন:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy