Advertisement
E-Paper

মনের চাপ কমাতে শরীরচর্চায় ভরসা রাখেন অদা শর্মা, কোন ব্যায়ামে তাঁর আত্মবিশ্বাস বাড়ে

মানসিক চাপ এক সময়ে বিধ্বস্ত করেছিল। আত্মবিশ্বাসও হারিয়ে ফেলছিলেন বলিউড অভিনেত্রী অদা শর্মা। সে সময়ে শরীরচর্চাতেই কাজ হয়েছিল। কাউন্সেলিংয়ের তুলনায় মনের চাপ কমাতে কিছু বিশেষ পদ্ধতির ব্যায়ামে ভরসা রাখেন অদা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ মে ২০২৬ ১৫:২৩
Adah Sharmas Stress-Busting Fitness Secrets

মানসিক চাপ কমাতে কোন বিশেষ পদ্ধতির ব্যায়াম করেন অদা শর্মা? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

‘দ্য কেরল স্টোরি’-র পর নানা সময়ে বিতর্ক তাড়া করেছিল তাঁকে। এক সময়ে মানসিক চাপে বিধ্বস্তও হয়ে পড়েন। অদা শর্মা নানা সাক্ষাৎকারে জনিয়েছিলেন, দীর্ঘ সময়ে তাঁর হাতে কাজ ছিল না। মনের চাপ বাড়ছিল। আত্মবিশ্বাসও হারিয়ে ফেলছিলেন। সে সময়ে কাউন্সেলিং করানোর বদলে তিনি শরীরচর্চাতেই মন দেন। কিছু বিশেষ পদ্ধতির ব্যায়াম তাঁকে মানসিক চাপ ও দুশ্চিন্তা কাটিয়ে উঠতে সাহায্য করে। হারানো আত্মবিশ্বাসও ফিরে পান তিনি।

উদ্বেগ কমাতে কোন কোন ব্যায়াম করেন অদা?

কালারিপায়াতু

প্রায় তিন হাজার বছরের পুরনো কালারিপায়াতুর জন্ম মূলত দক্ষিণ ভারতের কেরলমে। মার্শাল আর্টেরই এক ধরন। তামিলনাড়ু, কর্নাটক, উত্তর-পূর্ব শ্রীলঙ্কা এবং মালয়েশিয়াতেও এই বিশেষ পদ্ধতির শারীরিক কসরতের অনুশীলন হয়। ‘কালারি’ কথার অর্থ ‘এলাকা’। ‘পায়াতু’ শব্দের অর্থ ‘যুদ্ধ’। বহু যুগ আগে গুহা তৈরি করে তার ভিতরে ছোট্ট জায়গায় মশাল জ্বালিয়ে গোপনে কালারিপায়াতু অনুশীলন করা হত। পরে প্রায় ৪২ ফুট লম্বা ও ২১ ফুট চওড়া গর্ত খুঁড়ে তৈরি হত কালারিপায়াতুর রিং। তরোয়াল, ছুরি, বর্শা, ত্রিশূল, চাবুক ইত্যাদি ধারালো অস্ত্র নিয়ে কসরতের অনুশীলন করা হয় এতে। অদা লাঠি নিয়ে কালারিয়াপাতু অভ্যাস করেন। এতে নানারকম পশুর ভঙ্গিও করা হয়, যেমন হাতি, সিংহ, ঘোড়া ইত্যাদি। আত্মরক্ষার জন্য, প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য আবার শারীরিক ভারসাম্য ধরে রাখতে লাফিয়ে ঝাঁপিয়ে নানা ভাবে এর অভ্যাস করা হয়।

এরিয়াল যোগ

মাটি থেকে কয়েক ফুট উঁচুতে ঝুলে থেকে যোগব্যায়াম করা অদার প্রিয় শরীরচর্চার মধ্যে একটি। হ্যামক বা ঝোলা কাপড়ের সাহায্যে বাতাসে ঝুলে থেকে বিভিন্ন আসন করা হয়। আবার ডেড হ্যাংও অভ্যাস করা হয়। লোহার রড বা স্টিলের বার দু’হাতে শক্ত করে ধরে ঝুলে থাকতে হবে। এ ধরনের ব্যায়ামে আলাদা করে ওজন তোলার প্রয়োজন হয় না, বিশেষ কোনও যন্ত্রপাতিও লাগে না। শরীরের নিজস্ব ওজনকেই ব্যবহার করা হয়।

স্কাল্পটিং লোয়ার অ্যাব্‌স

ম্যাটে সোজা হয়ে বসে শরীর পিছন দিকে হেলাতে হবে। দুই হাত কোমরের দুই পাশে রেখে স্বাভাবিক ভাবে শ্বাসপ্রশ্বাস নিতে হবে। এর পর হাতে চাপ দিয়ে কোমর থেকে দুই পা উপরের দিকে তুলতে হবে। হাঁটু ভাঙলে হবে না। পা টানটান থাকবে। সেই সময়ে শরীরের উপরিভাগ দুই পায়ের সঙ্গে ৪৫ ডিগ্রি কোন করে থাকবে। এই ভাবে দুই পা ওঠাতে ও নামাতে হবে। এই ব্যায়ামে শরীরের ভারসাম্য বাড়ে।

Adah Sharma Fitness Tips exercise tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy